‘জড়িতদের’ গ্রেপ্তার স্বস্তিদায়ক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-দোকানকর্মীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের সময় নির্মমভাবে হত্যা করা হয় নাহিদ হোসেন নামের একজন ডেলিভারিম্যানকে। সেই হত্যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে সংবাদমাধ্যমেও উঠে আসে ঘটনার ছবি। সেদিন মোরসালিন নামের আরেকজন নিহত হন, যিনি ছিলেন একজন দোকানকর্মী। নাহিদকে হত্যাকারীরা ছিলেন হেলমেট পরা অবস্থায়। সংঘর্ষের ঘটনায়ও হেলমেট পরা ব্যক্তিদের বেপরোয়া অংশগ্রহণ দেখা যায়। ফলে আবারও আলোচনায় উঠে আসে ‘হেলমেট বাহিনী’। এর আগে কোটা সংস্কার আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনেও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা করতে দেখা যায় এই হেলমেট বাহিনীকে।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষে অংশগ্রহণ করা হেলমেট পরা ব্যক্তিরা ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সেখানকার ছাত্রলীগের নেতা-কর্মী বলে শুরু থেকেই অভিযোগ ওঠে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া এসব দুর্বৃত্তকে শনাক্ত করা ও গ্রেপ্তারের দাবি ওঠে সর্বত্র। কিন্তু তাঁদের না ধরে বিএনপি নেতাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার ঘটনা সমালোচনার জন্ম দেয়। শেষ পর্যন্ত নাহিদ হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় পুলিশ। গ্রেপ্তারকৃত মো. আবদুল কাইয়ুম, পলাশ মিয়া, মাহমুদ ইরফান, মো. ফয়সাল ইসলাম ও মো. জুনাইদ বুগদাদী ঢাকা কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। সেদিনের ভিডিও ফুটেজ ও ছবি থেকে তঁাদের শনাক্ত করে পুলিশ।

সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত পাঁচটি মামলা হয়েছে। দুজনের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুটি হত্যা মামলা করা হয়েছে। এ ছাড়া সংঘর্ষ ও বোমাবাজির ঘটনায় আলাদা দুটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলা করেছেন সংঘর্ষের দিন ভাঙচুর হওয়া অ্যাম্বুলেন্সের মালিক। নাহিদ হত্যার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করার বিষয়টি স্বস্তিদায়ক। তবে আমরা আশা করব, সেদিন সংঘর্ষে অংশ নেওয়া হেলমেট বাহিনীর অন্যদের গ্রেপ্তারের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। নাহিদ হত্যাকাণ্ড ছাড়াও এ ঘটনার সঙ্গে চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলার বিষয়টি যুক্ত। নিউমার্কেট এলাকায় শিক্ষার্থী-ব্যবসায়ী সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল এবং ঈদের আগে ওই অঞ্চলের ব্যবসা বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। ছাত্র ও ব্যবসায়ীদের একটি চক্র এসব অপকর্মের জন্য দায়ী। যে দুই দোকানির বিতণ্ডা থেকে এ সংঘর্ষের সূচনা, সেই দুজনকেও দ্রুত আইনের আওতায় আনা উচিত।

নাহিদ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও ধরার উদ্যোগ নেওয়ায় আমরা পুলিশের প্রতি সাধুবাদ জানাই। তবে এ–ও বলতে হয়, সংঘর্ষ শুরু হওয়ার পর পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা রাখলে পরিস্থিতি এতটা খারাপ না–ও হতে পারত। দুটি পরিবারকে হয়তো হারাতে হতো না কর্মক্ষম দুজন ব্যক্তিকে। আশা করছি, যথাযথ তথ্যপ্রমাণসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত অভিযোগপত্র দেওয়া হবে।