জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারটি অন্যান্য ক্যাডারের তুলনায় বৃহত্তম একটি ক্যাডার। বর্তমান শিক্ষানীতির মূল উদ্দেশ্য হলো মানবতার বিকাশ ও জনমুখী উন্নয়ন এবং প্রগতিতে নেতৃত্বদানের উপযোগী মননশীল, যুক্তিবাদী, নীতিমান, পরমতসহিষ্ণুতা, অসাম্প্রদায়িক দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা। এই উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষকসমাজ তথা শিক্ষা ক্যাডারের ভূমিকা অনস্বীকার্য। কেননা শিক্ষা-সম্পর্কিত সব বিভাগে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সংশ্লিষ্ট রয়েছেন। তাই বলা যেতে পারে, শিক্ষা ক্যাডারই শিক্ষানীতি বাস্তবায়নের মূল চালিকাশক্তি।এই শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ ও পদোন্নতি ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার ও ক্যাডার কম্পোজিশন রুলস, ১৯৮০’, ‘নিয়োগ বিধি, ১৯৮১’ এবং ‘জ্যেষ্ঠ্যতা বিধি, ১৯৮৩’ দ্বারা নিয়ন্ত্রিত হয়। দেশের অধিকাংশ সরকারি কলেজে শিক্ষকদের পদ প্রয়োজনের তুলনায় কম। তবে আশার বিষয় হলো, ২০১০ সালে গৃহীত শিক্ষানীতিতে কলেজগুলোর মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক পদায়ন নিশ্চিত করা হবে বলে উল্লেখ আছে। এ ছাড়া যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেসব উপজেলায়ও সরকারি কলেজ স্থাপনের কথা শিক্ষানীতিতে বলা হয়েছে। সুশিক্ষা ও মানসম্মত শিক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন মানসম্পন্ন শিক্ষক। তাই শিক্ষকদের গুণগত মান নিশ্চিত করার জন্য প্রয়োজন স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ প্রদান করা। কিন্তু শিক্ষা ক্যাডারের নিয়োগ-প্রক্রিয়াটি সম্পন্ন হয় আত্তীকরণ (বেসরকারি কলেজকে সরকারীকরণের মাধ্যমে), সরাসরি নিয়োগ অর্থাৎ বিসিএসের মাধ্যমে, প্রদর্শক থেকে প্রভাষক পদে পদোন্নতির মাধ্যমে এবং ১০ শতাংশ কোটার মাধ্যমে (সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত)। এভাবে একাধিক প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষক নিয়োগদানের ফলে শিক্ষকদের মধ্যেও গুণগত মানে স্বাভাবিকভাবে ভিন্নতা রয়েছে। তাই কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নের জন্য আত্তীকরণের মাধ্যমে শিক্ষক নিয়োগের পদ্ধতিটি বন্ধ করা জরুরি বলে অনেকে মনে করছেন। ১৯৯৮ সাল থেকে শিক্ষা ক্যাডারে ১০ শতাংশ কোটার নিয়োগ-প্রক্রিয়াটি শুরু হয়। এ প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি কলেজের শিক্ষক ও শিক্ষা-সম্পর্কিত বিভাগ থেকে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তারা সরাসরি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে নিয়োগ পান। বিগত নিয়োগ-অভিজ্ঞতা থেকে যে বিষয়টি পরিলক্ষিত হয়েছে তা হলো, বেসরকারি কলেজ থেকে ১০ শতাংশ কোটায় নিয়োগে বেশির ভাগ ক্ষেত্রে জাল সনদ ব্যবহারের অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো, এই ১০ শতাংশ নিয়োগপ্রাপ্ত ব্যক্তির জন্য বিভাগীয় পরীক্ষা, সিনিয়র স্কেল পরীক্ষা, বুনিয়াদি প্রশিক্ষণ ও চাকরি স্থায়ীকরণের কোনো বিধান রাখা হয়নি। অথচ জাতীয় শিক্ষানীতি, ২০১০-এ স্পষ্ট উল্লেখ আছে, শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার সঙ্গে