টাকার বিনিময়ে ভিজিডির চাল বিতরণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোববার প্রথমআলোয় প্রকাশিত খবরে বলা হয়, ভিজিডির অধীনে দুস্থ নারীদের জন্য ২০১৬-১৭ অর্থবছরে ডোয়াইল ইউনিয়নে ৩৫৬টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। এ কার্ডধারীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এ জন্য কার্ডধারীদের কাছ থেকে টাকা নেওয়ার কোনো নিয়ম না থাকলেও শনিবার চাল বিতরণের সময় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন প্রত্যেক কার্ডধারীর কাছ থেকে ১০০ থেকে ৩০০ টাকা নেন। কারণ হিসেবে তিনি পরিবহন ব্যয় এবং উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে খরচের কথা উল্লেখ করেন। তাঁর এই যুক্তি কোনোভাবেই মেনে নেওয়ার সুযোগ নেই।

তবে শুধু সরিষাবাড়ীতে নয়, প্রায় সারা দেশেই ভিজিডির চাল বিতরণে এ রকম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। কোথাও চাল ওজনে কম দিচ্ছে। মাসে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও দিচ্ছে ২৫ কেজি, কোথাও দিচ্ছে ২৮ কেজি। কোথাও কার্ড করার সময় জনপ্রতি দুই থেকে আড়াই হাজার টাকা আদায় করা হয়েছে। আবার টাকা নিলেও অনেককে কার্ড দেওয়া হয়নি। এমনও দেখা গেছে, দুস্থ নারীদের কার্ড না দিয়ে সচ্ছল নারীদের কার্ড দেওয়া হয়েছে। কোথাও কোথাও চাল পাচারের ঘটনাও ঘটেছে।

দুস্থ নারীদের উন্নয়নের জন্য ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট বা ভিজিডি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি সর্ববৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এ কর্মসূচিতে দুস্থ ও অসহায় কিন্তু শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তার পাশাপাশি তাঁদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উন্নয়ন প্যাকেজ সেবার আওতায় প্রশিক্ষণ দেওয়া হয়।

কিন্তু এখন দেখা যাচ্ছে, এই কর্মসূচি অনেকের জন্য লুটপাটের সুযোগ এনে দিয়েছে। এটা কোনোভাবেই কাম্য নয়। সরকারকে এ ব্যাপারে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নিতে হবে। ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যাঁদের বিরুদ্ধে চাল বিতরণে অনিয়ম ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।