টিপুকে কেউ নির্যাতন করেনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাজনৈতিক হয়রানিমূলক’ কথাটাকেই রাজনৈতিক হয়রানিতে পরিণত করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিক টিপু সুলতানকে নির্যাতনের বিরুদ্ধে জয়নাল হাজারীর বিরুদ্ধে করা মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশ-বিদেশে বহুল আলোচিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত গডফাদার যদি এভাবে খালাস হন, তাহলে আইন, বিচার আর সত্যও কি রাজনৈতিক হয়রানিমূলক! ন্যায়বিচারের দাবিকে যেখানে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ বলে নস্যাৎ করা হয়, সেখানে আইনের শাসন হয়ে ওঠে পরিহাসেরই অন্য নাম। ১৯৯৯ সালে দিল্লিতে জেসিকা নামের এক হোটেল পরিচারিকাকে গুলি করে হত্যা করেন হরিয়ানা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রভাবশালী বন্ধুর ছেলে। ঘটনাটি আদালতে যায় ঠিকই, কিন্তু প্রভাবশালীদের চাপ, ভয়ভীতি ও ঘুষের কারণে আদালতে ঘটনাটি প্রমাণ করা যায়নি। আদালত খুনি মনু শর্মাকে নির্দোষ ঘোষণা করলে ভারতব্যাপী প্রতিবাদ হয়। সে সময় দিল্লির টাইমস অব ইন্ডিয়া পত্রিকা শিরোনাম করে, ‘নো ওয়ান কিলড জেসিকা’—জেসিকাকে কেউ খুন করেনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের পর আমাদেরও কি তাই বলতে হবে, টিপু নির্যাতিত হয়েছেন ঠিকই, কিন্তু কেউ তাঁকে নির্যাতন করেনি!২০০১ সালের ২৫ জানুয়ারি সাবেক সাংসদ জয়নাল হাজারী তাঁর ব্যক্তিগত বাহিনীর লোকজনকে নিয়ে সাংবাদিক টিপুকে ধরে নিয়ে নির্মমভাবে হাত-পা ভেঙে দেন। টিপু সুলতান তখন ফেনী থানায় জয়নাল হাজারীকে প্রধান আসামি করে এজাহার দায়ের করেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। পরে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উচ্চ আদালতের নির্দেশে পুলিশ মামলা রেকর্ড করে। সেই থেকে এতগুলো বছর গেলেও মামলাটির কোনো সুরাহা হয়নি। এই অবস্থায় ২০০৯ সালে ফেনী জেলার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত কমিটির সভায় সর্বসম্মতিক্রমে মামলাটি প্রত্যাহারের জন্য সুপারিশের সিদ্ধান্ত হয়। এই ‘সর্বসম্মতি’র মধ্যে তখন জেলা প্রশাসক, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পাবলিক প্রসিকিউটর—সবাই-ই ছিলেন। সর্বশেষ দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও জয়নাল হাজারীর প্রতি ‘মহাসম্মতি’ দিতে রাজি হয়েছে। একজন গডফাদারকে রক্ষায় রাষ্ট্র, সরকার ও ক্ষমতাসীন দলের এই জোটবদ্ধতা আইনের শাসনের প্রতি বুড়ো আঙুল দেখানো ছাড়া আর কী? বিচারের বাণী নীরবে-নিভৃতে নয়, প্রকাশ্যেই কাঁদছে। জনতার প্রতিবাদের কারণে দিল্লির আদালত জেসিকা লাল হত্যা মামলাটি নতুন করে শুরু করেন এবং খুনি গডফাদার মনু শর্মার যাবজ্জীবন জেল হয়। টিপুর ওপর নির্যাতনের মামলাটি কেবল ফৌজদারি অপরাধ নয়, সাংবাদিক নির্যাতনের এক কালো অধ্যায়। আশা করি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সবাই অপরাধের দায় মুক্তিদাতা হিসেবে চিহ্নিত হবেন না।