টিলা কাটা ও শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় বা টিলা কাটা নিষিদ্ধ ও শাস্তিমূলক অপরাধ হলেও তা বন্ধ হচ্ছে না। এতে একদিকে যেমন গাছপালা নিধন হচ্ছে, তেমনি জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। হুমকিতে পড়ছে মানুষের জীবনও। সিলেটের কোম্পানীগঞ্জে একটি টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মর্মান্তিক এক ঘটনায় মাটিচাপায় দুই শ্রমিকের নিশ্চিত মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় গ্রাম পুলিশের সূত্রে পাওয়া নামের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবশ্য ছয়জন শ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছেন।
প্রথম আলোর খবর অনুযায়ী, গত সোমবার ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা খুঁড়ে পাথর তোলার সময় এই ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী তিন পাথর ব্যবসায়ী দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিকদের দিয়ে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের কাজ করাচ্ছিলেন। নিষ্ঠুর ব্যাপার হচ্ছে, এই ব্যবসায়ীরা শ্রমিকদের নিহত হওয়ার খবরটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে নিহত শ্রমিকদের লাশ তাঁদের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন ছয়জনের মৃত্যুর কথা বললেও পুলিশের কাছে শুধু দুজন শ্রমিক নিহত হওয়ার খবর রয়েছে।
সিলেটে আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, এই তিন ব্যবসায়ী ২০০৯ সাল থেকে টিলাটি কেটে চলেছেন। ২০১২ সালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর বিরুদ্ধে মামলা করে। মামলার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট কোম্পানীগঞ্জসহ ছয়টি উপজেলার পাহাড় ও টিলা কাটার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপরও এই তিন পাথর ব্যবসায়ী কী করে দীর্ঘদিন ধরে টিলা কেটে পাথর উত্তোলন করছেন, তা বিস্ময়ের। তাঁরা প্রভাবশালী বলেই কি প্রশাসনসহ সংশ্লিষ্টরা নীরব রয়েছে?
তবে শুধু কোম্পানীগঞ্জেই নয়, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে টিলা কাটা চলছে। কেউ টিলা কেটে মাটি বিক্রি করছেন, কেউ বাড়ি বানাচ্ছেন, কেউ বানাচ্ছেন মার্কেট। এভাবে আর কত দিন চলবে? এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে যেমন পরিবেশের বিপর্যয় ঠেকানো যাবে না, তেমনি ঠেকানো যাবে না মানুষের মৃত্যুও।
সরকারকে এখনই এ ব্যাপারে উদ্যোগ নিতে হবে। কোম্পানীগঞ্জের ওই তিন পাথর ব্যবসায়ীসহ পাহাড় ও টিলা কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।