ঝরনা বেগম ও আমাদের নিরাপত্তাব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝরনা বেগম রাজশাহীর একটি বিউটি পারলারের কর্মী। অসাধারণ সাহসিকতার জন্য সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক অনুষ্ঠানে তাঁর হাতে স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র তুলে দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। ঝরনা বেগমের সাহসিকতা ও এর স্বীকৃতি হিসেবে পুলিশ সদর দপ্তরে সম্মাননা—দুটোই প্রশংসনীয় কাজ। স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্রের সংবাদের পাশাপাশি দুটো ছবি খবরের কাগজে এসেছে। একটি তাঁকে সম্মাননা দেওয়ার, অন্যটি তাঁর অসাধারণ সাহসিকতার।প্রথমেই আলোচনা করতে হয় ঝরনা বেগম কী কাজের জন্য স্বীকৃতি স্মারক ও সম্মাননাপত্র পেলেন। পয়লা এপ্রিল রাজশাহীতে হরতালের সময় হরতাল-সমর্থকদের নির্মম হামলায় পুলিশের আহত সাব-ইন্সপেক্টর (এসআই) জাহাঙ্গীর আলমকে উদ্ধার করতে এগিয়ে গিয়েছিলেন ঝরনা বেগম। বিপদের ঝুঁকি নিয়ে তাঁকে রক্ষায় সক্ষমও হয়েছেন। হরতাল-সমর্থকেরা হেলমেট ও ইট দিয়ে থেঁতলে দেওয়ার পর রাস্তায় পড়ে থাকা এসআই জাহাঙ্গীর আলমের মাথা নিজের ওড়না দিয়ে জড়িয়ে দেন ঝরনা বেগম। তাঁর ভাষ্যমতে, প্রথমে তিনি ধরে নিয়েছিলেন জাহাঙ্গীর আলম মারা গেছেন। কিন্তু প্রাণ আছে বুঝতে পেরে অন্য কয়েকজনের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। আলোচনার অপেক্ষা রাখে না, কতটা গুরুতর ছিল সে জখম। তবে যেটা আলোচনার দাবি রাখে তা হলো, এসআই জাহাঙ্গীর আলমের সহকর্মী পুলিশের সদস্যরা কোথায় ছিলেন? আর সে মহানগরে ধারেকাছে পেট্রল পুলিশের সদস্যও নিশ্চয়ই ছিলেন। তাঁরা কে কী করেছেন? সবাই কি দূরে সরে পড়েছেন প্রাণের ভয়ে? যতটুকু জানা যায়, এসআই জাহাঙ্গীর আলম মূল দল থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এ সংকটময় সময়ে এটাও তো যথোচিত কৌশল হয়নি। তবে ঘটনাস্থলের কাছাকাছি পুলিশ ছিল, তারা ঘটনা আঁচ করতে পেরেও অগ্রসর হয়নি এমন রটনা প্রবল। ইউনিফর্মধারী পুলিশের একজন এসআইকে রাস্তায় হরতালকারীরা অমানবিক নির্যাতন করবে আর সে সময় নিরাপদ দূরত্বে থাকবেন তাঁর সহকর্মীরা! এটা ইচ্ছাকৃত কি না, তদন্তের বিষয়। পুলিশ বিভাগ নিশ্চয়ই এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছে। ব্যাপারটি বিচ্ছিন্ন ঘটনা হলে এত কথা বলার ছিল না। কিন্তু এমনটা তো হামেশাই ঘটছে। দেশের উত্তরাঞ্চলে পুলিশের কয়েকজন সদস্যকে পিটিয়ে মেরে ফেলা হলো। তখনো তাঁদের সহকর্মীরা ঘটনা প্রতিরোধে কোনো কার্যকর ভূমিকা নিতে পারেননি। এমনকি ঢাকা মহানগরেও পুলিশের আক্রান্ত সদস্যকে সহায়তায় এগিয়ে আসেননি একটু দূরেই অবস্থানরত তাঁর সহকর্মীরা। এমন সচিত্র প্রতিবেদন দেখা গেছে সম্প্রচার গণমাধ্যমে। আরও দেখা গেছে, হামলাকারীদের অগ্নিসংযোগে দাউ দাউ করে জ্বলছে পুলিশের পিকআপ ভ্যান। কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। এসব ঘটনাকে আমরা কী বলে আখ্যায়িত করব? কৌশল বা ইচ্ছাকৃত অবহেলা? যদি এমন হয়, তবে এর কোনোটিই সমর্থনযোগ্য নয়। আর যদি হয় ঝটিকা হামলার মুখে ক্ষিপ্রতার সঙ্গে প্রতিরোধে অক্ষমতা, সে ক্ষেত্রে অতি দ্রুত বাছাই করা সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পুলিশের