জেগে উঠলেই জয় হয় মানুষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বাংলা একাডেমী প্রাঙ্গণে হয় মাসব্যাপী একুশের বইমেলা। তার পোশাকি নাম ‘অমর একুশে গ্রন্থমেলা’। প্রায় একই সময় পশ্চিমবঙ্গের কলকাতায় হয় ‘কলকাতা আন্তর্জাতিক পুস্তকমেলা’। একটির নাম ‘গ্রন্থমেলা’, আরেকটির নাম ‘পুস্তকমেলা’। কিন্তু মানুষ দুটোকেই বলে ‘বইমেলা’। তবে দুই দেশের গ্রন্থমেলার ও পুস্তকমেলার নামের পার্থক্য শুধু নয়, চরিত্রেও রয়েছে পার্থক্য। আমাদেরটির নামের আগে ‘অমর একুশে’ শব্দটি থাকায় তা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে এটির জাতীয়তাবাদী চরিত্রের কথা। কলকাতার বইমেলার সঙ্গে ‘আন্তর্জাতিক’ শব্দটি যুক্ত থাকায় পরিষ্কার বোঝা যায়, এটি শুধু ভারতের জাতীয় মেলা নয়। প্রকৃতপক্ষেই তার চরিত্র আন্তর্জাতিক। বিশাল সে আয়োজন। পৃথিবীর বহু দেশ এবং বহু বড় বড় প্রকাশনা প্রতিষ্ঠান তাতে অংশ নেয়। বিস্তীর্ণ এলাকাজুড়ে হয় সেই বইমেলা।এবার ছিল ৩৭তম আন্তর্জাতিক কলকাতা পুস্তকমেলা। প্রতিবছর কোনো একটি দেশকে করা হয় ‘থিম কান্ট্রি’। এবারের থিম কান্ট্রি করা হয়েছিল বাংলাদেশকে। সেই উপলক্ষে আমাদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় দুটি স্মারক বক্তৃতা, তিনটি সেমিনার ও দুটি টক শোর আয়োজন করে। সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাসের ওপর একটি সেমিনারে মূল বক্তা করা হয়েছিল আমাকে। যাতায়াত ও দুই দিনের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছিল বাংলাদেশ সরকার। গত চার দশকে আমি পৃথিবীর বিভিন্ন দেশ সফর করেছি। সেগুলোর ব্যয়ভার বহন করেছে হয় সেই সব দেশ অথবা কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান। কিছু কিছু করেছি আমি আমার নিজের উপার্জিত টাকায়। বাংলাদেশ সরকারের অর্থের অপচয় কোনো দিন করিনি। এবার বাংলাদেশ সরকারের অর্থে দুটি দিন কলকাতায় থাকার সৌভাগ্য হয়। কিন্তু বইমেলার কারণে এবং আমার কিছু গবেষণার কাজে আরও এক সপ্তাহ কলকাতায় থেকে যাই আমার নিজের টাকায়। অবশ্য এর আগেও বহুবার কলকাতা বইমেলায় গিয়েছি। মঙ্গলবার রাতে একজন বৌদ্ধ ভিক্ষু, যাঁর বাড়ি চট্টগ্রামে, আমাকে জানালেন, জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর কাছে খবরটা শুনেও এবং বিশ্বাস করেও আমার বিশ্বাস যেন হচ্ছিল না। পলাতক আযাদের মৃত্যুদণ্ড, আর মোল্লার যাবজ্জীবন। বিশ্বাস করা কঠিন বৈকি! রাতে রুমে বসে বসে কাদের মোল্লার কথা নয়, কবি মেহেরুন্নেসার কথা আমার মনে পড়ল। তিনি আমাদের সমসাময়িক শুধু নন, তাঁর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। বাংলা একাডেমী, নীলক্ষেত বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদ মিনার, নিউমার্কেটে বইদোকান এলাকায় আমরা একসঙ্গে ঘুরেছি। নিউমার্কেটের বই এলাকা চত্বরে বসে সন্ধ্যায় কোনো দিন গল্পগুজব করেছি। তিনি ষাটের দশকের একজন ভালো কবি ছিলেন। সাহিত্য-সংস্কৃতি জগতের তিনি যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন, তা সত্তর সালে আমরা যতটা না উপলব্ধি করেছি, একাত্তরে কাদের মোল্লারা বুঝতে পেরেছিলেন তার চেয়ে ঢের বেশি। আমি টেলিভিশন দেখি না, প্রতিদিন ১০-১২টা দৈনিক পত্রিকা কিনতাম। কলকাতার কাগজে বাংলাদেশের সংবাদ গুরুত্ব পায় কম। তবু মোল্লার সাজার খবর ৬ ফেব্রুয়ারির অধিকাংশ কাগজেই প্রকাশ পায়। সেটাও বড় কথা নয়। জানতে পারি, আদালতের রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবির তাণ্ডব শুরু করেছে। চট্টগ্রামে ছাত্রসহ মারা গেছে চারজন। পুলিশের ওপরেও হামলা হয়েছে। জামায়াত-শিবিরের এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে বিচলিত বোধ করি। দক্ষিণপন্থী দৈনিক বর্তমান পিটিআইয়ের বরাত দিয়ে লেখে: ‘আযাদের সাজার মাত্র তিন সপ্তাহের মধ্যে মোল্লাকে যাবজ্জীবন জেলে পাঠিয়ে ট্রাইব্যুনাল বিচারপ্রক্রিয়ায় যে দ্রুত পদক্ষেপের পরিচয় দিল, তাতে বাংলাদেশের বিরোধী রাজনীতির সঙ্গে যুক্ত মৌলবাদীরা প্রধানমন্ত্রী হাসিনার “প্রত্যক্ষ হাত” দেখছেন। এই পরিস্থিতিতে হাসিনা সরকারও আক্রমণাত্মক অবস্থান নিচ্ছে। সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল মেহবুবে আলম [মাহবুবে আলম] বলেন, “আজকের রায় আমাদের হতাশ করেছে। কারণ আমরা আশা করেছিলাম, মোল্লা যে অপরাধ করেছেন, তাতে তাঁরও ফাঁসির সাজা হওয়া উচিত ছিল।” অর্থাৎ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ায় যে সরকারের কোনো হাত নেই, তা-ই বোঝাতে চেয়েছেন আলম।’ [বর্তমান, ৬ ফেব্রুয়ারি] পরবাসে পত্রিকায় প্রকাশিত খবর থেকে যেটুকু জানতে পারছিলাম, তার চেয়ে বেশি উপলব্ধি করতে পারছিলাম একাত্তরে স্বজনহারানো মানুষের আবেগ-অনুভূতি। এই রায় তাঁদের জন্য কোনো সান্ত্বনা নয়, তাঁদের অন্তরে হেনেছে আরেকবার আঘাত। সেই আঘাতের বহিঃপ্রকাশটা কী হবে বা কীভাবে হচ্ছে, তা জানতে পারছিলাম না। বাংলাদেশের মানুষের পিত্তি জ্বালানোর মতো কাণ্ড করতে মৌলবাদীদের কোনো সংকোচ নেই। জানলাম রায় ঘোষণার পর মোল্লা ‘ভি’ চিহ্ন দেখিয়েছেন দুই আঙুল ফাঁক করে আধুনিক মানুষের মতো। ওই ‘ভি’ চিহ্ন দেখার পরে বাংলাদেশের যুবসমাজের মাথা ঠিক থাকার কথা নয়। বিশাল এলাকাজুড়ে বইমেলা। গাড়ি অনেক দূরে রেখে বইপ্রেমীরা অনেকটা পথ হেঁটে ঢোকেন। থিম কান্ট্রি বাংলাদেশ। আমরা অতিথি। আমাদের উপহাইকমিশনারের গাড়ি মেলার ভেতরে বাংলাদেশ প্যাভিলিয়নের কাছে পর্যন্ত যেতে দেয়। কলকাতার তাপমাত্রা ঢাকার চেয়ে বেশি। ২৫-২৬ ডিগ্রি সেলসিয়াস। দুপুরবেলা বেশ গরম। তিনটার সময় হাইকমিশনের গাড়িতে মেলায় যাই। আমাদের প্যাভিলিয়নের সামনে গিয়ে গাড়ি থেকে নেমেছি। পাঁচ-ছয়টি ছেলেমেয়ে এসে বলল: ‘আমরা বাংলাদেশি, এখানে পড়াশোনা করি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। আমরা শাহবাগ আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মেলার মাঠের মধ্যে প্রতিবাদ সমাবেশ করব, আপনি আমাদের সঙ্গে থাকবেন।’ ফুটন্ত কুঁড়ির মতো ছেলেমেয়েগুলোর মুখ। ওদের চোখে স্বপ্ন। একটি সুন্দর দেশ দেখতে চায় ওরা। কেউ পড়ে নাট্য বিষয়ে, কেউ সাহিত্যে, কেউ সংগীতে। আইসিআরসির বৃত্তি নিয়ে বিজ্ঞান, কলা ও বাণিজ্য অনুষদের বিভিন্ন বিষয়ে ওরা পড়াশোনা করছে। মানবতাবিরোধী অপরাধের আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ তো করবে, কিন্তু ‘শাহবাগ আন্দোলন’ কথাটা বুঝলাম না। ওদের প্রশ্ন করি। একজন বলল, ঢাকার শাহবাগ চত্বরে যে আন্দোলন হচ্ছে জানেন না? বললাম, না তো। ওরা বলল, সেখানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে উত্তাল আন্দোলন হচ্ছে। বাংলাদেশ প্যাভিলিয়নের ভেতর লেখক-প্রকাশক কর্নারে গিয়ে বসলাম। ছেলেমেয়েরা আমার সঙ্গে সঙ্গেই ছিল। একটু পরে এলেন উপহাইকমিশনার আবিদা ইসলাম। মেলা উপলক্ষে খাটতে খাটতে তাঁর অসুস্থ হয়ে পড়ার জো! আর একটু পরই এলেন সংসদ সদস্য বেবী মওদুদ, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কবি আসাদ চৌধুরী, কবি মুহম্মদ সামাদ এবং বাংলাদেশ ও ভারতের আরও কেউ কেউ। অস্থায়ী স্টেট ব্যাংক মিলনায়তনে সেমিনার শেষ হয় সন্ধ্যায়। জনাব শামসুজ্জামান খান ও আমাকে ছেলেমেয়েরা নিয়ে যায় শাহবাগ আন্দোলনের সংহতি সমাবেশে। সেখানে গিয়ে দেখি ভালোই সমাবেশ। আমাদের ছেলেমেয়েরা যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিল। তারা অতি দ্রুত ব্যানার তৈরি করেছে। হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড। শুধু বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা নয়, ভারতীয় শ্রোতা-দর্শকও ছিলেন অনেকে। চত্বরে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ সভা শুরু হয়। কিছু বলার জন্য ওরা আমার নাম ঘোষণা করলে জনাব শামসুজ্জামান খান স্বপ্রণোদিত হয়ে ভারতীয় শ্রোতাদের উদ্দেশে আমার সম্পর্কে কিছু বললেন। তাঁর আন্তরিকতায় আমি অভিভূত হলাম। দেশে অথবা দেশের বাইরে যেখানেই গণতন্ত্রকামী বাংলাদেশি রয়েছে, তাদের ব্যক্ত