জেরুজালেম শুধু ইসরায়েলের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে জনতার বিক্ষোভ। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেম ঘোষণার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হচ্ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে জনতার বিক্ষোভ। ছবি: রয়টার্স

ট্রাম্পের ঘোষণাটি প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে রামাল্লা, বেথলেহেম, হেবরনসহ বিভিন্ন শহরে সহিংস প্রতিবাদ হয়েছে। গাজা উপত্যকাসহ বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীদের সঙ্গে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীগুলোর সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ-প্রতিবাদ চলছে জর্ডান, তিউনিসিয়া, তুরস্কসহ মধ্যপ্রাচ্যজুড়ে। হিজবুল্লাহ হামাসের সঙ্গে কণ্ঠ মিলিয়ে নতুন ফিলিস্তিনি ইন্তিফাদার ডাক দিয়েছে। বিক্ষোভ-প্রতিবাদের পাশাপাশি উগ্রপন্থী ইসলামি গোষ্ঠীগুলোর তরফ থেকে ভয়াবহ সন্ত্রাসী হামলার আশঙ্কাও প্রকট হয়ে উঠেছে। মোদ্দা কথা, ট্রাম্পের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে অস্থিরতা ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান যেমন মন্তব্য করেছেন, ট্রাম্প মধ্যপ্রাচ্যকে একটা ‘অগ্নিকুণ্ডে’ নিক্ষেপ করলেন!

ট্রাম্পের ঘোষণাকে ‘একতরফা’ আখ্যায়িত করে নাকচ করে দিয়েছে ফ্রান্স। রাশিয়া বলেছে, ট্রাম্পের এই ঘোষণা ‘বিপজ্জনক ও নিয়ন্ত্রণের অতীত’ পরিণতি ডেকে আনতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী অভিন্ন ভাষায় বলেছেন, ট্রাম্পের ঘোষণা ‘আনহেল্পফুল’, অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই স্বীকৃতি জেরুজালেমকে রাজধানী করার ক্ষেত্রে ইসরায়েলের জন্য সহায়ক হবে না।

নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একতরফা ঘোষণার ফলে জেরুজালেম নগরীর বিশ্বস্বীকৃত মর্যাদার কোনো হেরফের হওয়ার সুযোগ নেই। তৃতীয় পক্ষের কোনো একটি বা একাধিক দেশের স্বীকৃতির দ্বারা জেরুজালেমকে এককভাবে ইসরায়েলের রাজধানী করা সম্ভব নয়। কারণ তা হবে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। ১৯৪৮ সাল থেকে আন্তর্জাতিকভাবে বলে আসা হচ্ছে যে জেরুজালেমকে কোনো পক্ষই তার একক রাজধানী করতে পারবে না; এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে। এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সব সরকারও এই অবস্থান বজায় রেখে এসেছে। জেরুজালেমের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাষ্ট্রগুলোর ঐক্যবদ্ধ অবস্থান হলো এটি ইসরায়েল ও ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র উভয়েরই রাজধানী হবে।

ফিলিস্তিনের জনগণ বা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে জেরুজালেমকে ইসরায়েলের একক রাজধানী করার যে স্বপ্ন তেল-আবিব দেখে আসছে, প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তিহীন ও হঠকারী ঘোষণার ফলে তা বাস্তবায়িত হওয়ার কোনোই সুযোগ নেই। মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে অশান্তি ও রক্তপাত এড়ানো এবং ইসরায়েল-ফিলিস্তিন শান্তি-প্রক্রিয়া রক্ষা করা ও এগিয়ে নেওয়ার স্বার্থে যুক্তরাষ্ট্র প্রশাসনের উচিত সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা।