গত মঙ্গলবার ঢাকায় দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় সংস্থাটির চেয়ারম্যানের দায়িত্ব পালনকারী কর্মকর্তা মো. সাহাবুদ্দিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) ‘ঘরের শত্রু বিভীষণ’ আখ্যা দিয়ে যে বিষোদ্গার করেছেন, তাতে ক্ষমতাসীন সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। দুদকের মতো ‘স্বাধীন’ আধা-বিচারিক কোনো জাতীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ ধরনের একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রথমত, মো. সাহাবুদ্দিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ভিন্ন ভিন্ন কর্মপদ্ধতিকে একাকার করে দেখেছেন, যা এ বিষয়ে তাঁর অজ্ঞতার পরিচায়ক। টিআইয়ের বৈশ্বিক দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদনের সঙ্গে টিআইবির কোনো ধরনের কোনো সম্পর্কই যে নেই, দুদক কর্মকর্তাদের তা জানা থাকা উচিত। দ্বিতীয়ত, দুদকের দায়িত্ব দুর্নীতি দমনের লক্ষ্যে কাজ করা, যেসব প্রতিষ্ঠান দুর্নীতির চিত্র তুলে ধরার মধ্য দিয়ে দুর্নীতি দমনের কাজে সহায়তা করতে চায়, তাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো নয়।
মো. সাহাবুদ্দিন ‘নির্দ্বিধায় ও নিঃসংকোচে’ বলেছেন, টিআইবি ‘একটি বিশেষ গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।’ এ ধরনের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য অতীতে বিভিন্ন সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এমন উক্তি করে থাকেন বিভিন্ন সরকারের মন্ত্রীরা, সরকারি দলের নেতারা। সেই একই সুরে দুদকের সুর মেলানোর মধ্য দিয়ে দুর্ভাগ্যজনকভাবে স্পষ্ট হয়ে উঠল দুদকের স্বাধীন অবস্থানের কত অবনমন ঘটেছে।
দুদকের ভূতপূর্ব চেয়ারম্যান আক্ষেপের সুরে দুদককে ‘নখদন্তহীন’ বলে বর্ণনা করেছিলেন এবং জনমনেও দুদক সম্পর্কে এই ধারণাই প্রবল। মো. সাহাবুদ্দিনের সাম্প্রতিক উক্তি দুদক সম্পর্কে জনগণের এই ধারণা প্রবলতরই করবে। রাজনৈতিক নেতাদের মতো অমূলক কথাবার্তা বলার বদলে দুদকের কর্মকর্তাদের উচিত এমন কাজ করা, যার ফলে দুদকের ‘নখদন্তহীন’ ভাবমূর্তির মোচন ঘটে, যেন সত্যিকারের একটি স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে দুদক জনগণের শ্রদ্ধা অর্জন করতে পারে। এই কাজে টিআইবির মতো দুর্নীতিবিরোধী সংস্থাকে দুদক সহযোগীর ভূমিকায় পেতে পারে।