অথবা অব্যক্ত কামনা একটাই—যারা একাত্তরে পাকিস্তানি বাহিনীর বর্বরতায় সহযোগী হিসেবে কাজ করেছে; হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন প্রভৃতি মানবতাবিরোধী অপরাধে অপরাধী, তাদের সর্বোচ্চ শাস্তি পেতে হবে। একাত্তরের ঘাতক-দালালদের বিচার কোনো দলীয় রাজনীতির বিষয় নয়—জাতীয় ইস্যু। এ ব্যাপারে কোনো আপসরফা নয়, রাজনীতি নয়, গোঁজামিল তো নয়ই। এ প্রশ্নে যারা আপস ও গোঁজামিলের আশ্রয় নেবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না। দেশের বাইরে থাকায় শাহবাগ সমাবেশ নিজের চোখে দেখার সুযোগ থেকে বঞ্চিত হলাম। প্রথম দিন থেকেই আমার স্ত্রী-পুত্র-কন্যারা সেখানে গেছে। ওদের কাছ থেকে যেটুকু শুনেছি তাতে আমার মনে হয়েছে, এই সমাবেশ এক অভূতপূর্ব জাগরণের দৃষ্টান্ত। এই জাগরণের ভেতর দিয়ে যুবসমাজ যে বার্তাটি বাংলাদেশের শাসকশ্রেণীর কাছে পৌঁছে দিয়েছে, তা পাঠ করার ক্ষমতা তাদের আছে কি না, তা কিছুকাল পরে জানা যাবে। উপমহাদেশের দেশগুলোয় যেখানে গণতান্ত্রিক মূল্যবোধের চেয়ে ভোটের রাজনীতিই প্রাধান্য পায়, সেখানে কোন উপলক্ষকে কে কোনভাবে ব্যবহার করে, তা বোঝা কঠিন নয়। মানুষের একবার উঠে দাঁড়ানোর অভ্যাস হয়ে গেলে তাকে বসিয়ে দেওয়ার ক্ষমতা নেই কোনো রাষ্ট্রশক্তির। শাহবাগের সমাবেশকে অভিনন্দিত করি একটি কারণে। তা হলো, এটি দেখিয়ে দিল যেকোনো পুঞ্জীভূত পাপের বিরুদ্ধে, জঘন্য পাপীদের বিরুদ্ধে অথবা অন্যায়-অবিচার- অত্যাচারের বিরুদ্ধে কিংবা দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষের ফুঁসে ওঠার ক্ষমতা অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি। তবে প্রতিবাদকে সৃষ্টিশীলতার দিকে নিয়ে যেতে দক্ষ ও যোগ্য নেতৃত্ব দরকার। যে রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি সীমাহীন রক্তের বিনিময়ে, সেই রাষ্ট্রযন্ত্রটিতে মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। শাসকশ্রেণী ৪০ বছর যাবৎ পরিচয় দিয়ে যাচ্ছে ক্ষমাহীন ব্যর্থতার। বর্তমান আইন প্রণয়নব্যবস্থা, শাসন বিভাগ ও বিচারব্যবস্থা মানুষের কাছে আর গ্রহণযোগ্য নয়। শাহবাগে সমাবেশে যোগদানকারীদের চোখমুখ থেকে যে বিষয়টি বিচ্ছুরিত হচ্ছে তা হলো, বাংলাদেশের মানুষ আজ চায় না এই রাষ্ট্রব্যবস্থা। তারা চায় বর্তমান রাজনৈতিক ধারার পুনর্গঠন। তারা ভেঙে দিতে চায় এই নষ্ট ব্যবস্থা। কিন্তু উপায়টি খুঁজে পাচ্ছে না। তবে আমরা বলতে পারি, ইচ্ছা থাকলে উপায় হয়েই যায়। পূর্ণ হোক সাধারণ মানুষের ইচ্ছা। জয় হোক নিপীড়িত মানুষের।সৈয়দ আবুল মকসুুদ: গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক।