হরতাল ও রাজনৈতিক ডামাডোলের মধ্যে ঢাকায় আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ সম্প্রসারণে অবকাঠামো উন্নয়ন-সংক্রান্ত একটি সম্মেলন অনুষ্ঠিত হলো। বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমারের বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল বিসিআইএম। অনেকটা ঢিমেতালে চলতে থাকা সংগঠনটি এবার একটি অনন্য মোটর শোভাযাত্রার আয়োজন করে চারটি দেশেরই নাগরিকদের মনোযোগ আকর্ষণ করেছে। আমরা এই চমৎকার উদ্যোগকে স্বাগত জানাই। ২৪টি গাড়ির এক মোটর শোভাযাত্রা কলকাতা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ ও মিয়ানমারের ভেতর দিয়ে পৌঁছে যাবে চীনের কুনমিংয়ে। এরই নামকরণ কেটুকে। ভাগ্যিস, বাংলাদেশে একটা হরতাল পড়ে গিয়েছিল। তাই অবকাঠামোর যন্ত্রণা কিংবা দুর্ভোগে সম্ভবত তাদের মোটেই পড়তে হয়নি! মোটর শোভাযাত্রাটি হরতালের মধ্যে ঢাকা ও সিলেট হয়ে আসামে ঢুকে পড়েছে। এবারই প্রথম চার দেশের নাগরিকেরা এ খবর জেনে আশ্বস্ত হবেন যে কোথাও কোথাও ভাঙাচোরা থাকলেও কলকাতা থেকে কুনমিং সরাসরি সড়ক যোগাযোগে অন্তত আর কোনো রাজনৈতিক বাধা নেই। অবিশ্বাস নিয়ে অঙ্ক কষাকষির দিন ফুরাতে বসেছে। মূলত ভারত ও চীন অগ্রণী ভূমিকা নিয়েছে বলেই এই চার দেশীয় মোটর শোভাযাত্রা বাস্তবে রূপ নিতে পেরেছে।আমরা আশা করব, চতুর্দেশীয় এই উদ্যোগের আওতায় নাগরিকদের মধ্যকার যাতায়াত-সুবিধা ক্রমশ উন্মুক্ত করে দিতে দিল্লি-বেইজিং একযোগে কাজ করবে। এ মোটর শোভাযাত্রা যেন নিতান্তই শোভাবর্ধনে নিঃশেষিত না হয়। এই সম্ভাবনা থেকে সর্বোচ্চ সুবিধা গ্রহণে এখনই অবকাঠামো উন্নয়নে সব রকম প্রস্তুতি নিতে উদ্যোগী হতে হবে।২৩ ফেব্রুয়ারির সম্মেলনের মূল প্রবন্ধে বাণিজ্য বিনিয়োগ ছাড়াও জ্বালানি, পরিবহন ও পর্যটন খাতের ব্যাপক সম্ভাবনার কথা বলা হয়। এই সম্ভাবনা বহুকাল ধরেই বহাল ছিল, আজ যখন ভারত ও চীন নিজেদের মধ্যে সরাসরি সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষায় সব বাধা অপসারণ করার পণ করেছে, তখন আমরা যেন তার অংশীদার হওয়া থেকে অহেতুক পিছিয়ে না পড়ি। চীনের পূর্বাঞ্চলের সঙ্গে বঙ্গোপসাগরের স্বল্প দূরত্বের বিষয়টি বাংলাদেশের বিনিয়োগের জন্য এক অমিত সম্ভাবনা বয়ে আনতে পারে। কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব, লাল ফিতার দৌরাত্ম্য—এ রকম কোনো কিছুই যেন আঞ্চলিক সম্ভাবনার চলমান ট্রেনে উঠে পড়তে বাংলাদেশকে বেগ পেতে না হয়।