বিভিন্ন খাতে দুর্নীতির মাত্রা নিয়ে জরিপের ফল প্রকাশ করায় বিভিন্ন মহলের তোপের মুখে পড়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গত রোববার টিআইবির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে কুমিল্লা ও চট্টগ্রামে তিনটি মামলাও হয়। যদিও কুমিল্লার মামলাটি আদালত খারিজ করে দিয়েছেন। চট্টগ্রামের মামলায় বিবাদীদের আদালতে হাজির হতে শমন জারি করা হয়েছে। কুমিল্লার মামলাটি দায়ের করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির এক সদস্য। সব ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে যাঁদের অবস্থান তাঁরা সরকারের সুরে কথা বললে সন্দেহের কারণ আছে বৈকি। বাদী টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেছেন, বিচার বিভাগকে হেয় করায় তিনি মামলা করেছেন। মন্ত্রীরাও একই কথা বলছেন। কোথায়, কীভাবে বিচার বিভাগকে হেয় করা হয়েছে, তার ব্যাখ্যা তাঁরা দেননি। সরকারের একাধিক মন্ত্রী জরিপের সঙ্গে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি অপ্রাসঙ্গিকভাবে টেনে এনেছেন। ভুক্তভোগীদের অভিজ্ঞতার আলোকে দুর্নীতি নিয়ে টিআইবির জরিপ নতুন নয়। এ জরিপে কোথাও অনিয়ম হয়ে থাকলে সরকার তথ্য-প্রমাণ হাজির করতে পারত। সেটি না করে এভাবে গয়রহ অভিযোগ কিংবা মামলা দায়ের সংস্থাটির পেশাগত কাজে অযাচিত হস্তক্ষেপ ছাড়া কিছু নয়। টিআইবির জরিপে বিচার বিভাগ, পুলিশসহ সেবা খাতের কিছু প্রতিষ্ঠানে দুর্নীতি আগের তুলনায় বাড়ার যে চিত্র হাজির করা হয়েছে, তা আমলে নিলে প্রতিষ্ঠানগুলো অধিকতর স্বচ্ছ ও গতিশীলই হবে। এ ধরনের জরিপ বাঁকা চোখে দেখা ঠিক নয়। টিআইবির জরিপে কেবল দুর্নীতি বাড়ার কথাই বলা হয়নি, যেসব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ে দুর্নীতি কমেছে, তাও বিবৃত হয়েছে। বিশ্বে এমন কোনো দেশ নেই, যেখানে দুর্নীতি নেই। থাইল্যান্ড-দক্ষিণ কোরিয়া-মালয়েশিয়ায় দুর্নীতি থাকার পরও সেখানে অর্থনৈতিক ও মানবিক উন্নতি সম্ভব হয়েছে দুর্নীতির বিরুদ্ধে প্রতিকারমূলক ব্যবস্থা থাকার কারণে। দুর্নীতির মাত্রা নিরূপণ সেই প্রতিকারমূলক ব্যবস্থারই প্রাথমিক পদক্ষেপ। প্রাথমিক পদক্ষেপটিই যদি এ রকম বিরোধিতার মুখে পড়ে, তাহলে দেশে দুর্নীতি কমবে কীভাবে? দুর্নীতি সম্পর্কে জরিপের সঙ্গে মানুষের তথ্য জানার অধিকারেরও সম্পর্ক রয়েছে। দৈনন্দিন ক্ষেত্রে সাধারণ মানুষের কিছু প্রতিষ্ঠানের সেবা প্রয়োজন হয়ই, যেমন—আদালত, পুলিশ, হাসপাতাল ইত্যাদি। এসব প্রতিষ্ঠানের সেবার মান নিয়ে জনমনে যে সংশয় রয়েছে, জরিপের মাধ্যমে তা-ই আসলে সরকারের কাছে উপস্থাপিত হয়। এর মাধ্যমে সরকার ও নাগরিক উভয়ই বাস্তব পরিস্থিতি জানতে পারে বলে করণীয় ঠিক করা সম্ভব হয়। এ জন্য কেবল টিআইবির মতো প্রতিষ্ঠান নয়, সরকারের নিজেরই উচিত স্বাধীনভাবে নির্মোহ দৃষ্টিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হালচাল জানার চেষ্টা করা। টিআইবি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো যে হয়রানিমূলক, তাতে সন্দেহ নেই। একটি গবেষণা-প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা কেবল দেশের ভাবমূর্তিই নষ্ট করবে না, সরকারের দুর্নীতিবিরোধী অভিযানও ক্ষতিগ্রস্ত করবে। এর ফলে দুর্নীতিবাজেরা আরও বেপরোয়া হবে এবং সেবাপ্রার্থীরা বঞ্চিত হবে। সেটি নিশ্চয়ই কারও জন্য মঙ্গল বয়ে আনবে না। অবিলম্বে মামলাগুলো প্রত্যাহার করে সংস্থাটিকে পেশাগত দায়িত্ব পালনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে—এটাই প্রত্যাশিত।