গত বুধবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত ‘সচিবের সিদ্ধান্তে নতুন ঝুঁকিতে সুন্দরবন’ শিরোনামের প্রতিবেদনে দেশে ৩০০ অটো গ্যাস রিফুয়েলিং স্টেশন এবং সেগুলোতে এলপি গ্যাস সরবরাহের জন্য একটি কারখানা স্থাপনের প্রক্রিয়ায় নিয়মবিধি ভঙ্গ করার যেসব তথ্য রয়েছে, সেদিকে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
প্রতিবেদন অনুযায়ী এনার্জিপ্যাক নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান সারা দেশে ৩০০টি অটো গ্যাস রিফুয়েলিং স্টেশন স্থাপনের কাজ শুরু করেছে। কিন্তু এটা করার জন্য যে সরকারি কর্তৃপক্ষের অনুমোদন অবশ্যই প্রয়োজন, তা তাদের নেই। এনার্জিপ্যাক এই কাজ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরীর একক সিদ্ধান্তের বলে। সচিব প্রতিষ্ঠানটিকে অনুমতি দিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) আপত্তি অগ্রাহ্য করে এবং তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, অর্থাৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত এড়িয়ে। শুধু তাঁর স্বাক্ষরিত অনুমোদনপত্র আইনত অনুমোদনপত্র হিসেবেই বিবেচ্য নয়, সেখানে প্রতিমন্ত্রীর স্বাক্ষর অবশ্যই থাকতে হয়। কিন্তু প্রতিমন্ত্রী নসরুল হামিদ অনুমোদনের নথিতে স্বাক্ষর করেননি। এনার্জিপ্যাক কর্তৃপক্ষ প্রথম আলোর প্রতিবেদনটির প্রতিবাদ পাঠিয়েছে, যা গতকাল শুক্রবার প্রথম আলোতে ছাপা হয়েছে। কিন্তু তাতে প্রথম আলোর প্রতিবেদনে প্রকাশিত তথ্যাবলি ভিত্তিহীন প্রমাণিত হয়নি।
বিধান অনুযায়ী অটো গ্যাস রিফুয়েলিং স্টেশন স্থাপনের জন্য আবেদনকারী প্রতিষ্ঠানকে স্টেশনের জন্য নির্ধারিত জমির মানচিত্রসহ আনুষঙ্গিক নথিপত্র বিপিসি ও বিস্ফোরক পরিদপ্তরে জমা দিতে হয়। ওই সংস্থাগুলো সেসব নথিপত্র সরেজমিন পরীক্ষা-নিরীক্ষা করে জ্বালানি বিভাগে প্রতিবেদন পেশ করে। এনার্জিপ্যাক নামের প্রতিষ্ঠানটিকে অটো গ্যাস স্টেশন স্থাপনের অনুমতি
দেওয়ার ব্যাপারে বিপিসি আপত্তি জানিয়ে জ্বালানিসচিবকে চিঠি দিয়েছিল।
কিন্তু জ্বালানিসচিব বিপিসির এই আপত্তি অগ্রাহ্য করেই এনার্জিপ্যাককে ৩০০ অটো গ্যাস স্টেশন স্থাপনের অনুমোদন দিয়ে নথিতে স্বাক্ষর করেছেন। কাজটা তিনি করেছেন গত ১৪ জানুয়ারি, যখন জ্বালানি প্রতিমন্ত্রী বিদেশে অবস্থান করছিলেন। প্রতিমন্ত্রী দেশে ফেরার পর অনুমোদনের নথিতে স্বাক্ষর করা দূরে থাক, সচিবকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এ ধরনের নথি ‘যথাযথ কর্তৃপক্ষের কাছে’ উপস্থাপন করার বাধ্যবাধকতা আছে।
এনার্জিপ্যাক এসব অটো গ্যাস স্টেশনে এলপিজি সরবরাহের জন্য সুন্দরবনের অদূরে পশুর নদের পাশে যে কারখানা স্থাপন করেছে, সেটিও আইনত একটি অবৈধ স্থাপনা। কারণ, তারা এটি স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে ২০১২ সালে, নিয়ম অনুযায়ী দুই বছরের মধ্যে চূড়ান্ত অনুমোদন নিতে হয় এবং বিপিসির সঙ্গে একটা চুক্তি সম্পাদন করতে হয়। কিন্তু এনার্জিপ্যাক তাদের জি গ্যাস এলপিজি প্ল্যান্ট নামের কারখানাটির চূড়ান্ত অনুমোদন নেয়নি, বিপিসির সঙ্গে চুক্তিও করেনি।
উপরন্তু এই কারখানাটি বসানো হয়েছে সুন্দরবন থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ নানা রকমের শিল্প-বাণিজ্যিক কর্মকাণ্ডের ফলে ইতিমধ্যে গুরুতর পরিবেশগত ঝুঁকির সম্মুখীন বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বনের জন্য এই কারখানা ক্ষতির মাত্রা আরও বাড়াবে। কারণ, এটিকে কেন্দ্র করে জলযান চলাচল অনেক বেড়ে যাবে। আমরা মনে করি, কারখানাটি ওখানে স্থাপনের প্রাথমিক অনুমোদন দেওয়া সমীচীন হয়নি। আর যেহেতু এটির চূড়ান্ত অনুমোদন নেই এবং বিপিসির সঙ্গে চুক্তিও নেই, সেহেতু এটি অন্যত্র সরিয়ে নেওয়া উচিত। এনার্জিপ্যাকের ৩০০ অটো গ্যাস স্টেশন স্থাপনের অনুমোদনহীন কাজ বন্ধ করা হোক।
বিধিবিধান ভঙ্গ করে এই প্রতিষ্ঠানটিকে এগুলো স্থাপনের অনুমোদন দেওয়ার ব্যাপারে জ্বালানিসচিবের অতি-উৎসাহ তাঁর পেশাগত নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করে। বিষয়টি দুর্নীতি দমন কমিশনের তদন্ত করা উচিত।