ঝুঁকিতে মেঘনা সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা ও গোমতী সেতু সংস্কারের কাজ শেষ হয়েছে মাত্র গত বছর। খরচ হয়েছে প্রায় ৪৫০ কোটি টাকা। আগামী ১০ বছর সেতু দুটি নিরাপদ থাকবে—এমনই ধরে নেওয়া হয়েছিল সংস্কারের পর। কিন্তু এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে মেঘনা সেতু, কারণ নদী থেকে বালু তোলা হচ্ছে অবৈধভাবে। কয়েকজন বালুচোর দেশের গুরুত্বপূর্ণ একটি সেতুকে যেভাবে হুমকির মুখে ফেলে দিয়েছে, তাতে এই প্রশ্ন খুবই স্বাভাবিক যে স্থানীয় প্রশাসন বলে কি কিছু সেখানে কার্যকর আছে?
বালু চুরি গোপনে করা সম্ভব নয়। যোগাযোগমন্ত্রী মেঘনা সেতু পরিদর্শনে গিয়ে বালু সরে সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তাঁর নির্দেশে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলেছে। আমাদের প্রশ্ন, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে কেন মন্ত্রীর নির্দেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে?
স্থানীয় প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের এ ধরনের দায়িত্বহীনতার বিরুদ্ধে কি আদৌ ব্যবস্থা নেওয়া হবে? প্রকাশ্যে ঘটা বালু চুরির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অর্থ হচ্ছে এই চুরির কাজে সহায়তা করা। সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতির কথা জানিয়েছেন। আমরা তাঁর কাছে জানতে চাই, ‘মামলার প্রস্তুতি’ কেন? এত দিন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? জবাবদিহি বলে কিছু থাকলে এ ধরনের কর্মকর্তার চাকরি থাকার কথা নয়।
প্রকাশ্যে এই বালু চুরির কাজ চলছে, কারণ আওয়ামী লীগের নেতারা এই চুরি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। যোগাযোগমন্ত্রী নিজেও বিষয়টি স্বীকার করেছেন। বালু চুরিতে জড়িত সরকারি দলে লোক, আর সব দেখে-শুনেও চুপ করে আছেন সরকারের কর্মকর্তারা। এ ধরনের অবস্থা যদি চলতে থাকে, তবে শুধু মেঘনা সেতু কেন, দেশই ঝুঁকির মুখে পড়বে। সরকার এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেটাই এখন দেখার বিষয়।