খাদ্য অধিদপ্তরের গুদামে পড়ে আছে সোয়া তিন লাখ টন চাল ও গম। দরিদ্র লোকজনের জন্য স্বল্পমূল্যে ভাত-রুটির ব্যবস্থা নিশ্চিত করতে ওএমএস বা ওপেন মার্কেট সেল কর্মসূচির আওতায় এই চাল-গম কিনেছিল সরকার। প্রথমে এ চালের দাম নির্ধারণ করা হয়েছিল কেজিপ্রতি ২৪ টাকা; সাধারণ বাজারের তুলনায় কেজিপ্রতি ছয় থেকে আট টাকা কম। কিন্তু তবু সে চাল বিক্রি না হওয়ায় দাম আরও কমিয়ে নির্ধারণ করা হয় কেজিপ্রতি ২০ টাকা। এখন এই দামেও ওএমএসের চাল বিক্রি হচ্ছে না বলে দাম আরও কমানোর পরিকল্পনা হচ্ছে।
অন্যদিকে টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় সরকার ১ হাজার ২৫৭ কোটি টাকায় কিনেছিল চার লাখ টন চাল-গম। কিন্তু সাংসদেরা এখন এসব খাদ্যশস্য বিক্রি করে টিআর-কাবিখার কাজ চালাতে পারছেন না বলে চাল-গমের পরিবর্তে নগদ টাকা চাইছেন এবং তাঁদের দাবি মেনে নিয়ে সাড়ে ১২শ কোটি টাকার বেশি মূল্যের খাদ্যশস্য মাত্র ৪৫০ কোটি টাকায় বিক্রি করার পরিকল্পনা করা হয়েছে। ৮০০ কোটি টাকা স্রেফ পানিতে ফেলার এই পরিস্থিতি কী করে সৃষ্টি হলো, সেটাই দেখার বিষয়।
সাধারণ বাজারে চালের খুচরা মূল্য কেজিপ্রতি ৩০ টাকার নিচে নামেনি। তাহলে প্রশ্ন হচ্ছে, ওএমএসের চাল কেন কেজিপ্রতি ২০ টাকায়ও বিক্রি হচ্ছে না? ফলে এর মান নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। টিআর-কাবিখার চাল-গমেরও একই অবস্থা। এখন এটা জানা জরুরি যে এই খাদ্যশস্য কীভাবে ও কোন কোন উৎস থেকে কেনা হয়েছিল? মিলমালিকদের কাছ থেকে চাল-গম সংগ্রহ করার সময় কি লক্ষ রাখা হয়েছিল তাঁরা বিদেশ থেকে অল্প দামে নিম্নমানের চাল-গম আমদানি করে সরকারের কাছে বিক্রি করেছেন কি না?
টিআর, কাবিখা, ওএমএস—এগুলো প্রয়োজনীয় গণমুখী কর্মসূচি। অব্যবস্থাপনা ও অনিয়ম-দুর্নীতির কারণেই এ ভালো কর্মসূচিগুলো ব্যর্থ হতে চলেছে। যঁাদের ব্যর্থতা ও লোভ–লালসার কারণে রাষ্ট্রের বিরাট অপচয় ঘটছে, তাঁদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি।