জ্যোতি সিং পান্ডে ও নারীর নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরফান খান ও টাবু অভিনীত লাইফ অব পাই ছবিটি দেখে বাড়ি ফিরছিল জ্যোতি। জ্যোতি সিং পান্ডে। সঙ্গে বন্ধু আবিন্দ্র পান্ডে। শীতের রাত। প্রায় সাড়ে নয়টা বাজে। হঠাৎ চোখে পড়ল সাদা রঙের শীতাতপনিয়ন্ত্রিত একটি বাস। পর্দা ঢাকা কালো কাচের জানালা। ১৭-১৮ বছরের কন্ডাক্টর গোছের ছেলেটা জ্যোতিকে আশ্বস্ত করল, বাসটা দ্বারকার দিকেই যাচ্ছে। দিল্লির দ্বারকা এলাকায় জ্যোতির বাড়ি। বাসে উঠে পড়ল জ্যোতি আর আবিন্দ্র। ড্রাইভার, কন্ডাক্টর মিলিয়ে বাসের ভেতরে ওরা মাত্র আটজন। হঠাৎ জ্যোতিকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য শুরু করল যাত্রীরা। আবিন্দ্র ওদের নোংরামির প্রতিবাদ করায় ওকে মারধর শুরু করল সবাই, জ্যোতির সহ্য হয়নি। শোধ নিতে জ্যোতিও চড় মেরে বসল একজনকে। আবিন্দ্র হঠাৎ লক্ষ করল, দ্বারকায় যাওয়ার চিরাচরিত রাস্তা না নিয়ে বাসটি অন্যদিকে চলছে। ওরা সাধারণ যাত্রী নয়। ড্রাইভার, কন্ডাক্টর থেকে শুরু করে সবাই একে অপরের পূর্বপরিচিত।জ্যোতির প্রতিবাদের সঙ্গে সঙ্গে পশুগুলো স্বরূপে আবির্ভূত হলো। কোথা থেকে লোহার রড এনে আবিন্দ্রকে পেটাতে শুরু করল। জ্ঞান হারিয়েছে আবিন্দ্র। আর জ্যোতিকে ওরা টেনেহিঁচড়ে নিয়ে গেছে বাসের শেষ মাথায়। কন্ডাক্টর রাজু বাসের ভেতরের লাইট বন্ধ করে দিল। এরপর একজন একজন করে জ্যোতিকে ধর্ষণ শুরু করল ওরা। বাকি ঘটনা চলমান ইতিহাস। দিল্লির হাড়কাঁপানো শীত, পুলিশের টিয়ার গ্যাসের শেল আর লাঠিপেটার তোয়াক্কা না করে স্বতঃস্ফূর্ত বিক্ষোভে রাস্তায় নেমে এল মানুষ। নির্ভয়া, দামিনী, আমানত, ভারতকন্যা—কত নামেই না ডাকা হলো জ্যোতিকে। ভারতীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে একটি বিচার বিভাগীয় কমিটি গঠন করা হলো। ওদিকে সফদরজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে যুদ্ধে নেমেছে জ্যোতি। প্রচণ্ড যন্ত্রণা, অবিরাম রক্তপাত, কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের মধ্যেও মনোবল হারায়নি সে। ম্যাজিস্ট্রেটের কাছে ১৬ ডিসেম্বর রাতের নারকীয় নির্যাতনের বর্ণনা দিয়েছে জ্যোতি। মুমূর্ষু তবু নির্ভয়, নিষ্কম্প। রাম সিং, মুকেশ, অয়, বিনয়, পবন, রাজু। একটি পশুর নামও উল্লেখ করতে ভুল করেনি জ্যোতি। ২৮ ডিসেম্বর নিভে গেল জ্যোতি। তাঁর মৃত্যুতে, নারীর প্রতি সহিংস অপরাধের বিরুদ্ধে সারা ভারতে গণজাগরণ সৃষ্টি হয়েছে। প্রচলিত আইন সংশোধনের দাবি উঠেছে। প্রশ্ন উঠেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। জ্যোতির মতো সাহসী ও মেধাবী মেয়ের এই করুণ মৃত্যু ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের বিকলাঙ্গ বিবেককে কিছুটা হলেও নাড়া দিয়েছে।কিন্তু দিল্লি আর ঢাকার মধ্যে তফাত বিস্তর। দিল্লির জনতা রাজনৈতিক নেতৃত্বকে বিক্ষোভের সঙ্গে সম্পৃক্ত করেছে এবং রাষ্ট্রযন্ত্রকে ধর্ষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে সাধারণ মানুষের প্রতিবাদ।অথচ জাতিসংঘের ভাষ্যমতে, বাংলাদেশের ধর্ষণবিরোধী আন্দোলনে বৃহত্তর বাংলাদেশি সমাজ বা রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হয়নি। বড় শহরকেন্দ্রিক তথাকথিত সুশীল সমাজ, গুটিকয় বনেদি এনজিও এবং নারী সংগঠনগুলোর মধ্যেই এ আন্দোলন সীমাবদ্ধ। বলা বাহুল্য, বাংলাদেশের প্রচলিত আইন নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। কমপক্ষে আধা ডজন ‘কঠোর’ আইন এবং সুপ্রিম কোর্টের একাধিক সাহসী নির্দেশনা থাকা সত্ত্বেও নারী নির্যাতন বাড়ছেই।গত ২১ জানুয়ারি প্রথম আলোর খবর অনুযায়ী, গত বছর বাংলাদেশে ৯০ জন শিশু ধর্ষিত হয়েছে এবং একই সময় আত্মহত্যা করেছে ৪৯ জন শিশু। বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির তথ্য অনুসারে, গত বছরে নির্যাতনের কারণে আত্মহত্যা করেছেন ৪৭ জন ও ধর্ষণের শিকার হয়েছেন ৩৯৮ জন নারী।অন্যদিকে, বাংলাদেশ মহিলা পরিষদের পরিসংখ্যানমতে, প্রতি ১০০ জনে মাত্র দুজন নির্যাতিতা আইনের আশ্রয় নেন। পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ বছরে প্রায় দুই লাখ নারী নির্যাতনের শিকার হয়েছেন। একই সময় নারী নির্যাতন মামলায় প্রায় সাড়ে পাঁচ লাখ আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র ৮০ হাজার। সাজাপ্রাপ্ত আসামির পরিসংখ্যান পাওয়া যায়নি। ধর্ষণের আলামত সম্পর্কে অজ্ঞতা এবং আলামত সংগ্রহে বিলম্ব, পুলিশের অসহযোগিতা, বিচারকার্যে দীর্ঘসূত্রতা, ধর্ষিতা ও তার পরিবারের নিরাপত্তাহীনতা ইত্যাদি কারণে ধর্ষকেরা রেহাই পেয়ে যাচ্ছে। তাই সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ, গণমাধ্যম, নারী সংগঠন, পুলিশ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সমন্বয়ে ধর্ষণবিরোধী জাতীয় টাস্কফোর্স গঠন করা দরকার। সুপ্রিম কোর্টের একজন মহিলা বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় কমিটি গঠন করে ধর্ষণ রোধে আইনি সুপারিশমালা নেওয়া যেতে পারে।স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করে, দৈনিক ভিত্তিতে ধর্ষণ মামলার বিচার পরিচালনা করলে বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা ফিরে আসবে। সাজা নিশ্চিত করতে পারলে, স্পেশাল প্রসিকিউটরকে বিশেষ প্রণোদনা দেওয়া যেতে পারে। এ ছাড়া জেলাভিত্তিক রিভিউ কমিটি গঠন করে, ধর্ষণ মামলার অগ্রগতি তদারক করার নিয়ম প্রবর্তন করা অত্যন্ত জরুরি। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিন-রাত ২৪ ঘণ্টা সক্রিয় একটি হেল্পলাইন চালু করে ধর্ষিতাকে বিনা মূল্যে আইনি ও মনস্তাত্ত্বিক সাহায্য প্রদানের ব্যবস্থা করা প্রয়োজন।ফরেনসিক আলামতের গুরুত্ব সম্পর্কে পুলিশ ও চিকিৎসক সমাজের মধ্যে সচেতনতা সৃষ্টি দরকার। ধর্ষিতার যৌন ইতিহাস নিরূপণের প্রাগৈতিহাসিক ‘টু ফিংগার’ পদ্ধতি বাতিল করা আজ সময়ের দাবি। বাংলাদেশে ধর্ষণ করা সহজ। ধর্ষণের বিচার পাওয়া কঠিন। এ দেশে ধর্ষণকারীদের বিচার হয় না। শাস্তি হয় না। ধর্ষণের গ্লানি ও লজ্জা ধর্ষিতার একার। নারীর প্রতি বৈষম্যের সংস্কৃতি, ধর্ষণের মতো বর্বরতাকে আমাদের দেশে মামুলি অপরাধে পরিণত করেছে। জ্যোতি ভারতের বিবেকের মূলে ঝাঁকুনি দিয়েছে। প্রতিবেশী হলেও সে ঝাঁকুনিতে ঘুম ভাঙেনি আমাদের। ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধর্ষণপ্রবণ দেশ হওয়ার কলঙ্কটীকাটি কপালে সেঁটে গেছে বাংলাদেশের। এ কলঙ্কমোচনের সময় এসেছে। বাংলাদেশের নারীসমাজ, বিশেষ করে এ দেশের বিচারবঞ্চিত ধর্ষিতা নারীরা আজ জ্যোতির সঙ্গে একাত্ম। ৫ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে শুরু হয়েছে জ্যোতি সিং পান্ডে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। চাই সুবিচার। চাই দৃষ্টান্তমূলক শাস্তি। আর কোনো জ্যোতিকে নির্বাপিত হতে দেব না আমরা।  সারওয়াত সিরাজ: ব্যারিস্টার, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। [email protected]