জেলা প্রশাসক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও তিন দিনের জেলা প্রশাসকদের সম্মেলন শেষ হলো নানা নির্দেশনা, পরামর্শ ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ও সমাপনী নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি, সন্ত্রাস, মাদকাসক্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা প্রশাসকদের কঠোর অবস্থান নিতে বলেছেন। এই সম্মেলনে মন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয়ে তাঁদের পরামর্শ ও নির্দেশনা দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসকদের কাজের ক্ষেত্রে প্রধান যে সমস্যা ও প্রতিবন্ধকতা রাজনৈতিক হস্তক্ষেপ, সেটি কমই আলোচিত হয়েছে। কয়েকজন জেলা প্রশাসক বিষয়টি তুললেও আলোচনার অসংখ্য দফার ভিড়ে তা হারিয়ে গেছে।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সব রকম ভয়ভীতি ও চাপ উপেক্ষা করে জনসেবক হিসেবে কাজ করতে বলেছেন। বাস্তবে যে সেটি অসম্ভব, তা-ই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইউএনও তারিক সালমনের ঘটনা। বরিশাল আওয়ামী লীগের এক নেতার দায়ের করা মানহানি মামলায় তাঁকে জেলহাজতে পর্যন্ত যেতে হয়েছিল। পরে প্রশাসনিক কর্মকর্তা সমিতির হস্তক্ষেপে তারিক সালমন হয়রানি থেকে রেহাই পান। এ ঘটনায় দুজন জেলা প্রশাসককে প্রত্যাহার করা হলেও বাদী তথা আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেয়নি, যদিও সংগঠন থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অপর এক অনুষ্ঠানে বলেছেন, ক্ষমতাবানেরা দুর্নীতি করেন এবং সাধারণ মানুষকে তার ফল ভোগ করতে হয়। এটাও অজানা নয় যে যখন যে দল ক্ষমতায় থাকে, সেই দলের স্থানীয় নেতারা প্রশাসনের ওপর খবরদারি করেন। কখনো কখনো সেই খবরদারি অসহনীয় হয়ে ওঠে।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের সততা ও সেবার মনোভাব নিয়ে কাজ করতে বলেছেন। সরকারের উন্নয়ন কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে এর বিকল্প নেই। তবে এ ক্ষেত্রে মাঠপর্যায়ের প্রশাসন ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে সহযোগিতার চেয়ে বাধাই বেশি পেয়ে থাকে। নির্বাচনকে সামনে রেখে এই হস্তক্ষেপ আরও বাড়বে। অতএব, মাঠপর্যায়ের কর্মকর্তারা যাতে বিধি মোতাবেক স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন, সরকারের পক্ষ থেকে সেই নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে প্রশাসনে ভালো কাজের পুরস্কার ও মন্দ কাজে তিরস্কারের বিধানটিও জারি রাখতে হবে।
ক্ষমতাসীন ব্যক্তিরা যদি মনে রাখেন জেলা প্রশাসকেরা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দলের আজ্ঞাবহ কর্মী নন, তাহলে মাঠপর্যায়ে প্রশাসনের কাজটি আরও সহজ হয়।