ব্যক্তিমালিকানায় অ্যাম্বুলেন্স ব্যবসার নিয়ম না থাকলেও রাজধানীর তিনটি সরকারি হাসপাতালের কর্মচারী, সাবেক কর্মচারী ও তাঁদের আত্মীয়স্বজনেরা যেভাবে অ্যাম্বুলেন্স ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তা সত্যিই উদ্বেগজনক। হাসপাতালগুলোর কর্তৃপক্ষ এ ব্যাপারে নির্বিকার। ফলে পরিস্থিতি আরও নাজুক হয়েছে।
গতকাল প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ১৪ জন কর্মচারী অবৈধভাবে ২০টি অ্যাম্বুলেন্সের ব্যবসা করছেন। এ ছাড়া মিটফোর্ড ও পঙ্গু হাসপাতালে বর্তমানে কর্মরত ও সাবেক কর্মচারীর স্বজনদের ১০টি অ্যাম্বুলেন্সের ব্যবসা রয়েছে। এসব হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকা এবং এর সুনির্দিষ্ট ব্যবস্থাপনার ঘাটতির সুযোগ নিয়ে এই অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসা গড়ে উঠেছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় এসব অ্যাম্বুলেন্স ব্যবসায়ীর কাছে রোগীরা অনেকটাই জিম্মি হয়ে পড়েছেন। রোগীদের কাছ থেকে সরকারি অ্যাম্বুলেন্সের চেয়ে তিন-চার গুণ বেশি ভাড়া আদায় করছেন এই অ্যাম্বুলেন্স ব্যবসায়ীরা।
এ ছাড়া একটি অ্যাম্বুলেন্সে যা যা থাকা দরকার, হাসপাতালের কর্মচারীদের পরিচালিত অ্যাম্বুলেন্সে তার সবগুলো নেই। পুরোনো লক্কড়ঝক্কড় মাইক্রোবাস ও মালবাহী গাড়িকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের ছবি ছাপা হয়েছে, যাতে দেখা যাচ্ছে রোগীর সিটের নিচে বসানো হয়েছে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার। অর্থাৎ এসব অ্যাম্বুলেন্স রোগীর জন্য মোটেও নিরাপদ নয়।
বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা কোনো ব্যবসা করতে পারেন না। অথচ দেখা যাচ্ছে, হাসপাতালের কর্মচারীরা সেই বিধি লঙ্ঘন করে অ্যাম্বুলেন্স ব্যবসা করছেন। এই ব্যবসার পেছনে ক্ষমতাসীন দল-সমর্থিত কর্মচারী নেতাদের ভূমিকা রয়েছে বলে অভিযোগ। কিন্তু এমনটা তো দিনের পর দিন চলতে পারে না। এই তিন হাসপাতালের কর্তৃপক্ষকে এখন এ বিষয়ে নজর দিতে হবে। তাদের আর নির্বিকার থাকার কোনো সুযোগ নেই। কেননা একটি হাসপাতালের প্রধান দায়িত্ব হচ্ছে রোগীর সর্বোত্তম সেবা নিশ্চিত করা। যেসব কর্মচারী অবৈধ অ্যাম্বুলেন্স ব্যবসার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরকেও এ ব্যাপারে হস্তক্ষেপ করতে হবে।