ঝুঁকির মুখে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই সেতুর মাধ্যমে শমশেরনগর ও চাতালপুর স্থল শুল্কস্টেশন যুক্ত। বর্ষা এখনো শুরু হয়নি। এই অবস্থায় মনু নদের প্রতিরক্ষা বাঁধের এই ভাঙন সামনে পরিস্থিতি আরও খারাপ হওয়ারই ইঙ্গিত দিচ্ছে। বাঁধের ভাঙন ঠেকানো না গেলে সামনের বর্ষায় পাহাড়ি ঢলে সেতুটির উত্তর-পূর্ব অংশ ভেঙে যেতে পারে বলে স্থানীয় লোকজন মনে করছেন। সে ক্ষেত্রে শফিপুর উপজেলার সঙ্গেও শমশেরনগরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।

শফিপুর ইউনিয়নের ৪০ হাজার মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। সেতুটির মাধ্যমে তারা শমশেরনগর হয়ে জেলা সদর মৌলভীবাজারে যেতে পারে। চাতালপুর স্থল শুল্কস্টেশনের রাজস্ব কর্মকর্তা প্রথমআলোকে বলেছেন, বিজিবি সীমান্ত ফাঁড়ি-সংলগ্ন মনু সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। আমদানি-রপ্তানি বাণিজ্য ছাড়াও শফিপুর ইউনিয়নের সঙ্গে উপজেলা সদর ও ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষায় এই সেতুর গুরুত্ব অনেক। ওই স্থল শুল্কস্টেশন দিয়ে যাঁরা ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত, তাঁরা সামনের বর্ষায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা এই সেতুর পরিণতি কী হবে, তা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন।

মনু নদের প্রতিরক্ষা বাঁধের ভাঙন ও সেতুটির এই ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি ইউনিয়ন পরিষদের তরফে জেলা পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যানের অভিযোগ, এ ব্যাপারে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে পাউবো মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী সেতুটি ‘কিছুটা ঝুঁকিতে’ রয়েছে বলে স্বীকার করেছেন এবং বলেছেন, সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। আমরা আশা করব, পাউবো দ্রুত উদ্যোগী হয়ে বর্ষার আগেই বাঁধটির ভাঙন রোধ এবং সেতুটি রক্ষার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ ক্ষেত্রে আমরা কোনো গাফিলতি দেখতে চাই না।