এ অক্ষমতা দূর করতে হবে। অনেকের মতে, শেষোক্ত বিষয়টিই এসব ক্ষেত্রে পুলিশের ভাবমূর্তির প্রতিকূলে কাজ করছে। সে ক্ষেত্রেও কিন্তু জনজীবনের নিরাপত্তা ভাবনা আশঙ্কার বিষয়। পুলিশ তার লোকবল, প্রশিক্ষণ, অস্ত্র, গোলাবারুদ ও আইনি ক্ষমতা নিয়েও এত অল্পেই যদি ক্ষেত্রবিশেষে কাবু হয়ে পড়ে, তবে তারা জনগণের জানমালের নিরাপত্তা দেবে কী করে? এটা ভেবে কেউ শঙ্কিত হলে দোষ দেওয়া যাবে না। এটা ঠিক, চাহিদার তুলনায় পুলিশের জনবল, যানবাহন, সরঞ্জামাদিসহ অন্য অনেক ক্ষেত্রে ঘাটতি আছে। তবে সাম্প্রতিক কালে প্রতিটি সরকারই এটা কিছু কিছু করে মেটানোর চেষ্টা করছে।একজন সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে রইলেন। তাঁকে দ্রুত উদ্ধারের কার্যকর পুলিশি ব্যবস্থা ছিল না। এসব ঘটনার পর রাজপথে চলমান লোকসংখ্যা কমে যায়। দোকানপাটও প্রায়ই বন্ধ থাকে। তা সত্ত্বেও অনেকের নজরেই ঘটনাটি পড়ার কথা। আমাদের এ পুরুষশাসিত সমাজে সে এসআইকে উদ্ধার করতে কিন্তু কোনো পুরুষ এগিয়ে যাননি। সর্বাগ্রে এগিয়ে এসেছেন একজন সাহসী নারী। সম্মান ও মর্যাদা তাঁর প্রাপ্য। পুলিশ সদর দপ্তর তাঁকে তা দিয়েছেও। তবে এ ঘটনাটির মাধ্যমে আমাদের সমাজে যে অবক্ষয় ঘটেছে, তার একটি চিত্রও সামনে চলে আসে। আক্রান্তের পাশে দাঁড়াতে খুব কমসংখ্যক লোককেই দেখা যায়। চলমান আন্দোলনে পুলিশ কেন হামলাকারীদের অন্যতম লক্ষ্য? অতীতে তো এমনটা ছিল না। আক্রমণকারীদের ভাবনা হতে পারে এমন যে, পুলিশকে কাবু করতে পারলে রাষ্ট্রশক্তি দুর্বল হবে। দুর্বল হবে সরকার। আরেকটি বিষয় এখানে উল্লেখ করার থাকে। শুধু বর্তমান সরকারের সময়েই নয়, আগের সরকারগুলোর সময়ও হরতাল-অবরোধকালে পুলিশি অভিযানে বেশ কিছু ক্ষেত্রে সরকারি দলের সমর্থক-কর্মীরা অংশ নেয়। তাদের কেউ কেউ আগ্নেয়াস্ত্র বহন করছে এমন সচিত্র প্রতিবেদনও দেখা গেছে। আরও দেখা গেছে, হরতালকারী কর্মী-সমর্থকদের নির্মমভাবে প্রহার করছে সরকারি দলের কর্মী-সমর্থকেরা। সে অস্ত্রধারী ও হামলাকারী সরকারি দলের কর্মী-সমর্থকদের দেখা যায় পুলিশের নিরাপত্তাবলয়ে তাদের সম্পূরক শক্তি হিসেবে। এটাও প্রতিপক্ষকে পুলিশের প্রতি প্রতিহিংসাপরায়ণ করতে পারে। ক্ষেত্রবিশেষে পুলিশ আন্দোলনকারীদের ওপর অকারণে বা তুচ্ছ কারণে মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ এ ধরনের ঘটনার পেছনে ইন্ধন জুগিয়ে থাকতে পারে। তাই এসব বিষয়ে পুলিশের অতিরিক্ত সতর্ক হওয়া আবশ্যক। বেআইনি আগ্নেয়াস্ত্রধারী যেকোনো দলের সন্ত্রাসী পুলিশের নজরে এলেই তাকে গ্রেপ্তার করার কথা। হরতালবিরোধী সহযোগী হিসেবে তাকে গ্রহণ করার প্রশ্নই আসে না। হরতালে ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতামূলক কাজ প্রতিরোধের দায়িত্ব পুলিশ কিংবা তাদের সহযোগী বাহিনীর। জনগণের দায়িত্ব তাদের নৈতিক সমর্থন দেওয়া। কোনো রাজনৈতিক দলের কর্মী-সমর্থকেরা ক্ষেত্রবিশেষে এ দায়িত্ব নিয়ে কী ক্ষতি ঘটিয়ে চলছে, তা আজও বুঝতে না পারলে আর কবে বোঝা যাবে? কোনো রাজনৈতিক দল, সামাজিক বা ছাত্রসংগঠনের অহিংস আইনানুগ আন্দোলনে পুলিশ কোনো বাধার সৃষ্টি করে গোলযোগে ইন্ধন দেওয়া নির্বুদ্ধিতার ব্যাপার হবে। এখানে ক্ষেত্রবিশেষে স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা পুলিশকে