ঝিলের মধ্যে আবার ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিলের মধ্যে অবৈধভাবে নির্মিত টিনের ঘর ধসে পড়ে ১২ জনের মৃত্যুর পর তিন সপ্তাহও যায়নি, এরই মধ্যে মালিবাগ চৌধুরীপাড়ার ঝিলে আবার ঘর তৈরি করা হচ্ছে। এলাকার প্রভাবশালী চক্র বেআইনিভাবে এসব মৃত্যুফাঁদ তৈরি করে চলেছে। ঘর ভেঙে মানুষ মারা যায়, অথচ সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। তা না হলে কীভাবে ঝিলের মধ্যে আবার ঘর উঠছে?
রাজধানী ঢাকায় রাজউকের অনুমোদন ছাড়া কোনো বাড়ি তৈরি করা যায় না। ঢাকার জন্য বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) তৈরি করা হয়েছিল। তারপর সেটা আবার সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। এখন সেটা চূড়ান্ত করে কোন এলাকা ঝিল, কোনটি আবাসিক ও কোনটি বাণিজ্যিক এলাকা, তা নিখুঁতভাবে চিহ্নিত করতে হবে। কোনো ঝিলের ওপর বাড়ি বা কোনো ধরনের কাঠামো তৈরি করা বেআইনি। বিদ্যমান আইনেও কোনো নিচু জমি বা জলাশয় ভরাট করা যাবে না। এই আইনটি কি হিমাগারে গেছে?
ঝিলে প্রভাবশালীদের ঝুঁকিপূর্ণ ঘরবাড়িআইন থাকলেই চলে না, তা যথাযথ কর্তৃপক্ষের উদ্যোগে কার্যকর করতে হয়। এ দায়িত্ব রাজউকের হলেও প্রতিষ্ঠানটি বরাবর নিষ্ক্রিয়। তাদের অনুসন্ধানী দল আছে; কিন্তু ঝিলের ওপর ঘরগুলো তাদের চোখে পড়ে না। এসব অনিয়ম দূর করতে রাজউক পুলিশের সাহায্য নিতে পারে। কঠোর নজরদারির বিকল্প নেই।
এর আগে দেবে যাওয়া ঘরের মালিক ছিলেন একজন যুবলীগের নেতা। তাই হয়তো তিনি সহজে আইন ভাঙতে পেরেছিলেন। রাজনৈতিক প্রভাবশালীদের ছাড় দেওয়ার এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
এলাকার জনসাধারণেরও সজাগ দৃষ্টি থাকা দরকার। এখন তো নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন। স্থানীয় বাসিন্দাদের নিয়ে তাঁরা কমিটি করতে পারেন। এসব কমিটির কাজ হবে এলাকায় কোনো অনিয়ম বা অন্যায় হলে তার প্রতিকারের জন্য সোচ্চার হওয়া। সামাজিক প্রতিরোধ থাকলে এ ধরনের বেআইনি কাজে বাধা দেওয়া সহজ হবে।