টিলা কাটছে সরকারি প্রতিষ্ঠান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঙ্গলবারের প্রথমআলোয় প্রকাশিত খবরে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে মাদুরটিলা নামের একটি টিলা কাটছিল সিলেট সরকারি দুগ্ধ খামার কর্তৃপক্ষ। তবে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে এখন টিলা কাটা বন্ধ রয়েছে। দুগ্ধ খামার কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে, দুগ্ধজাত গাভি প্রতিপালনে অসুবিধার কারণে গ্রাহকের চাহিদা মেটাতে পারছে না। এ জন্য গাভির প্রজননের প্রয়োজনে ঘর নির্মাণ করতে টিলা কাটা হচ্ছিল। পরিতাপের বিষয় হচ্ছে, সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন হলেও দুগ্ধ খামার কর্তৃপক্ষের ভাষ্য হচ্ছে, তারা মনে করছে না যে এতে আইন লঙ্ঘিত হয়েছে বা টিলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অথচ প্রথমআলোর প্রতিবেদন অনুযায়ী, টিলার পাদদেশ থেকে শুরু করে টিলার গা ঘেঁষে বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। একেক সারিতে ছয়টি করে তিন দিক থেকে পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। যেদিকে গর্ত খোঁড়া হয়েছে, সেদিকের চূড়া থেকে মাটি ধসে পড়ার উপক্রম হয়েছে। একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ আশা করা যায় না। পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে এখন মাদুরটিলা কাটা বন্ধ রয়েছে কিন্তু কাজটি যেহেতু সরকারি প্রতিষ্ঠান করছে, তাই শেষ পর্যন্ত টিলা কাটা ঠেকানো যাবে কি না, সেই আশঙ্কা থেকেই যাচ্ছে। এমনটি যেন না ঘটে, তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

প্রকাশিত খবর অনুযায়ী, সিলেটে টিলা কেটে বাড়ি বানানোর অভিযোগে ১১ মে যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। আমরা চাই, আইন সবার জন্যই সমানভাবে কাজ করুক। সরকারি প্রতিষ্ঠান বলে তারা যেন কোনো ছাড় না পায়।