ঝিলে বাড়িধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জায়গা দখল, সেখানে অবৈধভাবে বাড়িঘর বানানো, সেগুলো ভাড়া দিয়ে ভাড়া আদায়—এসব যে কতটা নির্বিঘ্নে চলতে পারে, সেটা টের পাওয়া গেল গত বুধবার মালিবাগ চৌধুরীপাড়ায় একটি বাড়ি পানিতে দেবে যাওয়ার পর। এতে কতজন মারা গেছে, তার সঠিক হিসাব আদৌ পাওয়া যাবে কি না, সন্দেহ রয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত ১২টি লাশ উদ্ধার ঘটনার ভয়াবহতা বোঝার জন্য যথেষ্ট।
এই বাড়িধস প্রমাণ করছে, এই শহরে কোথায় কী হচ্ছে, এর ওপর কারও কোনো নিয়ন্ত্রণ নেই বা এসব দেখার কোনো কর্তৃপক্ষ নেই। ফায়ার সার্ভিসের কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, ঝিলের ওপর কাঠ ও টিন দিয়ে অবৈধভাবে অদক্ষ হাতে তৈরি করা হয়েছিল বাড়িটি। কিন্তু দিনের পর দিন লোকজন সেখানে বসবাস করেছে ভাড়া দিয়ে। সরকারের প্রশাসনযন্ত্রের অবস্থা এতই খারাপ যে এই দুর্ঘটনার পরপর ঢাকা জেলা প্রশাসনের তেজগাঁও সার্কেলের কর্মকর্তা নিশ্চিত করতে পারেননি যে জমিটি আসলে কার! এই যদি অবস্থা হয়, তবে দখলদারেরা তো সুযোগ নেবেই!
টিন–কাঠের বাড়ি দেবে গেল পানিতে, ১১ লাশ উদ্ধারপ্রথম আলোয় প্রকাশিত খবরের তথ্য অনুযায়ী, দেবে যাওয়া বাড়িটির ‘মালিক’ মুনীর চৌধুরী ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের নেতা। ঝিলের ওপর বাঁশের খুঁটি, লোহা, টিন ও কাঠ দিয়ে দোতলা বাড়িতে প্রায় ২৪টি ঘর ছিল। সরকারি দলের লোকজন যখন দখল আর অবৈধ কাজে জড়িয়ে পড়েন, তখন সব ক্ষেত্রেই প্রশাসনযন্ত্রের নিষ্ক্রিয় হয়ে যাওয়া যেন এখন রেওয়াজে পরিণত হয়েছে।
এ ঘটনা তদন্তে একটি কমিটি হয়েছে, জেলা প্রশাসন নিহত ব্যক্তিদের প্রতি পরিবারকে ২০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন হচ্ছে, এ ধরনের ঘটনা ঘটতে দিয়ে দায়সারা এসব উদ্যোগই কি যথেষ্ট? প্রশাসনের কাউকে কি এর জন্য জবাবদিহি করতে হবে না?
বাড়ির ‘মালিক’ যুবলীগ নেতা মুনীরসহ যাঁদের দায়িত্বহীনতা ও গাফিলতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, আমরা তাঁদের বিচার ও শাস্তির মুখোমুখি দেখতে চাই।