টিভি চ্যানেলগুলোর দায়িত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ধসের ঘটনাকে স্বাধীনতার পর এ পর্যন্ত ঘটে যাওয়া সর্ববৃহৎ মানবসৃষ্ট দুর্যোগ হিসেবে যেমন চিহ্নিত করা যায়, তেমনি তা স্মরণীয় হয়ে থাকবে মানুষের প্রতি মানুষের মমতাবোধের উজ্জ্বলতম দৃষ্টান্ত হিসেবে।সরকারি দল, বিরোধী দল বা বিজিএমইএ, বিকেএমইএর মধ্যে মানবতাবোধের ঘাটতি থাকতে পারে কিন্তু এ দেশের সাধারণ মানুষের প্রতি মানুষের মায়া-দয়া এখনো যে শেষ হয়ে যায়নি, রানা প্লাজা ধসের পর নিজের জীবনের প্রতি তুচ্ছমাত্র মায়া না করে উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়া মানুষগুলো হলো তারই প্রমাণ। তাঁদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। মনে হয়, দুর্যোগ মুহূর্তে কার কী কর্তব্য, সেই চেতনাবোধ আমাদের মাথায় কাজ করে না। তা না হলে প্রায় প্রতি ঘণ্টায় ঘণ্টায় টক শো এবং টক শোর মধ্যে অর্থকরী বিজ্ঞাপন ঘন ঘন প্রচার করা বাদ দেওয়া যেত। ওই মানবিক বিপর্যয়ের ঘটনা বারবার সরাসরি প্রচার করে মানুষের মানসিক ভারসাম্য বিপর্যস্ত না করে বরং মৃত ব্যক্তিদের ছবিসহ মৃতদেহের অবস্থান, আহত ব্যক্তিদের নাম-ঠিকানাসহ কোন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন আছেন, সেটাও জানানো যেত। এ ছাড়া নিখোঁজ থাকা ব্যক্তিদের ছবি-নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য অন্তত উদ্ধারকাজ চলাকালীন সময়ে বারবার প্রচার করার সুযোগ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের কাছে ছিল।দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে কোনো খোলা মাঠে চার-পাঁচটা বড় পর্দায় এসব সম্প্রচার করা হলে মৃত, নিখোঁজ ও উদ্ধার হওয়া ব্যক্তিদের মা, ভাই, বোন বা আত্মীয়স্বজনকে ভিড় করে দীর্ঘক্ষণ আহাজারি করতে হতো না। টেলিভিশন চ্যানেলগুলোকে বলছি, অনেক টক শো হয়েছে, হয়তো ভবিষ্যতে বা আরও চলবেও; কিন্তু কাজের কাজ যাতে হয়, সেদিকে একটু দৃষ্টি দেওয়া দরকার নয় কি?এখনো অনেক মানবিক সাহায্যের দরকার, দুর্ঘটনায় অনেক পঙ্গু হয়ে গেছেন, অনেকের সারা জীবনের আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। হতভাগা এসব মানুষ যাতে এই দেশে ভবিষ্যতে দু-মুঠো খেয়ে পরে বেঁচে থাকতে পারেন, সে ব্যাপারে সহায়তা করার জন্য দেশবাসীর কাছে আবেদন জরুরি ভিত্তিতে পৌঁছানো দরকার। মো. আজাদ কামাললক্ষ্মীনারায়ণপুর, মাইজদী কোর্ট, নোয়াখালী।