জেব্রা ক্রসিং ও একটি মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাল-সবুজ বাতিগুলো সিগন্যালে জ্বলতে থাকলে কী বোঝায়, আমার বাবার কাছ থেকে ছোটবেলায় শেখা। মনে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ার সময় আমি বাবার সঙ্গে স্কুটারে চড়ে ঢাকার রাস্তার সিগন্যালে সিগন্যালে থেমে এসবের মানে বুঝেছিলাম। জেব্রা ক্রসিং যে পথচারীদের রাস্তা পারাপার হওয়ার জায়গা, এ তথ্যও জানা হয়েছে সেই ছোটবেলায়। স্মৃতির ধূসর পাতাগুলোর জমা হওয়া ধুলো মুহূর্তেই সরে গিয়ে জ্বলজ্বল করে ওঠে বাবার সঙ্গে কাটানো অসংখ্য ক্ষণ, নানা ঘটনা। একটা প্রাইভেট কার আমার বাবার (মো. বেলায়েত হোসেন) প্রাণ কেড়ে নিয়েছে এই ঢাকার রাস্তায়, ৮ আগস্ট। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পুরাতন বিআরটিএ অফিসের উল্টো দিকের জেব্রা ক্রসিং ধরে বাবা রাস্তা পার হচ্ছিলেন। আধেক রাস্তা পেরিয়েও গিয়েছিলেন প্রায়, আর তখনই ধুলো ওড়ানো বাহনটা দ্রুত গতির দানব হয়ে বাবার প্রাণটা নিয়ে গেল। বাবার আর যাওয়া হলো না ঠিক ওপারেই তাঁর অফিসে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিটিসিএলের কর্মক্ষেত্রে। বাবার পায়ে দ্রুত গতিতে আঘাত হেনেছে একটা অদক্ষ চালক আর উদাসীন গাড়ির মালিকের একটা প্রাইভেট কার। প্রচণ্ড বেগে বাবা ছিটকে পড়েন সড়ক বিভাজকে। এবং মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে তাঁর জ্ঞান যে তখন গেছে আর ফেরেনি। কয়েক ঘণ্টা পরে চিকিৎসক আমাকে স্কয়ার হসপিটালের আইসিইউতে ডেকে দেখিয়েছেন মনিটরে কয়েকটা স্ট্রেইটলাইন। বলেছেন, ‘হি ইজ গন!’। আমি আরও অনেক সড়ক দুর্ঘটনায় মৃত্যু শুনেছি, তারেক মাসুদ-মিশুক মুনীরের দুর্ঘটনায় মৃত্যুর খবর দেখেছি টেলিভিশনে। কিন্তু একটা সড়ক দুর্ঘটনার কারণে মৃত্যু এত কষ্ট, হাহাকার বয়ে আনে, আগে কখনো তা অনুভব করিনি। আসলে যার না হয়েছে, সে ছাড়া অনুভব করা দ্বিতীয় কারও পক্ষে বোধ করি সম্ভব নয়। আমার সুস্থ, নীরোগ বাবা অসুস্থ হয়ে বিছানায় নীরবে বিদায় না নিয়ে বিদায় নিয়েছেন মুহূর্তে। আমাদের ঘুণাক্ষরেও বুঝতে দেননি উনি চলে যাবেন না ফেরার দেশে, অন্য পৃথিবীতে। তবে মেনে নিতে পারি না এভাবে যাওয়ার পদ্ধতিটা, এত এত দুর্ঘটনায় কেন প্রাণ হারাবে এ দেশের বাবারা, ভাইয়েরা, বোনেরা ও অন্যরা? দক্ষ চালক আমাদের প্রচলিত সংকট ও দুর্যোগময়, মৃত্যুদূতরূপী পরিবহনব্যবস্থায় গুণগত ও সামগ্রিক পরিবর্তনের একটা পদক্ষেপ হতে পারেন, সতর্ক যাত্রীরূপী গাড়ির মালিক হতে পারেন এর সহায়ক। এমনিতেই লাইসেন্সবিহীন অনেক চালক অনায়াসে রাস্তা দাপিয়ে বেড়ান। উপরন্তু কিছু টাকা খরচ করে অযোগ্য ও অদক্ষ ব্যক্তিরা ড্রাইভিং লাইসেন্স বাগিয়ে একেকজন ঘাতক হয়ে ওঠেন রাস্তায় একেকটা দানব ছুটিয়ে। আর গাড়ির মালিকেরা এসব অদক্ষ চালককে কম পারিশ্রমিকে রেখে নিজেদের আর্থিক সাশ্রয়ে স্বস্তি অনুভব করেন, কিন্তু এসব অদক্ষ চালকের কারণে যখন রাস্তায় কেউ গুরুতর আহত বা নিহত হয়, তখন সেই ব্যক্তিকে নিয়ে না ভেবে চালকেরা পালানোর চেষ্টায় রত থাকেন। এসব চালক ও মালিককে অবধারিতভাবে কঠিন শাস্তি দেওয়া উচিত।এসব দুঃখজনক ঘটনায় চালক ও মালিকের উপযুক্ত বিচার হলে, কোনো অদক্ষ চালক গাড়ি নিয়ে রাস্তায় নামবেন না, কোনো মালিক খুঁজবেন না অর্থ সাশ্রয় করতে কোনো অদক্ষ ও আনাড়ি চালক। কারও প্রাণপ্রিয় বাবাকে, সন্তানকে অশ্রুসিক্ত করে, সহধর্মিণীকে বাক্রুদ্ধ করে এভাবে চলে যেতে হবে না অজানার দেশে। তাঁর সন্তানের চোখ থেকে ভেসে উঠবে না লাল-সবুজ সিগন্যাল আর জেব্রা ক্রসিং, উদ্দেশ্যবিহীন আর অনর্থক মনে হবে না এসবের উপস্থিতি ও ব্যবহার।আমরা কি পারি না এসব দুর্ঘটনার জন্য দোষী পরিবহনচালকের বিচার নিশ্চিত করতে? আমাদের দেশটাতে, আমাদের সমাজটাতে এ রকম ইতিবাচক পরিবর্তন কি আমরা আশা করতে পারি না? আমার বাবা না-হয় চলে গেছেন না ফেরার দেশে, আর পাঁচজনের বাবা যেন লাল-সবুজ সিগন্যাল, জেব্রা ক্রসিং—এগুলো চেনা ও বোঝার পরেও ঠিক একইভাবে অকালে মারা না যান, সেই চাওয়াটুকু কি আমরা চাইতে পারি না?মো. রিয়াজুল হোসেনজেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগঢাকা বিশ্ববিদ্যালয়।