আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশের বাজারে আগের দামের ওপর ভিত্তি করে নির্ধারিত দামেই দীর্ঘদিন ধরে তেল বিক্রি হচ্ছে। বিভিন্ন মহল থেকে তেলের দাম কমানোর দাবি ওঠার পরও সরকারের তরফ থেকে সাড়া মেলেনি। আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকায় এবং তেলের দাম খুব শিগগিরই বাড়বে—এমন কোনো পরিস্থিতি না থাকায় দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তেলের দাম কমানোর জোরালো দাবি উঠেছে। আমরা এই দাবিকে যৌক্তিক বলে মনে করি।
জ্বালানি তেলের দাম কমালে প্রবৃদ্ধি বাড়বেআন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ওঠা-নামার সঙ্গে অভ্যন্তরীণ বাজারের সব সময়ই একটি সম্পর্ক থাকে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ার কারণে বিভিন্ন সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে। সর্বশেষ বাড়ানো হয়েছিল ২০১৩ সালে। সে সময় আন্তর্জাতিক বাজারে তেলের যা দাম ছিল, সে তুলনায় বর্তমানে দাম প্রায় তিন ভাগের এক ভাগে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের জনগণকে যদি এর চাপ নিতে হয়, তবে দাম কমার ফলে স্বস্তির ভাগীদারও কেন জনগণ হবে না?
দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনীতির বিকাশের স্বার্থে তেলের দাম কমানো জরুরি হয়ে পড়েছে। অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা হিসাব-নিকাশ করে বলছেন যে জ্বালানি তেলের দাম কমানো হলে মূল্যস্ফীতি কমবে ও বিনিয়োগ বাড়বে এবং উৎপাদন বাড়ার কারণে অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে। গবেষণা সংস্থা সিপিডির পক্ষ থেকে বলা হয়েছে যে জ্বালানি তেলের দাম গড়ে ১০ ভাগ কমানো হলে জিডিপির প্রবৃদ্ধি দশমিক ৩ শতাংশ বাড়বে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে সিপিডির তরফেও জ্বালানি তেলের দাম কমানোর সুপারিশ করা হয়েছে।
অর্থমন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম না কমিয়ে সরকার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের লোকসান সমন্বয় করতে চেয়েছে এবং এরই মধ্যে পুরোটা সমন্বয় করা গেছে। আমরা মনে করি বর্তমান বাস্তবতায় তেলের দাম না কমানোর পেছনে কোনো যুক্তি থাকতে পারে না। দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়ন জরুরি।