জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমআলোয় প্রকাশিত খবর অনুযায়ী, ‘জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের আওতায় এ খননকাজ বাস্তবায়ন করছে মৎস্য অধিদপ্তর। প্রকল্পের শর্তানুযায়ী, নদীর প্রশস্ততা ও গভীরতার ওপর ভিত্তি করে তলদেশে ২ থেকে ৫ ফুট পর্যন্ত খনন করার কথা। কিন্তু বাস্তবে এর কোনোটাই করা হচ্ছে না। নদী খনন না করে প্রকল্প এলাকায় কেবল নদীর পাড় বেঁধে ও খননযন্ত্রের আঁচড় দিয়ে দায় সারা হচ্ছে। খননের পরিবর্তে উল্টো নদীর কোথাও কোথাও তলদেশ ভরাট করা হয়েছে।

এ ছাড়া প্রকল্পের সুবিধাভোগী নির্বাচনেও অনিয়ম হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রকল্প বাস্তবায়নের সুবিধার্থে মূল প্রকল্পকে ছয়টি ছোট ছোট প্রকল্পে ভাগ করা হয়েছে। প্রতিটি প্রকল্পে ছয়জন সভাপতি নিয়োগ করা হয়েছে। নিয়মানুযায়ী প্রকল্পের সভাপতি ও সদস্য হওয়ার কথা ছিল ভূমিহীন ব্যক্তিদের। কিন্তু তাঁরা কেউ ভূমিহীন নন, বরং রাজনৈতিকভাবে প্রভাবশালী। কেউ ইউপি চেয়ারম্যানের ভাই, কেউ ইউপি ওয়ার্ডের সদস্য। এদিকে পাঁচটি প্রকল্পের প্রতিটিতে আটজন পুরুষ ও তিনজন নারী সদস্য এবং একটিতে সাতজন পুরুষ ও দুজন নারীকে সুবিধাভোগী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু এঁদের একজনও ভূমিহীন নন।

একটি প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যদি এত অনিয়ম হয়, তাহলে সে প্রকল্পের কখনো বাস্তব রূপ পাওয়ার কথা নয়। এত অনিয়ম হচ্ছে, কিন্তু তা যেন দেখার কেউ নেই। প্রথমআলোর খবর অনুযায়ী, এলাকাবাসী জেলা মৎস্য কর্মকর্তাসহ প্রশাসনিক কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। এরপরও তাঁদের কোনো ব্যবস্থা না নেওয়াটা খুবই দুঃখজনক।

এ অনিয়মের অভিযোগের ব্যাপারে জেলা মৎস্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নজর দিতে হবে। তাদের প্রতি আমাদের আহ্বান, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করুন। অনিয়মের সঙ্গে জড়িত সব ব্যক্তির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন।