রাজধানীর নদী ও পরিবেশদূষণ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হাজারীবাগের চামড়াশিল্প সাভারে সরিয়ে নেওয়ার শেষ সময়সীমা চলে আসছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গত অক্টোবরে বলেছিলেন, ৩০ ডিসেম্বরের মধ্যে ট্যানারি কারখানাগুলো সাভারে সরানো না হলে ১ জানুয়ারি থেকে হাজারীবাগে গ্যাস, বিদ্যুৎসহ সব সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। পরিহাসের বিষয়, ২০০৩ সালের জুন মাসে দেওয়া উচ্চ আদালতের নির্দেশের পর থেকে এটি নিয়ে দশমবারের মতো সময়সীমা বেঁধে দেওয়া হলো।
হাজারীবাগ থেকে ট্যানারি সরালে বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীদূষণ ৩০ শতাংশ কমে যাবে বলে জানিয়েছেন অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান। সোমবারের প্রথম আলোর সংবাদে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য হলো, এ মাসের মধ্যেই সবগুলো ট্যানারির স্থানান্তর সম্পন্ন হবে। কার্যত ইতিমধ্যে সাভারের হেমায়েতপুরে বিসিকের নবনির্মিত চামড়াশিল্পনগরীতে কেবল ৩০টি কারখানা স্থানান্তরিত হয়েছে।
হাজারীবাগের ট্যানারিশিল্পের অর্থনৈতিক গুরুত্ব অনেক। কিন্তু শহরের মাঝখানে এ রকম পরিবেশবিনাশী শিল্প চলতে পারে না। যুগের পর যুগ ধরে হাজারীবাগের যাবতীয় দূষিত ও বিষাক্ত উপাদান বুকে নিয়ে বুড়িগঙ্গা নদীর অবস্থাও জেরবার। এই শিল্পে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য হুমকির দিকটিও আর উপেক্ষা করা যাবে না। নতুন বছরে চামড়াশিল্পের বর্জ্য থেকে রাজধানীর মুক্তি এখন সময়ের দাবি।
ট্যানারি সরানোর জন্য ২০০১ সালে উচ্চ আদালতের নির্দেশ বাস্তবায়নের কাজ ১৫ বছরেও শেষ না হওয়া খুবই হতাশার বিষয়। বিসিক কর্তৃপক্ষও সময়মতো অবকাঠামো নির্মাণকাজ শেষ করতে পারেনি। শিল্প স্থানান্তরে ব্যর্থ কারখানাগুলো উচ্চ আদালতের নির্দেশে গত ৩১ মার্চ থেকে জরিমানা দিয়ে আসছে। কিন্তু শিল্পমন্ত্রীর কথা অনুযায়ী ১ জানুয়ারি থেকে হাজারীবাগকে চামড়ামুক্ত করতে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। সাভারের চামড়াশিল্প নগরের অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচালনের মান প্রথম শ্রেণির করায় ট্যানারি মালিক সমিতি ও বিসিকের মধ্যে সমন্বয়ও দরকার।