জেলা প্রশাসন কী করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ বছর আগে নারায়ণগঞ্জে তিনটি সরকারি হাসপাতাল নির্মাণকাজের অনুমোদন দেওয়া হলেও, জমি মেলেনি দুটি হাসপাতালের জন্য। আড়াইহাজার উপজেলার হাসপাতালটি নির্মিত হয়েছে এবং স্থানীয় জনগণ সেখান থেকে সেবা নিচ্ছে। কিন্তু অবহেলার শিকার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের হাসপাতাল নির্মাণের কাজ। ২০ শয্যা করে এই দুটি হাসপাতাল নির্মিত হওয়ার কথা। এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন মেলে ২০০৭ সালে। দুটি হাসপাতালের জন্য চিকিৎসক, কর্মকর্তাসহ ১২টি পদে পদায়নও করা হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন জমির বন্দোবস্ত করতে পারেনি বলে হাসপাতালগুলো আকার পেতে পারেনি। স্থানীয় জনগণকে দূরের হাসপাতালে দৌড়াতে হচ্ছে।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন বারবার জেলা প্রশাসনের কাছে জমি বরাদ্দের জন্য চিঠি দিয়েছেন। শেষবার চিঠি দেওয়া হয় গত ২৩ জুন। প্রথম আলো গত কয়েক বছরে অন্তত দুবার এ–সংক্রান্ত খবর প্রকাশ করলেও টনক নড়েনি কারও। তবে জেলা প্রশাসনের একটি দেওয়ার মতো ব্যাখ্যা রয়েছে। এ বিষয়ে শনিবারের প্রথম আলোর সংবাদ থেকে জানা যাচ্ছে, সরকারি খাসজমি না থাকায় জমি বরাদ্দ দেওয়া যাচ্ছে না। যদি সরকারি খাসজমি না-ই থাকে, সে ক্ষেত্রে জমি অধিগ্রহণ করাই বিকল্প পথ। কিন্তু সিভিল সার্জনের অভিযোগ, খাসজমির বদলে জমি অধিগ্রহণের বিকল্পের কথা জানায়নি জেলা প্রশাসন। তা জানালে তাঁরা সেই প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠাতে পারবেন। কিন্তু জেলা প্রশাসন গত ১৩ বছরে এই বিকল্পের কথা যে ভাবতে পারল না, এটা দুঃখজনক।

নারায়ণগঞ্জ করোনা উপদ্রুত এলাকাগুলোর মধ্যে শীর্ষে। ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের হাসপাতাল দুটি এই দুর্যোগে করোনা আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে পারত। তাহলে অন্য এলাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার ঝক্কি পোহাতে হতো না অনেককে। কোভিড-১৯ মহামারির সময়ও ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের মানুষ স্থানীয় স্বাস্থ্যকাঠামোর সুবিধা নিতে পারছে না। ফলে তাঁদের পাঁচ-ছয় কিলোমিটার দূরের হাসপাতালে দৌড়াতে হচ্ছে। কেবল জেলা প্রশাসন উদ্যোগী হলে করোনাকালের এই দুর্ভোগ ও অসহায়ত্বের অবসান ঘটানো সম্ভব। কিন্তু সেই অগ্রগতির চাকা পেছনমুখী হয়ে আছে আমলাতান্ত্রিক জটিলতায়। সময়ের এক ফোঁড় তাই অসময়ের দশ ফোঁড় হয়ে দেখা দিয়েছে।

আশা করি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন দ্রুতই তাদের দায়িত্ব পালন করবে এবং করোনাকালে দ্রুততার সঙ্গে প্রস্তাবিত দুটি হাসপাতাল নির্মাণের জন্য জমি বরাদ্দ কিংবা জমা অধিগ্রহণের ব্যবস্থা নেবে।