টাঙ্গাইলে নির্যাতন ও বর্বরতার শিকার হয়েছেন এক মা ও তাঁর ছেলে। এর প্রতিবাদে ও ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিল এলাকাবাসী। এ ধরনের প্রতিবাদ একটি স্বাভাবিক ঘটনা, কিন্তু এটা সামাল দিতে গিয়ে ভয়ংকর অস্বাভাবিক কাজই করে ফেলেছে পুলিশ। বিক্ষোভ ও প্রতিবাদকারীদের ওপর পুলিশের চালানো গুলিতে মারা যান তিনজন। প্রশ্ন হচ্ছে, এভাবে গুলি চালানো কি খুব জরুরি ছিল? মানুষ না মেরে কি পরিস্থিতি সামাল দেওয়া যেত না?
মা ও ছেলের ওপর নির্যাতনের যে ঘটনা প্রকাশ পেয়েছে, তা জনমনে ক্ষোভ সৃষ্টির জন্য যথেষ্ট। ছেলেটির সঙ্গে এক নারীর সম্পর্কের সূত্র ধরে এই ঘটনা ঘটে। সেই নারীর স্বামী রফিকুল ইসলাম মা ও ছেলেকে ডেকে নিয়ে বিবস্ত্র করে নির্যাতন করেন। নির্যাতনের শিকার মা বাদী হয়ে মামলা করলে পুলিশ অভিযুক্ত রফিকুল ইসলাম ও তাঁর ভগ্নিপতিকে গ্রেপ্তার করে। পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের আটক করার পরও এই ঘটনা নিয়ে কেন বিক্ষোভ ছড়িয়ে পড়ল, সেটাও বড় প্রশ্ন। প্রথম আলোর টাঙ্গাইল প্রতিনিধির মতে, অভিযুক্ত ব্যক্তিরা আটক হলেও গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশ মামলা নেয়নি বা নারীটি আত্মহত্যা করেছেন।
বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কখনো গুলি চালানো প্রয়োজন হয়ে পড়ে। কিন্তু সে ক্ষেত্রে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলিবর্ষণই নিয়ম। কিন্তু নিহত ও আহত ব্যক্তিদের অনেকে যেভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তাতে এটা পরিষ্কার যে পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি করেছে।
বিক্ষোভ দমনে পুলিশের বাড়াবাড়ি বা গুজব ছড়ানোর বিষয়টির সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। পুলিশ সদর দপ্তর থেকে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি হয়েছে এবং ঘটনাস্থনে থাকা সব পুলিশ সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আশা করি, বাড়াবাড়ির বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি রইল আমাদের সমবেদনা। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।