জেলা পরিষদ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহের ব্যবধানে নারায়ণগঞ্জ নির্বাচনে যে স্বস্তি ও শান্তি এসেছিল, তা ম্লান করে দিয়েছে জেলা পরিষদ নির্বাচন। দেশের প্রথম জেলা পরিষদ নির্বাচনটি নারায়ণগঞ্জ নির্বাচনের চেয়েও ঢের বেশি উৎসাহ-উদ্দীপনা ও জনগণের কার্যকর অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে কোনো দলের অংশগ্রহণ না থাকায় তা হলো না। অর্থাৎ প্রকৃত অর্থে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই ছিল না। ফলে এটি নিয়মরক্ষার নির্বাচনে পরিণত হয়েছে। এর দায় নির্বাচন কমিশন কিংবা ক্ষমতাসীনেরা এড়াতে পারে না। একতরফা নির্বাচন গণতন্ত্রকে সংহত করে না।
অপ্রত্যক্ষ ভোটে নির্বাচনের এ ধারণা সংবিধান এবং তত্ত্বাবধায়ক সরকার-সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের পরিপন্থী। এ ছাড়া একতরফা ভোটে ২১ জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া কি প্রমাণ করে না যে আগামী সাধারণ নির্বাচন কোনো কারণে একতরফা হলেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আরও উদ্বেগের বিষয় হলো, একতরফা নির্বাচন তৃণমূলের আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলকে প্রকট ও হিংসাশ্রয়ী করে তুলেছে। আর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণে অপারগতা আইন প্রয়োগকারী সংস্থাকে অধিকতর অসহায় করে তুলেছে। এই নির্বাচনী অপসংস্কৃতির সঙ্গে যুক্ত অবৈধ অর্থের লেনদেনের বিষয়টি, যা খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও অস্বীকার করতে পারেননি।
শুধু নির্বাচন কমিশন শক্তিশালীকরণই নয়, নির্বাচনী অনুষ্ঠানযজ্ঞে বিরোধী দলের অংশগ্রহণও সুষ্ঠু নির্বাচনের জন্য অপরিহার্য। বিদ্রোহী প্রার্থীদের জয়ী হওয়ার বিষয়টি আওয়ামী লীগের উচিত হবে সুবিধাবাদী অবস্থান থেকে নয়, নৈতিকতা ও আত্মজিজ্ঞাসার জায়গা থেকে মূল্যায়ন করা। একতরফা ইউপি নির্বাচনের পর জেলা পরিষদেও আওয়ামী লীগের বিরুদ্ধেই আওয়ামী লীগকে সংঘাতে লিপ্ত হতে দেখা গেল। তাই সরকারি দলের কর্তব্য হবে গণতন্ত্র ও নিজেদের স্বার্থেই সব দলকে সামনের প্রতিটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করতে আন্তরিক হওয়া।
আমরা অপেক্ষায় থাকব জেলা পরিষদ নির্বাচনের বৈধতার প্রশ্নে হাইকোর্টের যে দুটি রিট নিষ্পত্তির অপেক্ষায় আছে, সে বিষয়ে শুনানি যথা প্রক্রিয়ায় সম্পন্ন হবে। নির্বাচন হয়ে গেছে বলে ওই রিট অকার্যকর হওয়ার যুক্তি গ্রহণযোগ্য নয়।