টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান একটি খুনের মামলায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়ে এখন পলাতক। তাঁদেরই দলের জ্যেষ্ঠ নেতা ফারুক আহমেদ ২০১৩ সালে খুন হলে এই মামলা হয়। সাংসদের তিন ভাইও একই খুনের মামলার কারণে পলাতক। সাংসদের অনুপস্থিতির কারণে এলাকার উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সংসদ অধিবেশনে তিনি টানা ৩৭ দিন অনুপস্থিত। অথচ সংসদের বা দলের কোনো মাথাব্যথা নেই। জাতীয় সংসদের হুইপ মনে করেন, এটা তাঁর ব্যক্তিগত সমস্যা, তাই একটানা ৯০ দিনের অনুপস্থিতি পূর্ণ না হলে কিছু বলার প্রশ্ন ওঠে না!
সাংসদ ও তাঁর তিন ভাই এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন—এমন খবর পত্রপত্রিকায় বিভিন্ন সময় বেরিয়েছে। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে খুনোখুনির মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চার মাস ধরে পলাতক সাংসদ আমানুরবিগত নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি নিজেই স্বীকার করেছেন যে তাঁর বিরুদ্ধে চারটি খুনের মামলাসহ ৪৬টি মামলা রয়েছে। এগুলো সব চাঁদাবাজি ও সন্ত্রাসের মামলা। এ রকম কোনো দুর্ধর্ষ ব্যক্তিকে সাংসদ হিসেবে মনোনয়ন দেওয়া কি কোনো গণতান্ত্রিক দলের পক্ষে শোভা পায়? নির্বাচন কমিশনই বা প্রশ্ন তোলে না কেন? খুনসহ মারাত্মক অপরাধে অভিযুক্তদের মনোনয়ন দেওয়ার বিষয়ে একটি মানদণ্ড থাকা দরকার।
গত বছরের ২৫ অক্টোবর প্রথম আলোয় টাঙ্গাইলের এই ‘খান’ পরিবারের খুনোখুনি ও সন্ত্রাসের চিত্র তুলে ধরা হয়। প্রকাশিত তথ্যে বলা হয়, অভিযুক্ত সাংসদের বিষয়ে প্রধানমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন। ফলে পুলিশও তৎপর হয়ে ওঠে। কিন্তু দল থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্ত সাংসদের বিষয়ে দল ও সরকারপ্রধানের দ্বৈত নীতির সুযোগ নিতে পারছেন সাংসদ। অবিলম্বে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দল থেকে বহিষ্কার করতে হবে। আমরা আশা করব, দল ও সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নেবে।