বেশ ঘন ঘন দুই দফায় সব শ্রেণির গ্রাহকের জন্য জ্বালানি গ্যাসের দাম মোট ২২ দশমিক ৭ শতাংশ বাড়ানো হলো। প্রথম দফায় ১ মার্চ থেকে, দ্বিতীয় দফায় ১ জুন থেকে বর্ধিত মূল্য কার্যকর হবে। জাতীয় অর্থনীতি ও জনগণের বৃহদাংশের জীবনযাত্রায় এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সার্বিক বিবেচনায় সিদ্ধান্তটি সুচিন্তিত ও যৌক্তিক হলো কি না, তা নিয়ে চিন্তার অবকাশ আছে।
প্রথমত, শিল্প খাতের উৎপাদন-ব্যয় বাড়বে, যার আর্থিক চাপ চূড়ান্তভাবে গিয়ে পড়বে ভোক্তাসাধারণের জীবনযাত্রায়। দ্বিতীয়ত, বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি যেহেতু প্রাকৃতিক গ্যাস, তাই এর মূল্যবৃদ্ধির ফলে ইতিমধ্যে সমস্যাগ্রস্ত বিদ্যুৎ খাতের সমস্যা আরও বাড়বে। বিদ্যুতের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রভাব হবে সুদূরপ্রসারী: এরপর ভোক্তা পর্যায়ে বিদ্যুতের দামও বাড়ানোর যুক্তি আসবে। কৃষিতে সেচের কাজে বিদ্যুতের ব্যবহার বিবেচনায় নিলে কৃষকের দুর্দশা আরও বাড়ার পথই প্রসারিত হলো। এমনিতেই কৃষকের অভিযোগ, ফসল ফলানোর ব্যয়ের তুলনায় তাঁরা ফসলের দাম কম পান। এখন বিদ্যুতের দাম বেড়ে গেলে তাঁদের সেচের ব্যয় বাড়বে, আবার গ্যাসের দাম বাড়ার ফলে গ্যাস থেকে উৎপাদিত সারের দামও বাড়বে বৈকি। সব মিলিয়ে কৃষক ও কৃষি খাতের জন্য ব্যাপারটা হবে মড়ার উপর খাঁড়ার ঘায়ের শামিল। আর সিএনজির দাম বাড়লে পরিবহন খাতের ওপর এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে, কেননা পণ্য পরিবহনকারী অনেক যানবাহন সিএনজিতে চলে।
দেড় বছর আগেই জ্বালানি গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এখন আবার বাড়ানোর সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মন্তব্য করেছে ভোক্তা সংগঠন ক্যাব। বিএনপি প্রতিবাদ জানিয়েছে; সিপিবি ও বাসদ ২৮ ফেব্রুয়ারি অর্ধদিবস হরতাল ডেকেছে।
প্রাকৃতিক গ্যাস উত্তোলন, সঞ্চালন ও বিতরণকারী কোম্পানিগুলোর কোনোটাই লোকসান গুনছে না, বরং তাদের কাছে মোট প্রায় ২২ হাজার কোটি টাকা রয়েছে, যা এই খাতের উন্নয়নে কাজে লাগানো হচ্ছে না। বাস্তবিক অর্থে যা করা দরকার, তা হলো এই গ্যাস কোম্পানিগুলোর এই অলস অর্থের সদ্ব্যবহার করে গ্যাসের উন্নতি ঘটানো এবং গ্যাসের দাম আর না বাড়ানো।
প্রাকৃতিক গ্যাস জনগণের সম্পদ। অযৌক্তিকভাবে এর দাম বাড়িয়ে সর্বসাধারণের জীবনযাত্রার ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করা উচিত নয়। কৃষি ও শিল্প খাতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। যে সিদ্ধান্ত জাতীয় অর্থনীতি ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা গ্রহণযোগ্য নয়।