জ্বালানি খাতে সক্ষমতা বাড়ান

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা যত জোরেশোরে প্রচার করুক না কেন, কমবেশি ঘাটতি সব সময়ই ছিল। সাম্প্রতিককালে সংকট আরও বেড়েছে। খোদ রাজধানীতে বিদ্যুতের লোডশেডিং অস্বাভাবিক মাত্রায় পৌঁছেছে। ঢাকার বাইরের অবস্থা আগে থেকেই নাজুক ছিল। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজেও বিভিন্ন স্থানে লোডশেডিংয়ের জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করেছেন।

প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, গ্যাস সরবরাহ কম থাকায় বিদ্যুতের উৎপাদন কমেছে উল্লেখযোগ্য হারে। দেশে দিনে গ্যাসের চাহিদা প্রায় ৩৭০ কোটি ঘনফুট। কিন্তু সরবরাহ হতো ৩০০ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে দেশে উৎপাদিত গ্যাসের পরিমাণ ছিল ২২০–২৩০ কোটি ঘনফুট। বাকিটা বিদেশ থেকে আমদানি করা হতো।

ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়ায় সরকার এলএনজি ও তেল আমদানি কমিয়ে দেয়। বিপিসি বলেছে, দিনে তেল আমদানিতে ১০০ কোটি টাকা লোকসান হচ্ছে।

যেখানে বাংলাদেশের প্রচুর প্রাকৃতিক গ্যাস আছে বলে বিভিন্ন গবেষণায় জানা গেছে, সেখানে জ্বালানি খাতে এই বিপর্যয় হলো কেন, তা এক বিরাট প্রশ্ন। জ্বালানি বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে দিয়েছিলেন, পরনির্ভর জ্বালানিনীতি দেশের জন্য বিপদ ডেকে আনতে পারে।

অনেক চড়াই–উতরাই পেরিয়ে ২০১৪ সালে সমুদ্রসীমা বিরোধের মীমাংসা হয়। আশা করা গিয়েছিল, এরপর সরকার সমুদ্রে গ্যাস অনুসন্ধানের চেষ্টা চালাবে। কিন্তু গত আট বছরেও এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বরং ২০১৬ সালে ঘোষিত সরকারের পাওয়ার সিস্টেম মাস্টারপ্ল্যানে জ্বালানি আমদানির ওপরই গুরুত্ব দেওয়া হয়। জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, এর মাধ্যমে বাংলাদেশের জ্বালানি খাতকে পুরোপুরি আমদানিনির্ভর করা হয়েছে।

এ কথা সত্য যে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিদ্যুৎ খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেয়। বেসরকারি উদ্যোগে অনেক রেন্টাল ও কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়। সেটি ছিল আপৎকালীন ব্যবস্থা। এক যুগ পরও সেই রেন্টাল ও কুইকরেন্টাল বিদ্যুৎকেন্দ্র টিকিয়ে রাখার যৌক্তিকতা সম্পর্কে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রশ্ন তুলেছে এবং বিদ্যুৎ খাতের অদক্ষতার কঠোর সমালোচনা করেছে।

আমরা মনে করি, তাদের এই সমালোচনা যৌক্তিক। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম কম ছিল, তখন সরকার অভ্যন্তরীণ বাজারে বেশি দামে বিক্রি করে লাভ করেছে। এখন আন্তর্জাতিক বাজারে দাম বেশি এই অজুহাত দেখিয়ে আমদানি কমিয়ে দেওয়া হলে তা সমস্যা আরও বাড়িয়ে দেবে। বিদ্যুৎ সরবরাহ কম থাকায় মানুষের জীবনযাত্রাই কেবল ব্যাহত হচ্ছে না; শিল্প কারখানায় উৎপাদনও কমেছে। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর, নারায়ণগঞ্জের অনেক কারখানা লোডশেডিংয়ের কারণে উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে।

মনে রাখা দরকার, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ রেকর্ড পরিমাণ রপ্তানি করেছে। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এ অবস্থায় ঘন ঘন লোডশেডিং হলে উৎপাদন যেমন ব্যাহত হবে, রপ্তানি আয়ও কমে যাবে। তাই যেকোনো মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা জরুরি। প্রয়োজনে সরকারকে জ্বালানি খাতে ভর্তুকি বাড়াতে হবে। একই সঙ্গে স্থল ও সমুদ্রভাগে নতুন নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান, আবিষ্কার ও উত্তোলনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। এটাই জ্বালানি খাতের সক্ষমতা বাড়ানোর উপায়।