টর্নেডো এমনই এক ভয়াবহ দুর্যোগ, যা অল্প সময়েই ঘটাতে পারে অকল্পনীয় ধ্বংসযজ্ঞ। শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় ১৫ মিনিটের টর্নেডো মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ১৫টি গ্রামকে। এতে সম্পদ ও ফসলের যে ক্ষতি হয়েছে তা সময় লাগলেও নিশ্চয়ই পূরণ করা যাবে, কিন্তু টর্নেডোর এই তাণ্ডব কেড়ে নিয়েছে ২৩টি প্রাণ, এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। আহত পাঁচ শতাধিক মানুষের অনেকেই হয়তো জীবনভর বয়ে বেড়াবেন এই টর্নেডোর ক্ষত। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা আমাদের শোক ও গভীর সমবেদনা প্রকাশ করছি।টর্নেডোর মতো প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কোনো হাত নেই। আগাম সতর্কতা বা প্রস্তুতিরও তেমন সুযোগ থাকে না। শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে বয়ে যাওয়া এই টর্নেডোও ১৫টি গ্রামের মানুষকে আগাম প্রস্তুতির কোনো সুযোগ দেয়নি। টর্নেডো এই গ্রামগুলোর প্রায় সবকিছুই ধ্বংস করেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছ উপড়ে গেছে, ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ট্রেন যোগাযোগ ব্যাহত হয়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ফসলের। এ ঘটনার পর পরই জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারপ্রতি আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এই দুর্যোগের পরদিন আহত ব্যক্তিদের চিকিৎসা ও স্থানীয় বিভিন্ন সূত্রে ত্রাণ তৎপরতার কিছু খবর পাওয়া গেলেও বিধ্বস্ত গ্রামগুলোতে উদ্ধার তৎপরতার কোনো উদ্যোগ দেখা যায়নি বলে আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন। বিশেষ করে এই গ্রামগুলোর ভেঙে পড়া যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার কোনো উদ্যোগ বা তৎপরতাই দেখা যায়নি।ক্ষতিগ্রস্ত লোকজনকে সহায়তা ও তাদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার বিষয়টি খুবই জরুরি। গ্রামের পথে ভেঙে পড়া গাছপালাসহ টর্নেডোর আঘাতে বিধ্বস্ত বাড়িঘর ও স্থাপনার অংশগুলো সরানোর কাজটি প্রশাসনের তরফে টর্নেডোর পর পরই শুরু করা উচিত ছিল। একই সঙ্গে বিধ্বস্ত বাড়িঘরগুলোতে উদ্ধার তৎপরতা ও নতুন করে নির্মাণপ্রক্রিয়া শুরুর দিকেও জরুরি ভিত্তিতে নজর দেওয়া উচিত। আমরা আশা করব, সরকার ও স্থানীয় প্রশাসন সর্বশক্তি দিয়ে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে।