অনলাইনে প্রথম আলো (prothom-alo.com) নিয়মিত পড়া হয় ১৯০টি দেশ থেকে। পড়ার পাশাপাশি পাঠকেরা প্রতিদিন রাজনীতি, অর্থনীতি, সমাজ, খেলাসহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত দেন। তাঁদের এই মতামত চিন্তার খোরাক জোগায় অন্যদের। গত কয়েক দিনে বিভিন্ন বিষয়ে পাঠকদের কিছু মন্তব্য ঈষৎ সংক্ষেপিত আকারে ছাপা হলো—শিক্ষার তরে আদম আলীর ছুটে চলাপটুয়াখালীতে আদম আলী নামে পরিচিত নূরুল ইসলাম হাওলাদার (৮৬) তাঁর এলাকায় শিক্ষাবিস্তারে ১২টি শিক্ষালয় প্রতিষ্ঠায় প্রত্যক্ষভাবে কাজ করেছেন। সৎ, পরিশ্রমী ও কর্মঠ এ মানুষটিকে নিয়ে শংকর দাসের বিশেষ প্রতিবেদন পড়ে সাইফ লিখেছেন: স্যালুট আপনাকে। বুকের ভেতরে এক অপরিসীম শান্তির ধারা বয়ে যাচ্ছে আপনার জন্য। জাতি হিসেবে আমরা যে এখনো একদম পচে যাইনি, আপনার মতো ব্যক্তিরাই তার প্রমাণ বহন করছেন।রাত্রি: হাজার হাজার সালাম। আমাদের রাজনীতিকেরা যদি এমন হতেন, তাহলে দেশটাই বদলে যেত। মানুষের জন্য, এ দেশের শিক্ষার জন্য আল্লাহ্ যেন আপনাকে আরও ১০০ বছর বাঁচিয়ে রাখেন। মানুষ শিক্ষিত না হলে দেশের রাজনীতি দূরের কথা, অন্য কোনো কিছু বদলাবে না।অস্থায়ী রাষ্ট্রপতির অবাক সিদ্ধান্তঅস্থায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ প্রচলিত নিয়ম ভেঙে সর্বোচ্চ আদালতের বিচারক নিয়োগ করেছেন এবং এক চিকিৎসক নেতাকে পদোন্নতি প্রদান করেছেন। ‘রাষ্ট্রপতির নিরপেক্ষ ভাবমূর্তি কলুষিত করার’ মতো এ আচরণের সমালোচনা করে মিজানুর রহমান খান উপসম্পাদকীয়তে একটি কলাম লিখেছেন। এ নিবন্ধ পাঠের পর পাঠকের প্রতিক্রিয়ায় হাসনাত আল ইমরান মন্তব্য করেছেন: আমাদের তথাকথিত গণতান্ত্রিক সরকার ও বিরোধী দল দেশটাকে নিয়ে যা শুরু করেছে, তা স্বৈরতন্ত্রকেও হার মানায়। এলাকার পাতি নেতা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যে যেভাবে পারছেন লুটপাট চালিয়ে যাচ্ছেন। আজ আওয়ামী লীগ ভক্ষকের ভূমিকায়, কাল বিএনপি এসে লুটপাট শুরু করবে। আমরা সাধারণ মানুষ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধ করতে করতে একদিন হারিয়ে যাব। কিন্তু তাতেও আমাদের নেতা-নেত্রী, মন্ত্রী-সাংসদ-রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী কারও কিছু যাবে-আসবে না। সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ!আব্দুল্লাহ সিদ্দিকী: প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান মারা যাওয়ার পর দেশ অভিভাবক শূন্যতায় ছিল। যদিও অবলীলায় বলা যায়, তিনি উপযুক্ত অভিভাবকের কাজ করে যেতে পারেননি। ভেবেছিলাম নতুন রাষ্ট্রপতি সঠিক অভিভাবকের মতো কাজ করবেন। এখন মনে হচ্ছে, সে আশার গুড়েও বালি।আজ সকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে গণপরিবহনহেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ ও এর পাল্টা কর্মসূচি হিসেবে ঘাতক দালাল নির্মূল কমিটিসহ ২৩টিরও বেশি সংগঠনের ডাকা হরতালের কারণে শুক্রবার সকাল থেকে সারা দেশে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায়। এ রকম একটি পরিস্থিতিতে পাঠকেরা তাঁদের অনুভূতি জানিয়েছেন স্বল্পভাষায়, তবে তীব্রভাবে। মো. আকতারুজ্জামান লিখেছেন: আসলে আমরা এমন একটি দেশে বাস করি, যেখানে সরকার অথবা বিরোধী দল তাদের প্রয়োজনে হরতাল দেয়। তাদের কথায় মনে হয়, নিজেরা হরতাল দিলে দেশের কোনো ক্ষতি হয় না, অন্যেরা দিলে অপরিসীম ক্ষতি।মো. রিয়াজ আহমেদ: ঢাকার মানুষ এমনিতেই অশান্তিতে আছে। দয়া করে বাংলাদেশকে ক্ষমা করেন।