জীর্ণ-শীর্ণ শরীর। চোখে তাঁর ব্যাকুলতা। দুই পায়ের পাতার মাংসপিণ্ড নষ্ট হয়ে অস্থি বের হয়ে গেছে। হাসপাতালের মেঝেয় শুয়ে আগন্তুকদের কাছে শুধু আর্তনাদ করছেন চল্লিশোর্ধ্ব জোহরা। মানসিক ভারসাম্যহীন এই নারীকে গুরুতর অসুস্থ অবস্থায় এক মাস আগে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর মানুষের ভালোবাসা আর সহযোগিতায় জোহরার চিকিৎসা চলছে। একজন রিক্ত মানুষ, যাঁর পরিচয় পর্যন্ত কেউ জানে না, সেই মানুষটির পাশে দাঁড়িয়েছেন গোটা হাসপাতালের চিকিৎসক, রোগী ও স্থানীয় ব্যবসায়ীরা। সবার সহযোগিতায় জোহরা এখন অনেকটা সুস্থ। তবে তাঁকে পুরোপুরি সুস্থ করতে হলে অর্থোপেডিক্স চিকিৎসক দেখানো জরুরি। চিকিৎসকেরা জানিয়েছেন, জোহরার পায়ে এখন সার্জারি করা না হলে তাঁর পায়ের মাংসপিণ্ড বেড়ে যাবে। এতে তাঁর পায়ের মাংস একপর্যায়ে কুঁচকে যেতে পারে। তখন তিনি আর স্বাভাবিক চলাফেরা করতে পারবেন না।স্থানীয় ব্যবসায়ীরা চাঁদা তুলে জোহরার চিকিৎসার জন্য প্রায় ১৫ হাজার টাকা ব্যয় করেছেন। এখন তাঁর পায়ে সার্জারি করতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো জরুরি হয়ে পড়েছে। জোহরার দুই পায়ে সার্জারি করতে ২৫ থেকে ৩০ হাজার টাকার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে জোহরাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান কেউ একজন জোহরার চিকিৎসার দায়িত্ব নিলে হয়তো তিনি আবার সুস্থ হয়ে উঠতেন। আমরা জোহরাকে আবার মঠবাড়িয়ার অলিগলিতে হাঁটতে দেখতে পেতাম। তবে ‘পাগলি জোহরা’কে নয়, একজন সুস্থ স্বাভাবিক হাস্যোজ্জ্বল জোহরাকে।এ কে এম ফয়সালপ্রথম আলোর মঠবাড়িয়া সংবাদদাতা, মঠবাড়িয়া।