এ-জাতীয় পরিস্থিতির দিকে ঠেলে দেন। ঘোলাটে হয় পরিবেশ। অথচ পরিস্থিতির অবনতি হলে দায় নিতে হয় পুলিশ ও প্রশাসনকে। তাই কারও দ্বারা প্ররোচিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার প্রচেষ্টা থেকে বিরত থাকা সমীচীন। দেশে চলমান আন্দোলনের সহসা ইতি ঘটার তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সুতরাং, হরতাল-অবরোধ ধরনের কর্মসূচি হয়তো চলতে থাকবে। আর রাজপথে একে মোকাবিলার মূল শক্তি পুলিশ। তাই নিকট অতীতে যা ঘটে গেল, তা থেকে তারা শিক্ষা নিতে পারে। হরতাল-অবরোধ যাঁরা ডাকেন, এসব কর্মসূচি সফল করতে রাজপথে নামেন, তাঁদেরও ভাবা দরকার, পুলিশ আইনি দায়িত্ব পালন করছে। এটা করার জন্য তাদের মাইনে দিয়ে রাখা হয়। তারা আমাদের ভাই, বোন বা বন্ধু। ভিন্ন কোনো গ্রহের লোক নয়। তাদের প্রতি নিষ্ঠুর আচরণ রাষ্ট্রশক্তির মূলে আঘাতের তুল্য। সরকার আসে-যায়। সবারই কিন্তু দরকার হয় পুলিশ। এমনকি বিরোধী দলের নেতাকেও নিরাপত্তা দেয় পুলিশ। তাই তাদের ওপর হামলা চালানো উচিত নয়। কোনো সংঘাতকালে পাল্টাপাল্টি ধাওয়া ঘটা আমাদের আন্দোলনের সংস্কৃতি হয়ে গেছে। এতে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। উভয় পক্ষই আহত হতে পারে, মারাও যেতে পারে দু-একজন। তবে পুলিশের কোনো একটি টহল দলের ওপর আচমকা হামলা, তাদের কাউকে নির্মম জখম আর পিটিয়ে হত্যা আন্দোলনের কার্যক্রম হিসেবে কিন্তু সাম্প্রতিক সংযোজন। এটা আন্দোলনকারীদের কতটা সুফল দেবে তার হিসাব-নিকাশ তাঁরা করছেন কি না, জানি না। কিন্তু এটা যে জাতিকে ক্ষতবিক্ষত করছে, তাতে সন্দেহ নেই। আন্দোলনকারীরাও সে জাতিরই অংশ, এই পুলিশ তাদের বিপদকালেও আবশ্যক হবে। এসব ঘটনার জন্য পুলিশের যেসব অভ্যন্তরীণ দুর্বলতা রয়েছে, তা দ্রুত দূর করা প্রয়োজন। পুলিশের অন্যতম বৈশিষ্ট্য হবে ধৈর্য ও সংযম। তবে জনগণের জানমালের চরম ক্ষয়ক্ষতির মুখে কিংবা নিজেদের জীবন বিপন্ন হলে ধৈর্য-সংযম নিষ্ক্রিয়তা বলেই চিহ্নিত হবে। সরকার তাদের বেতন-ভাতা দিয়ে চাকরিতে রাখে। পোশাক, অস্ত্র ও গোলাবারুদ দেয়। তদুপরি আইন তাদের দিয়েছে বেআইনি জনতাকে ছত্রভঙ্গ করার ক্ষমতা। সে ক্ষমতা কোন স্তরে কতটুকু প্রয়োগ করতে হবে, তা নির্ধারণের দায়িত্ব ঘটনাস্থলে অবস্থানকারী পুলিশ কর্মকর্তা বা ক্ষেত্রবিশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটের। অকারণ সক্রিয়তার মতোই প্রয়োজনের সময় নিষ্ক্রিয় থাকা চাকরিবিধি অনুসারেই শাস্তিযোগ্য অপরাধ।রাজশাহীর ঝরনা বেগম চরম সংকটেও যে সাহস ও মানবতার পরিচয় দিয়েছেন, তা নজির হয়ে থাকবে। অন্যরাও তাঁর নজির অনুসরণে উৎসাহিত হবেন, এটা আশা করা অমূলক হবে না। তবে পুলিশকে তার অভ্যন্তরীণ দুর্বলতা থেকে বেরিয়ে আসতে হবে। সেদিন এসআই জাহাঙ্গীর আলম অকস্মাৎ আক্রান্ত হলে অতিদ্রুত তাঁর পুলিশি সহায়তা পাওয়ার কথা ছিল। তিনি তা পাননি। সহায়তা দিয়েছেন সাধারণ নাগরিক ঝরনা বেগম। নিরাপত্তার জন্য শুধু তাঁর মতো লোকদের ওপর নির্ভর করে থাকলেই পুলিশের চলবে না। তাদের স্বীয় শক্তিতে ঘুরে দাঁড়াতে হবে। কেননা, তাদের হাতেই রয়েছে দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তার দায়িত্ব। এঁদের মধ্যে একজন ঝরনা বেগমও আছেন। আলী ইমাম মজুমদার: সাবেক মন্ত্রিপরিষদ সচিব। [email protected]