বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা চাল আত্মসাৎ করার ঘটনাটি সত্যিই দুঃখজনক। এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত।
প্রথম আলোর শনিবারের খবর অনুযায়ী, ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে নিয়ামতি ইউনিয়নের ১৬০ জন জেলের জন্য ৩ টন ৪০০ কেজি চাল বরাদ্দ করা হয়। গত নভেম্বর মাসের বরাদ্দ দেওয়া চাল ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধা চলতি মাসের প্রথম সপ্তাহে গুদাম থেকে তুললেও তা জেলেদের কাছে পৌঁছায়নি। ইউনিয়ন পরিষদের গুদামেও চাল তোলা হয়নি। শুধু তা-ই নয়, চেয়ারম্যান জেলেদের তালিকাও জমা দেননি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে। জেলেদের অভিযোগ, ইউপি চেয়ারম্যান চাল তুলে তা বিক্রি করে দিয়েছেন।
এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক ঘটনা আর কী হতে পারে? একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবে কাম্য নয়। সাধারণ দরিদ্র জেলেরা তাহলে কোথায় যাবেন? ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে জেলেরা মোটামুটি বেকার থাকেন। বিকল্প কোনো কাজের সংস্থান করা হয় না তাঁদের জন্য। ফলে এ সময় কোনো আয়-রোজগার না থাকায় পরিবার-পরিজন নিয়ে তাঁরা কষ্টে দিনাতিপাত করেন। তখন সরকারের বরাদ্দ করা চাল তাঁদের কষ্ট কিছুটা হলেও লাঘব করে। কিন্তু সেই চালই যদি না জোটে, তাহলে তাঁদের কষ্ট সহজেই অনুমেয়।
দরিদ্র মানুষের জন্য বরাদ্দ চাল জনপ্রতিনিধিদের দ্বারা আত্মসাতের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা ঘটেছে। সরকারি সহায়তা না পেয়ে এবং বিকল্প কাজ খুঁজে না পেয়ে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরতে বাধ্য হন। ফলে তাঁরা জেল-জরিমানার মুখে পড়েন।
প্রথম আলোর খবর অনুযায়ী, নিয়ামতি ইউপির চেয়ারম্যান চাল আত্মসাতের অভিযোগের কথা অস্বীকার করেছেন। তাই যদি হবে তবে এত চাল গেল কোথায়? এ ব্যাপারে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না। জেলেদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের পেছনে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।