টিআইবির প্রতিবেদন: সংসদের ব্যর্থতারই ফসল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিআইবির গত ১৪ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে সংসদ ও সংসদের বাইরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে। প্রধানমন্ত্রী এর মধ্যে গণতন্ত্রকে ধ্বংস করে অনির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরের ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন। স্পিকার প্রতিবেদনটিকে অবমাননাকর বলে আখ্যায়িত করেছেন। তথ্য ও বাণিজ্যমন্ত্রী এটিকে প্রত্যাখ্যান করেছেন। আমাদের কিছু জ্যেষ্ঠ সাংসদ প্রতিবেদনটি শুধু প্রত্যাখ্যানই করেননি, তাঁরা সংসদীয় ‘প্রিভিলেজ’ বা ‘বিশেষ অধিকার কমিটি’র বৈঠক ডেকে সেখানে টিআইবিকে তলব করার প্রস্তাব করেছেন। এমনকি কেউ কেউ টিআইবির কার্যক্রম বন্ধ করারও দাবি জানিয়েছেন।স্মরণ করা যেতে পারে যে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন ‘স্কানিং’ বা পরীক্ষা-নিরীক্ষা এবং জনমত জরিপের ভিত্তিতে টিআইবির প্রতিবেদনে দাবি করা হয় যে আমাদের বর্তমান সাংসদদের ৯৭ শতাংশ অনৈতিক কাজের সঙ্গে জড়িত। আমাদের ক্ষমতাসীনেরা গবেষণালব্ধ এ উপসংহার ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করলেও পরবর্তী সময়ে গণমাধ্যম পরিচালিত অনলাইন জরিপেও একই মতামত প্রতিফলিত হয়েছে। উদাহরণস্বরূপ, প্রথম আলো (১৫ অক্টোবর ২০১২) পরিচালিত জরিপে তিন হাজার ৮৫৫ জন অংশগ্রহণকারীর মধ্যে তিন হাজার ৫৭২ জন বা ৯৩ শতাংশ ‘১৪৯ সাংসদের মধ্যে ৯৭ শতাংশই নেতিবাচক কার্যক্রমে জড়িত—টিআইবির এই প্রতিবেদনের সঙ্গে আপনি কি একমত?’ এ প্রশ্নের ‘হ্যাঁ’ উত্তর দেন। একই দিনে যুগান্তর পরিচালিত জরিপে ২২ হাজার ৬০৫ জন অংশগ্রহণকারীর মধ্যে ১৬ হাজার ২৫৬ জন বা ৭২ শতাংশই মনে করেন যে ‘টিআইবির জরিপ অনুযায়ী ৯৭ শতাংশ সাংসদ নেতিবাচক কার্যক্রমে জড়িত।’ এটি সুস্পষ্ট যে টিআইবিকে দোষারোপ করা হলেও দুর্ভাগ্যবশত বহু নাগরিকের মনেই আমাদের সাংসদদের অনেকের সম্পর্কে একটি নেতিবাচক ধারণা গড়ে উঠেছে, সংস্থাটি ‘দুঃসংবাদ বহন’ করেছে মাত্র। আমাদের সংসদীয় পদ্ধতিতে বিশেষ অধিকার কমিটিরই দায়িত্ব সংসদের সুনাম যাতে ক্ষুণ্ন না হয় তা নিশ্চিত করা। তাই জ্যেষ্ঠ সাংসদদের সঙ্গে আমরাও একমত যে টিআইবির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সংসদীয় বিশেষ অধিকার কমিটিকে সক্রিয় করা আবশ্যক। কারণ, সংসদ সম্পর্কে জনমনে বিরূপ ধারণা বিশেষ অধিকার কমিটির অকার্যকারিতা তথা সংসদের নিজ সদস্যদের কার্যক্রম ‘পুলিশিং’ বা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতারই ফসল।