শিমুলিয়া-কাঁঠালবাড়ি-মাঝিকান্দি নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোতে অনুমোদনের চেয়ে বেশি আসন বসানো হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের পরিদর্শনে আরও ত্রুটি ধরা পড়েছে। আসন্ন ঝড়ের মৌসুমে এ ধরনের ত্রুটিপূর্ণ নকশার লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলোর আসনসংখ্যাসহ নানা ত্রুটির বিষয় উল্লেখ করে তা দ্রুত সমাধানের জন্য ৯ মার্চ বাংলাদেশ লঞ্চমালিক সমিতির মাওয়া শাখার সভাপতিকে চিঠি দেন নৌপরিবহন অধিদপ্তরের ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক। চিঠিতে বলা হয়, নৌপথটিতে চলাচলকারী ৮৪টি যাত্রীবাহী লঞ্চের ৬৫টিই ওপরের ডেকে অনুমোদনের চেয়ে কয়েক গুণ বেশি আসন বসিয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময় পরিদর্শন করে এ নৌপথের লঞ্চগুলোতে নানা ত্রুটি ধরা পড়ে। এ ছাড়া নৌযানগুলোর ওপরের ডেকে যাত্রীদের হাতের নাগালে বয়া রাখার ব্যবস্থা নেই। প্রায় সব নৌযানেই ওপরের ডেকের পেছনের খালি জায়গা ও পেছনের ছাদে যাত্রী পরিবহন করা হয়। এতে নৌযানের ভারসাম্য নষ্ট হয়। আসন্ন ঝড় মৌসুমে নৌ দুর্ঘটনা এড়াতে লঞ্চের ত্রুটি সারানোর জন্য অনুরোধ করা হয় চিঠিতে। এ ছাড়া ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহন না করারও অনুরোধ করা হয়।
লঞ্চমালিকদের দাবি, নকশা অনুযায়ীই আসন বসানো হয়েছে। নৌপরিবহন অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এ নৌপথে চলাচলকারী লঞ্চের ত্রুটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে নৌ দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বিশেষ করে ঝড়ের মৌসুমে ছোট আকৃতির লঞ্চ ডুবে প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি যে প্রতিবেদন দেয়, তাতে লঞ্চের নকশা পরিবর্তনের বিষয়টি দুর্ঘটনার বড় কারণ বলে চিহ্নিত করা হয়। লঞ্চের ডেকে কতটি আসন থাকবে, আর কতজন যাত্রী পরিবহন করা যাবে, সেই হিসাবটি বিজ্ঞানভিত্তিক। চলাচলের সময় নৌযানের ভারসাম্য রক্ষায় সেটা অত্যন্ত জরুরি একটি বিষয়। ফলে মালিকেরা চাইলেই নকশার ব্যত্যয় ঘটিয়ে লঞ্চে নিজেদের ইচ্ছেমতো আসন বসাতে পারেন না। কেননা, এর সঙ্গে যাত্রী সাধারণের মহামূল্যবান জীবনের প্রশ্নটি জড়িত।
নৌপরিবহন অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক লঞ্চমালিকদের যে চিঠি দিয়েছেন, তাতে এটা স্পষ্ট যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি-মাঝিকান্দি নৌপথে চলাচলকারী সিংহভাগ লঞ্চই ঝুঁকিপূর্ণ নকশার। আসন্ন ঝড়ের মৌসুমের আগেই এগুলোর ত্রুটি সারানো প্রয়োজন। বয়াসহ যাত্রীদের জীবন রক্ষাকারী উপকরণগুলোর নিশ্চিত ব্যবস্থা করতে হবে। বড় কোনো দুর্ঘটনায় প্রাণহানির আগেই এসব ব্যবস্থা নিতে হবে।