আমাদের শাসক, নীতিনির্ধারক ও রাজনৈতিক নেতা–নেত্রীদের অনেকেই সমাজ পরিবর্তনে স্বার্থত্যাগের আহ্বান জানান, কিন্তু নিজেদের মাইনে ও সুযোগ-সুবিধায় একটি আঁচড়ও পড়তে দিতে চান না। তাঁদের বাইরে কিছু মানুষ আছেন, যাঁদের ঘরের খেয়ে বনের মোষ না তাড়ালে চলে না। তাঁদের সেই ‘বাতিকের’ জোরেই সমাজ এখনো স্বেচ্ছাশ্রমবিবর্জিত ব্যক্তিগত স্বার্থান্ধের পাঁকে একেবারে ডুবে যায়নি।
প্রথম আলোর এক প্রতিবেদনের সুবাদে সেই রকমের কলেজপড়ুয়া তরুণদের দেখা মিলল পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। সেখানকার কয়েকজন ছাত্রছাত্রী ও শিক্ষক নিঃস্বার্থ চিন্তা থেকে ঝরে পড়া শিশুদের আবার স্কুলে পাঠানোর প্রত্যয় নিয়েছেন। ১ নম্বর ওয়ার্ডের পুরোনো লঞ্চঘাট এলাকার বটতলায় তাঁরা ‘স্বপ্নপূরণ বিদ্যানিকেতন’ নামের একটি পাঠশালা খুলেছেন। সেখানে যে শিশুরা আসে, তাদের সবাই স্কুল থেকে ঝরে পড়া। এই পাঠশালায় এসে কিছুদিন পড়াশোনা করে পাঠমনস্ক হয়ে আবার তারা ফিরে যাচ্ছে বিদ্যালয়ে। ঝরে পড়া সেই শিশুরা স্বপ্নপূরণ বিদ্যানিকেতন পাঠশালায় আসার পর আবার স্বপ্ন দেখতে শুরু করেছে। তারাই এখন শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ কিংবা ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে।
‘মান্তা সম্প্রদায়’ ও দিনমজুর পরিবারের ২৮ শিশুকে নিয়ে শুরু করা পাঠশালাটিতে বর্তমানে ৮৫ জন শিক্ষার্থী রয়েছে। তাদের মধ্যে মেয়েশিশুই ৪৭ জন। বেলা তিনটা বাজলেই শিক্ষার্থীরা পাঠশালাটিতে হাজির হচ্ছে। মাদুর পেতে বসে তারা কখনো উচ্চ স্বরে পড়ছে। কখনো লেখায় ডুবে যাচ্ছে। কখনো আবৃত্তি ও গানে মুখর করে তুলছে এলাকা। খোলা আকাশের নিচে এভাবে পাঠদান চলছে। স্বেচ্ছাসেবী তরুণেরা তাদের পড়াচ্ছেন। নিজেদের টাকায় বা কারও কাছ থেকে আর্থিক সাহায্য এনে শিশুদের বইপত্র ও খাবার কিনে দিচ্ছেন।
গলাচিপার এই কলেজপড়ুয়া দলটি যা নিঃশব্দে যা করে চলেছে, আমাদের মতো জনবহুল ও দারিদ্র্যপীড়িত দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উদ্যোগ। এর সামাজিক তাৎপর্যটি বিরাট। শুধু ব্যক্তিগত ভাগ্যোন্নয়নের চিন্তা ও চেষ্টায় তাড়িত এই সমাজে বৃহত্তর মঙ্গলের লক্ষ্যে এমন স্বেচ্ছামূলক উদ্যোগ এ দেশে অত্যন্ত বিরল। আমরা এই তরুণদের অভিবাদন জানাই। তাঁদের দৃষ্টান্তে অনুপ্রাণিত হয়ে সারা দেশের জেলা–উপজেলা পর্যায়ে আরও তরুণেরা এগিয়ে এলে আমাদের শিশুদের একটা উল্লেখযোগ্য অংশ শিক্ষাজীবন থেকে অকালে ঝরে পড়া থেকে রক্ষা পাবে। আমাদের দেশে দারিদ্র্য অনেক কমেছে, শিক্ষার হারও অনেক বেড়েছে। তবু এখনো অনেক শিশু অকালে বিদ্যালয় থেকে ঝরে যায়। এটা অবশ্যই রোধ করতে হবে।
আজকের পরিবর্তিত বিশ্ব ও আমাদের সামাজিক রূপান্তর মাথায় রেখে ঝরে পড়া শিশুদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া দরকার। প্রান্তিক পর্যায়ের শিশুদের অশিক্ষার অন্ধকারে রেখে সামনে এগোনো সম্ভব নয়। তাই তাদের ঝরে পড়া ঠেকাতে আনন্দময় শিক্ষাদানের পরিবেশ গড়ে তোলার সময় এসেছে। গলাচিপার তরুণ ছাত্রছাত্রীদের উদ্যোগে উদ্দীপ্ত হয়ে শিশুশিক্ষার সব বঞ্চনাকে ভেঙে ফেলার সময় এসেছে।