টিলা কেটে বাগান উজাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্পাদকীয়

সরকারি সম্পদ ও সম্পত্তি বেহাত বা দখল হওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর সঙ্গে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার যোগসাজশের বিষয়টি প্রায়ই খবর হতে দেখি আমরা।

তেমনই হবিগঞ্জের বাহুবল উপজেলার রূপাইছড়া রবার-বাগানের প্রায় ১৯ একর ভূমি হাতছাড়া হয়ে গেছে। জায়গা দখল করে গাছ কাটা আর বালু উত্তোলনের জন্য অস্তিত্ব হারানোর ঝুঁকিতে পড়েছে সরকারি মালিকানাধীন এ বাগান।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, দেশে রাষ্ট্রমালিকানাধীন ১৭টি রবার-বাগানের ৪টিই হচ্ছে সিলেট বিভাগে। তার মধ্যে অন্যতম হবিগঞ্জের রূপাইছড়া বাগান। পাহাড়ি টিলা আর সমতল ভূমি নিয়ে বাগানটির মোট আয়তন ১ হাজার ৯৬৩ একর। কিন্তু ইতিমধ্যে পশ্চিম ও উত্তর দিকে অবস্থিত দুটি উঁচু টিলা কেটে মাটি সরিয়ে ফেলা হয়েছে। টিলার গাছগুলো আগেই কেটে ফেলা হয়েছিল। সবুজ বাগানটির আরও কয়েকটি স্থান থেকে গাছ কেটে নেওয়া হয়েছে। প্রতি রাতে টিলা থেকে মাটি কাটা হচ্ছে। কেউ বাধা দিচ্ছে না।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুটিজুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি মো. মুদ্দত আলী বাগানের ভেতরের ৩ একর ভূমি নিজের দাবি করে প্রায় ১৯ একর জায়গা দখল করে রেখেছেন। পাশাপাশি বাগানের ভেতরে প্রবাহিত শ্মশানছড়া থেকেও বালু উত্তোলন করছেন। অরক্ষিত থাকায় যে যেভাবে পারছেন, পাহাড় ও গাছ কেটে নিয়ে যাচ্ছেন। কর্তৃপক্ষ কখনোই কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। মুদ্দত আলীর মাটি ব্যবসার কারণে ওই এলাকায় ৭ বিঘা আয়তনের একটি খেলার মাঠ, মাঠের পূর্ব দিকে রবার-বাগানের আরও ১০ একর নার্সারি জায়গা ও ১২ ফুট প্রস্থের সড়ক বিলীন হয়ে গেছে।

তবে মুদ্দত আলীর দাবি, তাঁর ব্যক্তিমালিকানাধীন পাহাড়-টিলা থেকেই মাটি কাটছেন তিনি। এ জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে বালু উত্তোলনের অনুমোদন রয়েছে তাঁর। যদিও আইনে বলা আছে, চা-বাগান, পাহাড় বা টিলার ক্ষতি হয়, এমন জায়গা থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। তাঁর বিরুদ্ধে বাগান কর্তৃপক্ষ মামলা করলেও কতিপয় কর্মকর্তা ও স্থানীয় থানার সহযোগিতায় সহজেই তিনি পার পেয়ে গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। পরিবেশের ক্ষতি করে টিলার অস্তিত্বহানি ও বাগানটির এ করুণ পরিস্থিতির জন্য কর্তৃপক্ষকে অবশ্যই দায় নিতে হবে। বাগানটির নিরাপত্তা নিশ্চিত করা হোক ও দখল হওয়া জমিও উদ্ধার করা হোক।