বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি তুলে দেওয়ার যে নীতি সরকার নিয়েছে, তার ধারাবাহিকতায় গত মে মাস থেকে এ পর্যন্ত চার দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। সরকার যদি এই নীতিতে অটল থাকে, তবে জ্বালানি তেলের দাম সামনে যে আরও বাড়বে, তাতে সন্দেহ নেই। এই বাস্তবতায় কিছু প্রশ্ন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির এই চাপ জনগণ সামলাবে কীভাবে? জ্বালানির মূল্যবৃদ্ধি মানেই হচ্ছে শিল্প ও কৃষি উৎপাদন খরচ বেড়ে যাওয়া, পরিবহন খরচ বেড়ে যাওয়া। অর্থাৎ চূড়ান্ত বিচারে খাদ্য ও পণ্যসামগ্রীর দাম বেড়ে যাওয়া, জনগণের যাতায়াতের খরচ বেড়ে যাওয়া। মূল্যস্ফীতির চাপে এমনিতেই নুয়ে পড়া জনগণের ওপর ক্রমাগত চাপ না বাড়িয়ে অন্য কোনো পথ কি সরকারের সামনে খোলা ছিল না?সরকারের ভুল নীতি আর ব্যবস্থাপনার ক্ষেত্রে অদক্ষতার বিষয়টি এ কারণেই এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থনীতিবিদেরা যখন সংকটের ব্যাপারে সরকারকে সতর্ক করে আসছেন, নানা ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন, তখন সরকার তা অস্বীকার করার নীতি গ্রহণ করেছিল। সরকারের অর্থনৈতিক নীতি ও হিসাব-নিকাশ যথাযথ থাকলে আগাম পরিকল্পনা নেওয়া সম্ভব। বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে সরকার যে ভর্তুকির কথা বলছে, তার যথাযথ হিসাব নিয়েও রয়েছে বিভ্রান্তি।সরকারের তরফ থেকে জ্বালানি তেলের ওপর যে ভর্তুকির কথা বলা হয়, তা আমদানি পর্যায়ে তেলের ওপর নানা শুল্ক আরোপের পর। এই পরিস্থিতিতে জ্বালানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে করযোগ্য অন্য খাতে কর বসিয়ে এই ঘাটতি পুষিয়ে ফেলার উদ্যোগ নেওয়া যেত। কিন্তু সরকার রাজস্ব ও অর্থনৈতিক ব্যবস্থাপনার মান উন্নয়ন বা কার্যকর নীতি গ্রহণের মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার পরিবর্তে জ্বালানি তেলের দাম বাড়ানোর সহজ পথই বেছে নিচ্ছে।অর্থনৈতিক নীতি বা উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সামনের দিকে তাকিয়ে ভবিষ্যতের চাহিদা ও চ্যালেঞ্জগুলো নির্ধারণ করে তা মোকাবিলার পথ খুঁজতে হয়। এখন এটা মানতেই হচ্ছে যে সরকার এ ক্ষেত্রে দূরদর্শিতার প্রমাণ দিতে পারেনি। বর্তমান বাস্তবতায় সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা, সঠিক রাজস্ব ব্যবস্থাপনা ও প্রশাসনিক সুশাসন—এসব বিষয় নিশ্চিত করার মাধ্যমেই পরিস্থিতি সামাল দিতে হবে, দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়িয়ে জনগণের ওপর অসহনীয় চাপ সৃষ্টি করে নয়।