অনেকেরই জানা আছে যে আমাদের সংবিধানের ৭৬(১) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে দুটি স্থায়ী কমিটি, সরকারি হিসাব কমিটি এবং বিশেষ অধিকার কমিটি, গঠনের নির্দেশনা দেওয়া আছে। তাই বিশেষ অধিকার কমিটি একটি অতি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি এবং সংবিধানের ৭৮ অনুচ্ছেদে এ সম্পর্কিত বিশেষ বিধান রয়েছে। কারণ, এই কমিটির ওপরই মূলত সংসদের কার্যক্রম ও কার্যপ্রণালি নিয়ন্ত্রণ তথা সাংসদদের দায়বদ্ধতা প্রতিষ্ঠার মাধ্যমে সংসদের সুনাম রক্ষা করার ক্ষমতা প্রদান করা হয়েছে।সংসদের বিশেষ অধিকার বলতে কী বোঝায়? বিশেষ অধিকার কমিটির কাজই বা কী? সংসদের বিশেষ অধিকার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হলেও আমাদের সংবিধানে এর কোনো সংজ্ঞা নেই। এর সর্বাধিক পুরোনো ও গ্রহণযোগ্য সংজ্ঞা পাওয়া যায় এরেসকাইন মের ট্রিয়েটাইজ অন দ্য ল, প্রিভিলেজেস, প্রসিডিংস অ্যান্ড ইউসেজ অব পার্লামেন্ট (২৩তম সংস্করণ) নামক গ্রন্থে। মের মতে, ‘সংসদের বিশেষ অধিকার হলো কতগুলো স্বতন্ত্র অধিকারের সমষ্টি, যা প্রত্যেক সাংসদ ব্যক্তিগতভাবে এবং সংসদের উভয় কক্ষই উপভোগ করে। এগুলো অন্য কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভোগ করা অধিকারের চেয়ে অতিরিক্ত অধিকার এবং এগুলো ছাড়া সংসদ ও সাংসদেরা তাঁদের দায়িত্ব পালন করতে অক্ষম। তাই যদিও বিশেষ অধিকার রাষ্ট্রীয় আইনের অংশ, তবুও এগুলোর মাধ্যমে অনেকটা সাধারণ আইনের আওতা থেকে তাদের রেহাই দেওয়া হয়।’এসব স্বতন্ত্র অধিকারকে দুইভাবে বিভাজন করা যায়: ১. সাংসদদের দায়মুক্তি-সম্পর্কিত অধিকার এবং ২. সংসদের নিজস্ব কার্যপ্রণালি নিয়ন্ত্রণ করার ক্ষমতা। দায়মুক্তি-সম্পর্কিত অধিকারগুলো হলো: ক. বাক্স্বাধীনতা, খ. দেওয়ানি মামলায় গ্রেপ্তার থেকে অব্যাহতি, গ. জুরি হিসেবে দায়িত্ব পালন থেকে অব্যাহতি, ঘ. সাক্ষী হিসেবে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি এবং ঙ. মানহানিকর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে এমন কাগজপত্র প্রকাশ করার অধিকার।সংসদের নিজস্ব কার্যপ্রণালি নিয়ন্ত্রণ করার ক্ষমতার অন্তর্ভুক্ত হলো: ক. শৃঙ্খলা নিশ্চিত করার অধিকার, খ. সংসদের অভ্যন্তরীণ বিষয়ের ব্যবস্থাপনা বা কার্যপদ্ধতি নিয়ন্ত্রণ-সম্পর্কিত ক্ষমতা, গ. সাংসদদের উপস্থিতি ও কার্যকারিতা নিশ্চিত করার ক্ষমতা, ঘ. তদন্ত করার, সাক্ষী এবং রেকর্ডপত্র তলব করার ক্ষমতা এবং ঙ. সাক্ষীদের শপথ প্রদানের ক্ষমতা। সংসদের বিশেষ অধিকার ক্ষুণ্ন করার জন্য কোনো ব্যক্তিকে শাস্তি প্রদান, এমনকি সাংসদকে সংসদ থেকে বহিষ্কার করা এ অধিকারের অন্তর্ভুক্ত। সংসদের এ ধরনের অধিকারকে শাস্তিমূলক ক্ষমতা বলা হয়।