দিনের পর দিন মৃত্যুকূপে ফেলে রাখার কারণে যদি অবধারিতভাবে কারও মৃত্যু হয়, তাকে কি হত্যাকাণ্ড ছাড়া অন্য কিছু বলা যায়? টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানা যখন আগে থেকেই চরম ঝুঁকির মধ্যে ছিল, তখন সেখানে বিস্ফোরণের কারণে ভবনধসে শনিবার পর্যন্ত ৩৬ জনের মৃত্যুকে আর দুর্ঘটনা বলা যায় না। কারখানার ব্যবস্থাপনা ও অবকাঠামোই যেখানে গণমৃত্যুর ঝুঁকি জাগিয়ে রাখে, তাকে দায়িত্বে অবহেলাজনিত হত্যাকাণ্ডই বলা শ্রেয়তর।
টাম্পাকোয় বিস্ফোরণ ও ভবনধসে এত মানুষের মৃত্যুর পর সরকার ও শিল্প কর্তৃপক্ষের কাছে একটি প্রশ্নই জিজ্ঞাস্য: আর কত মৃত্যু হলে কারখানার পরিবেশ উন্নত হবে? কিংবা এটাই কি উন্নয়নের একমাত্র পথ, যেখানে মুনাফার চুল্লিতে জ্বালানি হতে হয় মানুষের জীবন? রানা প্লাজার দুনিয়া কাঁপানো প্রাণহানির পরও যখন টনক নড়ে না, তাহলে কিসে আর নড়বে? রানা প্লাজার পরে দেশে ও বিদেশে জোরালো জনমত তৈরি হয়েছিল, সরকার ও দেশি-বিদেশি বাণিজ্যিক সংস্থা অনেক উদ্যোগের আশ্বাস দিয়েছিল। টাম্পাকোর ঘটনা সেসবকে পরিহাস করছে। কিন্তু জীবনের বিরুদ্ধে এই নিষ্ঠুরতার জবাবদিহি কি কাউকে করতে হবে না?
প্রথম আলোর রোববারের সরেজমিন প্রতিবেদন জানাচ্ছে, কারখানার ভবনে ওঠানামার কাজ হতো বাইরের অনিরাপদ লোহার সিঁড়ি দিয়ে। এমনকি দুটি লিফটের অবস্থানও ভবনের বাইরের দিকে! এই কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র দেওয়া হতো না। সেটিও শ্রম আইনের বরখেলাপ। কারখানা বন্ধ হওয়া মানে শ্রমিকদের তৎক্ষণাৎ পথে বসা। অথচ বিপজ্জনক অবকাঠামো ও শোষণমূলক কর্মপরিবেশ থাকার পরও এটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অনুমোদন ভোগ করে এল কীভাবে? কীভাবে সরকারি ও বিদেশি নামজাদা প্রতিষ্ঠানগুলো এই কারখানার সঙ্গে ব্যবসা চালিয়ে এল? সুতরাং দায় যাদের, তাদের সবাইকে আদালতের মাধ্যমে জবাবদিহি করা হোক। পাশাপাশি রানা প্লাজা ও তাজরীনের শ্রমিকদের যে পদ্ধতিতে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, টাম্পাকো কর্তৃপক্ষকে সেভাবে নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে বাধ্য করা হোক।