জ্যৈষ্ঠ মাস হলো ফলের ভরা মৌসুম। আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, তরমুজ, বাঙ্গিসহ সব ফলই এ সময় পাওয়া যায়। এসব ফল শুধু স্বাদেই অতুলনীয় নয়, এর পুষ্টিগুণ আর ভিটামিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাজারে এখন হরেক রকম ফলের পাশাপাশি লাল টকটকে লিচু আর আম সবার নজর কাড়ছে। কিন্তু অনেকেই জানে না, মন-ভোলানো লাল টকটকে এসব ফলে মেশানো হয়েছে ক্যালসিয়াম কার্বাইড ও ইথেফেন নামের বিষাক্ত রাসায়নিক পদার্থ। ক্যালসিয়াম কার্বাইড সাধারণত বিভিন্ন ধরনের ঝালাই ও ব্যাটারি তৈরির কাজে ব্যবহূত হয়। অথচ এই পদার্থই ফল পাকানোর কাজে ব্যবহার করা হচ্ছে। সম্প্রতি সংবাদপত্রের খবরে জানা যায়, অধিক মুনাফার আশায় একশ্রেণীর ব্যবসায়ী ফলের ঝুড়ির মধ্যে কিংবা ফলের গুদামে পানিতে ভেজানো ক্যালসিয়াম কার্বাইডের টুকরা চাপা দিয়ে রাখেন। ফলে এ থেকে সৃষ্ট অ্যাসিটিলিন গ্যাসের তাপে দ্রুত ফল পেকে যায়। এ ছাড়া অপরিপক্ব কলার কাঁদি থরে থরে সাজিয়ে নিচে কেরোসিনের স্টোভ জ্বেলে তাপ দিয়ে এর সঙ্গে মেশানো হচ্ছে রাসায়নিক পদার্থ কার্বাইড। এভাবেই পেকে হলুদ হয়ে যাচ্ছে অপরিপক্ব কলা। শুধু ফলেই নয়, আজকাল পচন রোধে তাজা শাকসবজি আর টাটকা মাছ-মাংসেও মেশানো হয় ফরমালিন নামের এক ধরনের বিষ। ফরমালিন মেশানো দ্রব্য সহজে পচে না, কিন্তু স্বাস্থ্যের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ।চিকিৎসকদের মতে, রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল খেলে পেটের সমস্যা হতে পারে। দীর্ঘ মেয়াদে তা কিডনি ও লিভারের জন্যও ক্ষতিকর। এমনকি মানবদেহে হতে পারে মরণব্যাধি ক্যানসার। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আমাদের দেশে দুরারোগ্য রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধির অন্যতম কারণ হলো ভেজাল মেশানো খাবার।দেশে ভোক্তা-অধিকার অধিদপ্তর আছে, আছে ভোক্তা-অধিকার আইন। কিন্তু নেই শুধু এই আইনের যথাযথ প্রয়োগ। তাই ভেজালবিরোধী একটি আন্দোলন গড়ে তোলার জন্য সমাজসচেতন এবং বিবেকবান মানুষকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিএসটিআইসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কেননা, খাদ্যে ভেজাল ও ফলে রাসায়নিক দ্রব্য মেশানো বন্ধ করতে না পারলে কারও জীবন নিরাপদ হবে না।সৌরভ সোহরাবআয়েশ, সিংড়া, নাটোর।