সংসদ ও সাংসদদের বিশেষ অধিকার ক্ষুণ্ন করাকে সংসদ অবমাননা বলা হয়। সংসদ অবমাননা হয় সাধারণত তিনভাবে: সাধারণ নাগরিকেরা সংসদ অবমাননা করতে পারেন। কোনো কর্তৃপক্ষও সংসদ অবমাননা করতে পারে। আবার সাংসদেরা নিজেরাও সংসদ অবমাননার সঙ্গে জড়িত হতে পারেন। সাধারণ নাগরিকদের দ্বারা সংসদ অবমাননা হয় যদি তাঁরা সংসদের তলবে সাড়া না দেন অথবা তলব করা দলিলপত্র দাখিল না করেন। কোনো কর্তৃপক্ষও সংসদ অবমাননার দায়ে অভিযুক্ত হতে পারে, যদি সে কর্তৃপক্ষ সাংসদদের দায়মুক্তির বিধান অমান্য করে। আর সাংসদদের দ্বারা সংসদ অবমাননা হয়, যদি তাঁদের আচরণে সংসদের মর্যাদা জনসমক্ষে ভূলুণ্ঠিত হয়। দুর্নীতি-দুর্বৃত্তায়ন, বিশৃঙ্খল আচরণ ও অন্যান্য অনৈতিক কার্যকলাপ দ্বারা তাঁরা মহান জাতীয় সংসদকে জনগণের সামনে হেয় প্রতিপন্ন করতে পারেন। বিশেষ অধিকার কমিটিরই দায়িত্ব সংসদ অবমাননার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া।নবম জাতীয় সংসদের অনেক সম্মানিত সদস্য বহুবিধ অপকর্মে লিপ্ত হয়েছেন, যার বিরুদ্ধে বিশেষ অধিকার কমিটি এবং সংসদ কোনোরূপ ব্যবস্থা নিতে, এমনকি তদন্ত করতেও ব্যর্থ হয়েছে। এর একটি বড় দৃষ্টান্ত হলো আইনজীবী জমির উদ্দিন সরকারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া। অনেকেরই স্মরণ আছে যে নবম সংসদ গঠিত হওয়ার পর একটি সংসদীয় বিশেষ কমিটি সাবেক স্পিকার এবং বর্তমান সাংসদ জমির উদ্দিন সরকার এবং সাবেক চিফ হুইপ প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত করে দুর্নীতির প্রমাণ পায়। কিন্তু সংসদ অবমাননার দায়ে জমির উদ্দিন সরকারকে সংসদ থেকে বহিষ্কার বা অন্য কোনোরূপ শাস্তি না দিয়ে অভিযোগটি দুদকে পাঠানো হয়, যার মাধ্যমে সংসদ তার নিজ দায়িত্ব এড়িয়ে যায়।গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৮ জন সাংসদ মিথ্যা হলফনামা দিয়ে রাজউকের প্লটের জন্য আবেদন করেছেন (প্রথম আলো, ২৭ জানুয়ারি, ২০১০)। হলফ করে মিথ্যা বলা একটি দণ্ডনীয় অপরাধ। কিন্তু এ অপরাধ কর্মকাণ্ডের জন্য কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমরা শুনিনি। অনেক সংসদ কার্যপ্রণালি বিধি লঙ্ঘন করে নিজেদের স্বার্থ জড়িত আছে এমন সংসদীয় কমিটির সদস্য হয়েছেন এবং কমিটির সদস্যপদ ব্যবহার করে নিজেদের ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করেছেন (প্রথম আলো, ৬ ফেব্রুয়ারি, ২০১০)। কেউ কেউ দখলদারত্বে লিপ্ত হয়েছেন, প্রচলিত আইন ও বিধিবিধান অমান্য করেছেন (যেমন, সরকারের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে লিপ্ত হওয়া, রাজউকের অনুমতি ব্যতিরেকে ইমারত নির্মাণ ইত্যাদি) এবং সরকারি কর্মকর্তাদের মারধর করেছেন, যা সংসদ অবমাননার শামিল। আবার কারও কারও বিরুদ্ধে হত্যা, গাড়ি বাণিজ্য, নিয়োগ-বাণিজ্যসহ নানাবিধ অপরাধ, দুর্নীতিমূলক ও বিশৃঙ্খল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে। এ ছাড়া মিথ্যা হলফনামা দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং যোগ্যতা হারানো সত্ত্বেও ক্ষেত্রবিশেষে আদালতের বদান্যতায় সংসদ সদস্যপদ আঁকড়ে ধরে আছেন। সাংসদদের এসব আচরণের কারণেই মূলত সংসদ সম্পর্কে জনমনে ব্যাপক বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সংসদীয় বিশেষ অধিকার কমিটি এ ব্যাপারে সমপূর্ণ নীরব।