পারফরম্যান্সকেও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে। কিন্তু এসআরও-২৯২ ও এসআরও-২৫০ জারির মধ্য দিয়ে কতক ক্ষেত্রে পদোন্নতির শর্ত শিথিল করার ফলে শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। বর্তমানে দেশে সরকারি পর্যায়ে ২৫৩টি সাধারণ কলেজ, ১৪টি টিচার্স ট্রেনিং কলেজ, চারটি আলিয়া মাদ্রাসা ও ১৬টি কমার্শিয়াল ইনস্টিটিউটে ৭২টি বিষয়ের জন্য প্রায় ১৫ হাজার শিক্ষক কর্মরত। কিন্তু শিক্ষা ক্যাডারে উচ্চতর যোগ্যতা অর্জনের তেমন কোনো প্রণোদনার ব্যবস্থা নেই। তাই শিক্ষকেরা যথাসময়ে ‘পদোন্নতি’কে প্রণোদনা হিসেবে মূল্যায়ন করেন। কিন্তু দুঃখের বিষয় হলো, ২০১১ সালে কলেজের শিক্ষকেরা একটি পদোন্নতিবিহীন বছর পার করেছেন। পদোন্নতির প্রক্রিয়াটি বিষয়ভিত্তিক হওয়ার কারণে একই সময়ে নিয়োগপ্রাপ্ত ও পদোন্নতির সব শর্ত পূরণ করা সত্ত্বেও সৃষ্ট পদের স্বল্পতার কারণে অনেকে বিষয়ভিত্তিক পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। এই পদ সংকটের ফলে জ্যেষ্ঠরাও পিছিয়ে পড়ছেন। এতে শিক্ষকদের মধ্যে একধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ একজন কনিষ্ঠ কর্মকর্তা বিষয়ভিত্তিক পদোন্নতির ফলে যখন একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বার্ষিক গোপনীয় অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর ভূমিকায় অবতীর্ণ হন, তখনই উভয় পক্ষের কাছে বিষয়টি অস্বস্তিদায়ক হয়ে দাঁড়ায়। যুগের চাহিদা বা উপযোগিতার ওপর নির্ভর করে নতুন নতুন বিষয়ভিত্তিক পদ কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টি হলেও তা অপ্রতুল। বর্তমানে শিক্ষা ক্যাডারের জ্যেষ্ঠতা নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যাটি হলো ক্যাডারে প্রবেশের ক্ষেত্রে ভিন্নতা। এ ভিন্নতা ও বিষয়ভিত্তিক নিয়োগের কারণে কর্মকতাদের অবস্থান নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে। এই জ্যেষ্ঠতাসংক্রান্ত জটিলতার কারণে বর্তমানে শিক্ষকদের পদোন্নতি-প্রক্রিয়াটিও থেমে আছে। অথচ সুষ্ঠু ও স্বচ্ছ পদোন্নতির জন্য জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন জরুরি। ১৯৮৩ সালে শিক্ষকদের ক্যাডারভুক্তির পর একই বছরে ২৬ ডিসেম্বর প্রথম জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করা হয়েছিল। এতে সাধারণ শিক্ষা ক্যাডারের সাত হাজার ৮২৩ জন ও টিচার্স ট্রেনিং কলেজগুলোর সাব-ক্যাডার পদের ৯৩১ জনের জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করা হয় এবং ৩১ ডিসেম্বর গেজেট আকারে প্রকাশিত হয়। তবে নানামুখী জটিলতার কারণে সেই তালিকাটি গ্রহণযোগ্যতা পায়নি।মূলত ১০ শতাংশ কোটার নিয়োগবিধি, আত্তীকরণ বিধিমালা, ১৯৮১ ও বিসিএসের মাধ্যমে নিয়োগ—এই তিন নিয়োগ-প্রক্রিয়ার ফলে শিক্ষা ক্যাডারে জ্যেষ্ঠতা নির্ধারণে জটিলতা তৈরি হয়। সম্প্রতি শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জ্যেষ্ঠতা নির্ধারণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তাই শিক্ষকসমাজ মনে করে, এই শক্তিশালী কমিটিটি শিক্ষা ক্যাডারের বর্তমান সমস্যাকে নিরসন করে একটি যুগোপযোগী সমন্বিত জ্যেষ্ঠতার তালিকা প্রণয়ন করতে সক্ষম হবে। পুলক চাকমা: শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। [email protected]