শেখ বশির উদ্দিন: সরকার একদিকে বলছে, লংমার্চে তারা কোনো ধরনের বাধা দেবে না। কিন্তু সরকারই আবার লংমার্চ বিফল করতে গণপরিবহন বন্ধ করে দিচ্ছে। আসলে সরকারের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই।ঝরনা বেগম আমাদের মান বাঁচালেনজামায়াত-শিবিরের কর্মীদের হাতে গুরুতর আহত এক পুলিশ সদস্যকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাজশাহীর ঝরনা বেগম দেশ ও জাতির মর্যাদা রেখেছেন। ঝরনার মানবিক উদ্যোগকে কেন্দ্র করে লেখা ফারুক ওয়াসিফের নিবন্ধের প্রতিক্রিয়ায় মোহাম্মদ লিখেছেন: ঝরনা মানবতার কাজ করেছেন। আমরা সবাই মানুষ, কিন্তু আমাদের সবার ভেতর মানবতাবোধের বিকাশ নেই। এ মহৎ গুণ মানুষের শিক্ষা-দীক্ষা, ধনসম্পদ, সামাজিক অবস্থান ও পদমর্যাদার ওপর নির্ভর করে না। আত্মপ্রেমে মত্ত না থাকলে পরপ্রেম জন্ম নেয়। আমরা কি সবাই মিলে মানবপ্রেমের ঝরনাধারা বইয়ে দিতে পারি না?আজিজুর রহমান: মানুষের ভালো করার নজির সমাজের উচ্চমহলে কম, নিচের মহলে বিস্তর। দুঃখটা এখানেই যে নিচুতলার মানুষগুলো যতটা নিষ্ঠাবান ও সাহসী, আমাদের কর্তাব্যক্তিরা ততটা নন। আমরা আমাদের উপযুক্ত কান্ডারি পাইনি।রাজিব চৌধুরী: আজ যাঁরা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করলেন, ঘটনাক্রমে কোনো কোনো সময় এঁরাই পুলিশের গুলিতে লুটিয়ে পড়ছেন। এসব নিষ্ঠুর দৃশ্য জনগণও দেখছে। অনেক সময় শুধু সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য পুলিশ সাধারণ মানুষকে গ্রেপ্তার করে নতুন নতুন মামলায় জড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ করে এবং মানুষকে ন্যায়বিচার পাওয়া থেকে বঞ্চিত করে।মুঠোফোনের কলের সব তথ্য গ্রাহকদের জানাতে হবেমুঠোফোন ব্যবহার ও ব্যয়-সংক্রান্ত সব তথ্য গ্রাহকদের জানানোর জন্য মোবাইল ফোন অপারেটরগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ সংবাদে অনুভূতি জানিয়ে তানভির নাজিম চৌধুরী লিখেছেন: বিটিআরসিকে ধন্যবাদ জানাই এমন সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য। কিন্তু মেয়াদের ব্যাপারে নির্দেশগুলো ভালো লাগল না। এতে গ্রাহকদের স্বার্থ দেখা হয়নি, অপারেটরদের স্বার্থকে বড় করে দেখা হয়েছে। যদি ১০-৫০ টাকার মেয়াদ ৩০ দিন এবং ৫১-১০০ টাকার মেয়াদ ৩৬৫ দিন হয়, তবে সবচেয়ে ভালো হতো।আবদুস সালাম: বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের প্রস্তাব সহজেই মেনে নিল। অথচ এ ব্যাপারে গ্রাহকদের মতামত নেওয়ার প্রয়োজনই বোধ করেনি। আমি মনে করি, সর্বনিম্ন রিচার্জের পরিমাণ হতে পারে ১০ টাকা এবং কোনো রিচার্জের মেয়াদ ৩০ দিনের নিচে হওয়া উচিত নয়। আশা করি, বিটিআরসি জনগণের প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের স্বার্থকেই প্রাধান্য দেবে।অনুপ পোদ্দার: বিটিআরসির সাহসী উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। বলা বাহুল্য, আমরা উন্নয়নশীল দেশের জনগণ প্রয়োজনমতো প্রযুক্তি ব্যবহার করতে পারি না বলেই করপোরেট কোম্পানিগুলো দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা পাচার হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ ধরা যাক, ওয়েলকাম টিউনের জন্য প্রতি মাসে চার্জ দিতে হয় ৩৭ টাকা। এ ক্ষেত্রে সরকার হয়তো ১৫ শতাংশ ভ্যাট আদায় করে। কিন্তু প্রশ্ন হলো, ভ্যাটটা কে দেয়? ফোন কোম্পানি, না দেশের জনগণ। কোম্পানিগুলো শুধু ইলেকট্রনিক ভ্যাট কালেক্টর মেশিন হিসেবে কাজ করে। ১৫ টাকা ভ্যাট দিলে কোম্পানিগুলো ১০০ টাকার সার্ভিস দিয়ে ১১৫ টাকা সংগ্রহ করে। অথচ ভ্যাট ঠিকভাবে সরকারের হাতে পৌঁছায় না। (পাঠকের মন্তব্য বিস্তারিত পড়তে ও আপনার মতামত জানাতে ভিজিট করুন prothom-alo.com)