প্রসঙ্গত, আমাদের জাতীয় সংসদ নিজ সদস্যদের অসদাচরণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলেও প্রতিবেশী ভারতের চিত্র সম্পূর্ণ ভিন্ন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে শাস্তি প্রদান, এমনকি সংসদ থেকে বহিষ্কার করাও সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা। উদাহরণস্বরূপ, ২০০৫ সালে নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ভারতীয় লোকসভা ও রাজ্যসভা থেকে একযোগে ১১ জনকে বহিষ্কার করা হয়। সংসদ অবমাননার দায়ে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে একটি বড় বাধা হলো, প্রয়োজনীয় আইনের অভাব। আমাদের সংবিধানের ৭৬(৩) এবং ৭৮(৫) অনুচ্ছেদে বিশেষ অধিকার বিষয়ে একটি আইন প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে, কিন্তু গত ৪০ বছরেও যা করা হয়নি। তবে আইনের অভাব সংসদ অবমাননার দায়ে কারও বিরুদ্ধে, বিশেষত নিজ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না। কারণ, বিশেষজ্ঞদের মতে, নিজ কার্যক্রম ও কার্যপ্রণালি নিয়ন্ত্রণ করা সংসদের ‘ইনহারেন্ট’ বা অন্তর্নিহিত ক্ষমতা, সাংবিধানিক বিধানের অনুপস্থিতিতেও এ ক্ষমতা প্রয়োগ করা যায় (Thomas Cooley, A Treatise on the Constitutional Limitations, 1972)। এ ক্ষমতা প্রয়োগ করার ব্যাপারে সংসদের অনীহার কারণেই একটি ‘কালচার অব ইম্পিউনিটি’ বা অন্যায় করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতি গড়ে উঠেছে এবং আমাদের সাংসদদের কারও কারও মনে বেপরোয়া ভাব সৃষ্টি হয়েছে।পরিশেষে স্মরণ রাখা প্রয়োজন যে মাননীয় সাংসদেরা ‘হাউস অব দ্য পিপল’ বা মহান জাতীয় সংসদের সদস্য। তাই তাঁদের আচরণ বিচারের মানদণ্ডে হওয়া উচিত সাধারণ নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য মানদণ্ড থেকে অনেক উঁচু। কারণ, সাংসদের ওপর জনগণের আস্থাহীনতা গণতন্ত্রের ওপর আস্থাহীনতায় রূপান্তরিত হতে পারে। তাই আশা করি, সাংসদেরা উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে না চাপিয়ে, নিজেদের মধ্যে যাঁরা অপকর্মে লিপ্ত আছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যকর উদ্যোগ নেবেন। একই সঙ্গে উদ্যোগ নেবেন সংসদের বিশেষ অধিকার বিষয়ে একটি আইন প্রণয়ন করার। এ ব্যাপারে স্পিকার, সংসদ নেতা ও বিরোধী দলের নেতার নেতৃত্ব কি আমরা আশা করতে পারি? ড. বদিউল আলম মজুমদার: সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)।