কক্সবাজার সৈকতের ঝাউবাগান ও বালিয়াড়ি দখল করে ঘরবাড়ি বানানোর যে খবর বেরিয়েছে, তা সত্যিই উদ্বেগের। সৈকতের বালিয়াড়ি রক্ষার জন্য সেখানে ঝাউবাগান সৃজন করা হয়েছে। অথচ এখন কিছু দুর্বৃত্ত তা উজাড় করে ফেলছে। ঝাউবাগান ও বালিয়াড়ি দখল করে ঘরবাড়ি তৈরি করায় সেখানকার পরিবেশ-প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
প্রথমআলোর খবরে বলা হয়েছে, কক্সবাজার সৈকতের সমিতিপাড়া এলাকায় ঝাউবাগান গেটে বালিয়াড়িতে ছোট-বড় বিভিন্ন আয়তনের ‘প্লট’ বানিয়ে বিক্রি করা হচ্ছে। ১০ শতকের একটি প্লট বিক্রি করা হচ্ছে এক লাখ টাকায়। এসব প্লটে ঘর তুলে বসবাস করছে বেশ কয়েকটি পরিবার। পাশের কুতুবদিয়াপাড়া ও নাজিরারটেক সৈকতেও ঘর তৈরির জন্য বানানো হয়েছে ছোট ছোট প্লট। এ ছাড়া বালিয়াড়িতে কয়েক হাজার নারকেলগাছের চারা রোপণ করা হয়েছে। আর এই প্লট-বাণিজ্য ও চারা রোপণের সঙ্গে জড়িত বন বিভাগের অসাধু কিছু কর্মচারী।
প্রথমআলোর খবরে আরও বলা হয়েছে, সৈকতে সৃজন করা ঝাউবাগান দেখাশোনার দায়িত্ব বন বিভাগের। আর সৈকতের বালিয়াড়ির মালিক জেলা প্রশাসক। জেলা প্রশাসকের পক্ষ থেকে নারকেলগাছের চারা রোপণ অথবা ঘরবাড়ি তৈরির জন্য সৈকতের বালিয়াড়ি কাউকে ইজারা বা অনুমতি দেওয়া হয়নি। অনুমতি নেই, তারপরও বালিয়াড়িতে রোপণ করা হচ্ছে নারকেলগাছের চারা, তোলা হচ্ছে ঘরবাড়ি। এ কেমন অরাজকতা!
অতীতেও কক্সবাজার সৈকতের বিভিন্ন স্থানে প্যারাবন ও ঝাউবন উজাড় করে স্থাপনা গড়ে তোলার ঘটনা ঘটেছে। এভাবে বালিয়াড়ি দখল করে বাড়িঘর নির্মাণ করায় সেখানকার প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। লাল কাঁকড়ার মতো অনেক প্রজাতির প্রাণী আর দেখা যায় না। এ রকম তো চলতে দেওয়া যায় না। সরকারকে অবশ্যই কক্সবাজার সৈকতের পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসতে হবে। অন্যথায় পরিবেশের ভারসাম্য হারাতে বেশি দিন লাগবে না। বালিয়াড়িতে এই অবৈধ প্লট-বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।