জেগে উঠুক বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মেয়ে ধর্ষণ ও মা-মেয়ে নিগ্রহের ঘটনাটির নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। কলেজে ভর্তির কথা বলে শ্রমিক লীগ নেতা নামধারী তুফান সরকার একটি মেয়েকে ধর্ষণ করেই ক্ষান্ত হননি, নিজের অপরাধ ঢাকার জন্য মিথ্যা অপবাদ দিয়ে আক্রান্ত মেয়ে ও তার মায়ের ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছেন। কতটা বর্বর ও নীচ হলে এই কাজ করা সম্ভব! মা-মেয়ের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ত্বরিত ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে, এ জন্য তারা ধন্যবাদ পেতে পারে। কিন্তু সেই সঙ্গে এই প্রশ্নটিও করতে হবে যে খুন, মাদকসহ ছয়টি মামলা থাকার পরও এত দিন কেন তারা তুফান সরকারকে আইনের আওতায় আনেনি? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে এই দুর্বৃত্তকে পাকড়াও করলে হয়তো মা-মেয়ের মতো আরও অনেক অসহায় মানুষ নির্যাতন ও হয়রানি থেকে রেহাই পেতেন। অপরাধী ক্ষমতাসীন দলের কেউ হলে তাঁর ক্ষেত্রে আইন প্রয়োগে শৈথিল্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ঘটনার পর শ্রমিক লীগ থেকে তুফানকে বহিষ্কার কিংবা আওয়ামী লীগের তদন্ত করার ঘোষণা কোনো সুফল দেবে কি না, তার জবাব ভবিষ্যৎই দেবে। আমরা তুফান ও তাঁর সহযোগীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি চাই। সেই সঙ্গে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন তুফানদের তৈরি করে, সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। এটি অতীব উদ্বেগের বিষয়, যে দল যখন ক্ষমতায় থাকে, তাদের আশীর্বাদ নিয়ে এবং নাম ভাঙিয়েই তারা সব ধরনের অপকর্ম চালায়। আর দল ক্ষমতায় না থাকলে পালিয়ে বেড়ায়। ফলে এই দুর্বৃত্তায়নের দায় দলও এড়াতে পারে না।

বগুড়ায় মা-মেয়ে নিগ্রহের বিরুদ্ধে জনগণের মধ্যে যে প্রতিবাদ গড়ে উঠেছে, তাকে আমরা স্বাগত জানাই। প্রতিবাদের এই ভাষাকে আরও শাণিত ও জোরালো করতে হবে। জেগে উঠুক বাংলাদেশ। তুফানদের দুর্বৃত্তায়ন রুখতেই হবে।