জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

খাদ্যনিরাপত্তার জন্য মাঠপর্যায় থেকে চাল সংগ্রহ করে থাকে সরকার। চলতি বোরো মৌসুমেও গোটা দেশ থেকে চাল কেনা হয়েছে। মূলত খাদ্য কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে চালকলের তালিকা করেন। কিন্তু নাটোর জেলা থেকে চাল সংগ্রহে দেখা গেল ভুতুড়ে কাণ্ড। এমন সব কল থেকে চাল সরবরাহ করা হয়েছে, যাদের কোনো অস্তিত্বই নেই। বোঝাই যাচ্ছে চাল সংগ্রহের নামে বড় ধরনের গোঁজামিল ঘটেছে এখানে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, নাটোরে বন্ধ থাকা ও অস্তিত্বহীন ২১টি চালকলের নামে অবৈধভাবে ৭১৫ মেট্রিক টন চাল সরকারি খাদ্যগুদামে সরবরাহ করা হয়েছে। ধানের হাউস, বয়লার ও স্টিম ডেলিভারি পাইপ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া একটি চালকলের নামেই ৩৩২ মেট্রিক টনের বেশি চাল সরবরাহ করা হয়েছে সরকারি খাদ্যগুদামে। অথচ দুই বছর ধরে চালকলটিতে চাল উৎপাদনই হচ্ছে না। আরেকটি নির্মাণাধীন চালকলের নামে সরবরাহ করা হয়েছে ১০৪ মেট্রিক টন চাল। সে কলটিতেও চাল উৎপাদনের কোনো কার্যক্রম নেই। এমনকি বন্ধ হয়ে যাওয়া কল থেকে মৃত মালিকের নাম স্বাক্ষর করেও চাল সরবরাহ করা হয়েছে।

জেলা চালকল মালিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, যখনই বাজারের তুলনায় সরকার বেশি দামে চাল কেনে, তখন একটি বিশেষ মহল অস্তিত্বহীন চালকলের নামে চাল সরবরাহ করে লাভবান হয়। অথচ বাজারে চালের দাম বেশি থাকলে এ তৎপরতা একেবারেই থাকে না। প্রথম আলোর প্রতিবেদক জানালেন, জেলা ও উপজেলা খাদ্য কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এমন অনিয়ম সম্ভব নয়। কারণ, তাঁরাই সরেজমিনে চালকলগুলো পরিদর্শন করেন, সেগুলো চাল সরবরাহে সক্ষমতার বিবিধ শর্ত পূরণ করে কি না, সেসব যাচাই–বাছাই করেন। কর্মকর্তাদের পাঠানো তালিকা থেকেই চালকলের নামে বরাদ্দ চূড়ান্ত অনুমোদন দেয় খাদ্য অধিদপ্তর।

অনিয়মের সঙ্গে চালকলমালিকদের একটি চক্র, স্থানীয় রাজনৈতিক প্রভাবও কাজ করে। অনেক সময় তাদের ঠিক করে দেওয়া চালকলের নাম তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমা অনেকটা দায় এড়ানোর সুরে বলেন, তালিকা তৈরিতে কেউ অনিয়ম করেছে কি না, তাঁর জানা নেই। তবে ভবিষ্যতে তিনি নিজে যাচাই-বাছাই করার আশ্বাস দেন। জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, অনিয়ম থাকলে তিনি খাদ্য অধিদপ্তরকে জানাবেন। তাঁরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরাও চাই অনিয়মে জড়িত ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া না হোক।