ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরিয়ে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

বর্ষাকালে বা অতিবৃষ্টিতে পাহাড় বা টিলাধসের ঘটনা এ দেশে নতুন নয়। অতীতে চট্টগ্রাম ও সিলেটে একাধিক ঘটনা বিপুল প্রাণহানি ঘটেছে। এ নিয়ে নানা পদক্ষেপ এবং উদ্যোগ নেওয়া হলেও বন্ধ নেই পাহাড় ও টিলা কাটা; ঝুঁকিপূর্ণ বসবাসও থেমে নেই।

ফলে প্রাণহানির ঘটনা ঘটছেই। সর্বশেষ সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের সাতজনি গ্রামে টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। টিলাধসের শঙ্কায় দিন কাটাচ্ছেন একই এলাকার অন্য বাসিন্দারা। চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন গ্রামে আরও প্রায় ২৫টি পরিবারের শতাধিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, গত সোমবার ভোরে অতিবৃষ্টিতে এক বাড়িতে টিলা ধসে পড়ে। বসবাসরত পরিবারের ১১ সদস্য মাটির স্তূপের নিচে চাপা পড়েন। প্রতিবেশীদের সহায়তায় ৭ জন বেঁচে গেলেও নারী, শিশুসহ মারা যান ৪ জন। টিলাগুলো ব্যক্তিগত সম্পত্তির আওতায় ভেতরে পড়ায় যুগ যুগ ধরে সেখানে বসবাস করে আসছে অনেকগুলো পরিবার।

কিন্তু ব্যক্তির অধীন হলেও কোনো পাহাড় ও টিলা কাটার সুযোগ নেই। আইনিভাবে বাধা আছে। টিলা কাটার কারণে পরিবারটির ওপর এ ধস কী না, সেটি নিশ্চিত করা না গেলেও ওই গ্রাম ও আশপাশের গ্রামে টিলা কাটার প্রমাণ পাওয়া গেছে।

ওই এলাকায় টিলা ধসের এটিই প্রথম ঘটনা। আশপাশে আরও টিলা কাটার ফলে এমন ঘটনা পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। তবে নুরুল ইসলাম নামের বাসিন্দা বলেন, টিলার মাটি কাটা অপরাধ, সে জন্য টিলার মাটি কাটেন না তাঁরা।

এদিকে টিলার ধসের শঙ্কা রয়েছে। দুই দিকেই বিপদ। টিলার মাটি না কাটলে ধসে ঘরের ওপর পড়ার আশঙ্কা রয়েছে। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বাশিরুল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষা মৌসুমে টিলা এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে মাইকিং করা হয়।

টিলা এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার জন্যও আহ্বান জানানো হয়। তিনি বলেন, টিলা এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় না থাকলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। আমরা তাঁর কথায় আস্থা রাখতে চাই।

তবে সিলেটে প্রকাশ্যে পাহাড় ও টিলা কেটে সাবাড় করা নিয়ে স্থানীয় প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তরের তেমন তৎপরতা আমরা দেখতে পাই না। অনেক ক্ষেত্রে প্রশাসনের যোগসাজশেও টিলা কাটা হয় বলে অভিযোগ আছে। বাসিন্দাদের নিরাপদে আবাস নিশ্চিত করতে সবার আগে পাহাড় ও টিলা কাটার বিরুদ্ধে কঠোর অবস্থা নিতে হবে। পাহাড় বা টিলা ধসে আমরা আর কোনো মৃত্যু দেখতে চাই না।