রাজার স্ত্রী রানি হবেন, এটা স্বতঃসিদ্ধ। তাই বলে জেলা প্রশাসকের স্ত্রী হওয়ার বদৌলতে তাঁরা কোনো সরকারি প্রতিষ্ঠানের সভাপতি হচ্ছেন কোন নিয়মে? দেশের প্রায় সব কটি জেলার মহিলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্বে জেলা প্রশাসকদের স্ত্রীরা বহাল আছেন। পাশাপাশি জেলা প্রশাসক হচ্ছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। ক্রীড়া ও প্রশাসন কোনোটার জন্যই এটি ভালো হওয়ার কথা না। ঔপনিবেশিক আমলের এই ঐতিহ্য টিকিয়ে রাখা জেলা পর্যায়ে ক্রীড়া-বিকাশের পক্ষে নয়; এবং এটি ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রসম্মতও নয়।
গঠনতন্ত্র অনুযায়ী জেলার মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হবেন স্থানীয় মহিলা ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি নিজের ক্রীড়া-কুশলতার অভিজ্ঞতা থেকে নারীদের ক্রীড়াচর্চা বিকাশে সহযোগিতা করবেন। কিন্তু বাস্তবে প্রায় সব মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসকের স্ত্রী। স্বয়ং জেলা প্রশাসকই এই মনোনয়ন দিচ্ছেন। সুতরাং একটি জেলার ক্রীড়াচর্চার প্রধান দুই অভিভাবকই হচ্ছেন জেলা প্রশাসক দম্পতি। দলীয়করণের মতো একে বলা যায় পারিবারিকীকরণ।
জিতলেন ডিসি দম্পতিরাই!যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ বিষয়ে আইন মানার পক্ষে সুপারিশ করলেও তা মানা হচ্ছে না। কারণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এখানে জেলা প্রশাসকদের দাবিই সমর্থন করে বসেছে। জেলা প্রশাসকের স্ত্রী মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি হলে প্রশাসনসহ অন্য সবার সহযোগিতা ভালো পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। এটা হয়তো সত্য। কিন্তু ক্রীড়ায় অনভিজ্ঞ কারও পক্ষে জেলার নারীদের ক্রীড়াচর্চার দায়িত্ব নেওয়া কীভাবে সম্ভব? তাঁদের কি এ বিষয়ে অভিজ্ঞতা ও জ্ঞান রয়েছে? যে বিষয়ে তাঁরা অভিজ্ঞ নন, সে বিষয়ের দায়ভার তাঁদের ওপর অর্পণ করা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁদের সবাই-ই কি এই পদের যোগ্য? যেখানে নারী জেলা প্রশাসক রয়েছেন, সেখানে তিনি একাই দুই পদে আসীন বলে জানা গেছে?
জেলা প্রশাসকদের আবদার আর মন্ত্রণালয়ের খামখেয়ালে ক্রীড়ামোদী এই দেশের ক্রীড়া সংস্থাগুলো চলতে পারে না।