ক্রীড়াক্ষেত্রে আরেকটি উত্তরণ ঘটাল আমাদের মেয়েরা। বাংলাদেশ নারী ক্রিকেট দল জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিযোগী ১০টি দলের মধ্যে স্থান করে নিল। এর আগে অনূর্ধ্ব–১৪ নারী ফুটবল দলও নেপালে অনুষ্ঠিত দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ফাইনালে উত্তীর্ণ হয়েছিল (নেপালে ভূমিকম্পের জন্য যদিও ফাইনাল খেলাটি আর অনুষ্ঠিত হয়নি)। পাশাপাশি নারীদের হয়ে আরেকটি সাফল্যের শিখর স্পর্শ করলেন পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। ওয়াসফিয়া সম্প্রতি সাতটি মহাদেশের সাতটি শীর্ষ পর্বতশৃঙ্গে আরোহণ করে দেশের জন্য গর্ব বয়ে নিয়ে এসেছেন। নারী বলে নয় কেবল, যে কেউই চ্যালেঞ্জ নিয়ে তা করে দেখালে তাতে মানুষেরই জয় হয়, দেশেরই সাফল্য হিসেবে তা পরিচিত হয়। আমরা আমাদের এই সফল তরুণীদের অভিনন্দন জানাই।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পুরুষ খেলোয়াড়দের দলও বটে। সেদিক থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নারী ক্রিকেট দলের খেলতে পারার ঘটনার অর্থ, নারী ক্রিকেটাররাও পুরুষ ক্রিকেটারদের মতোই অধ্যবসায় আর নৈপুণ্যে নিজেদের এগিয়ে নিচ্ছেন। হয়তো আন্তর্জাতিক স্তরে বাংলাদেশি ক্রিকেটের জয়যাত্রা তাঁদেরও অনুপ্রাণিত করে থাকবে। প্রথম আলোর এক সাড়া জাগানো প্রতিবেদন এবং তা থেকে নির্মিত তথ্যচিত্রে ময়মনসিংহের এক প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ের কিশোরীদের প্রবল মনোবল আর চেষ্টার ইতিহাস এখন অনেকেই জানেন।
একদিকে শিক্ষাক্ষেত্রে নারীরা ক্রমেই পুরুষদের পাশাপাশি, কোনো কোনো ক্ষেত্রে এগিয়েও থাকছেন। জাতীয় ক্রীড়াক্ষেত্রে যেখানে নারীদের পদচারণ একসময় ‘অস্বাভাবিক’ ভাবা হতো, সেখানে নারী ক্রিকেট দল ও নারী ফুটবল দলের সাফল্য মাইলফলক বটে। বিগত অলিম্পিকেও বাংলাদেশের অলিম্পিয়ান নারীরা সাফল্য পেয়েছেন। দলবদ্ধ ও ব্যক্তিগত—উভয় ক্ষেত্রেই নারীদের এই জয়যাত্রা জাতীয় আত্মবিশ্বাসকেই বাড়িয়ে দেবে। দিনের শেষে, নারীর অর্জনের অংশীদার তো সমগ্র সমাজই এবং সমাজের কোনো নারীর সাহসী বিজয় সমগ্র সমাজকেই আনন্দিত করার কথা।
সুযোগ পেলে মেয়েরা যে কত কিছু জয় করতে পারে, ওপরের তিনটি ঘটনা তার প্রমাণ। এ থেকে সবারই শেখার আছে।