জনগণের মধ্যে এখন এই ধারণা বেশ জোরালো যে নির্বাচন কমিশন (ইসি) যেখানে হাত দেয়, সেখানেই সর্বনাশ হয়। এই সাংবিধানিক প্রতিষ্ঠানের দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁদের প্রথম ও প্রধান কর্তব্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। সেই কাজটি যে তাঁরা সুষ্ঠুভাবে করতে পারেননি, তার প্রমাণ ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং চলমান উপজেলা নির্বাচন। এ নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হলেও ইসির অবস্থান হলো ‘কানে দিয়েছি তুলো, চোখে দিয়েছি ঠুলি’।
ইসি যখন ভোট গ্রহণে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন চালু করে, তখনই বিভিন্ন মহল থেকে প্রবল আপত্তি উঠেছিল। প্রথমত, আপত্তির কারণ ছিল অতিরিক্ত দামে ইভিএম কেনা। এর আগে বুয়েট উদ্ভাবিত ইভিএম যে দামে কেনা হয়েছিল, তার আট গুণ দামে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি থেকে ইভিএম কেনা হয়। এ নিয়ে বিশেষজ্ঞরাও প্রশ্ন তুলেছেন। তখন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, এটি পরীক্ষামূলক এবং ৩০০ আসনের মধ্যে মাত্র ৬টি আসনে ইভিএম চালু হবে।
কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হলো, সেই ছয়টি আসনেও তারা ইভিএম দিয়ে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ করতে পারেনি। অনেক কেন্দ্রে দীর্ঘ সময়ের জন্য মেশিন অকেজো ছিল, কারিগরি ত্রুটির কারণে ফলাফলও ঘোষণায় অযথা দেরি হয়েছে। এরপর ইসি কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধান কিংবা সরবরাহ প্রতিষ্ঠানটিকে কোনো জবাবদিহি না করেই ২৪ মার্চ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে গোপালগঞ্জ সদর ও মানিকগঞ্জ সদর উপজেলায় ইভিএমের সঙ্গে ট্যাব সরবরাহ করে। রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের ফল সংগ্রহ করতে গিয়ে দেখেন, ট্যাবের মাধ্যমে পাঠানো ফল ভুল। শেষ পর্যন্ত ট্যাবের মাধ্যমে পাঠানো তথ্য বাতিল করে পুরোনো পদ্ধতিতে ফল সংগ্রহ করা হয়। এরপর সংস্থাটি পরবর্তী ধাপে ট্যাব ব্যবহার না করার সিদ্ধান্ত নেয়। ইসির এসব কাজকর্মকে তুঘলকি কাজ বলা ছাড়া আর কী বলার আছে!
যে ট্যাব কোনো কাজে লাগেনি, সেগুলো উপজেলা নির্বাচনে ব্যবহারের জন্য কেন ইসি ৪৬ কোটি টাকা ব্যয়ে ৪২ হাজার ২০০ ট্যাব কিনল,
সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসির কর্তাব্যক্তিরা গাঁটের টাকা দিয়ে ইভিএম ও ট্যাব কেনেননি। কিনেছেন জনগণের করের অর্থে। প্রতিটি টাকার হিসাব দরকার। একজন নির্বাচন কমিশনার বলেছেন, ট্যাব ব্যবহারের আগে যাঁরা এটি চালাবেন, তাঁদের প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল। তাহলে কেন
কর্মীদের প্রশিক্ষণ না দিয়ে তাঁরা ট্যাব ব্যবহার করলেন? কেন ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়া?
অনেক বিশেষজ্ঞের মতে, ইভিএমএ গৃহীত ভোটের ফলাফল পাঠাতে ট্যাবের প্রয়োজনই ছিল না। যে মেশিনে ভোট নেওয়া হয়, সেই মেশিনের সার্ভার ব্যবহার করে ফলাফল দ্রুততম সময়ে যেকোনো স্থানে পাঠানো সম্ভব। তাহলে একবার ইভিএম আরেকবার ট্যাব কেনার নামে কেন জনগণের অর্থ ব্যয় করা হলো? ইভিএম ও ট্যাব কেনা, ব্যবহার নিয়ে যেসব অভিযোগ এসেছে, তার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া প্রয়োজন। ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও জনগণের অর্থ নিয়ে নয়ছয় করার অধিকার তাদের নেই।
পত্রিকার খবরে এসেছিল, সরকার সময়মতো অর্থছাড় না করায় ইসি সব ইভিএম কিনতে পারেনি। এখন মনে হচ্ছে, সরকার অর্থছাড় না করে ভালোই করেছে, অন্তত তাতে অপচয় কিছুটা কমেছে। ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব না হলেও ইভিএম ট্যাব কেনা নিয়ে
যেসব দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এসেছে, তার সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য তদন্ত এবং তা জনসমক্ষে প্রকাশ করার দায় তাঁর রয়েছে। সাংবিধানিক এই প্রতিষ্ঠানের ভাবমূর্তি ব্যক্তিগত বা গোষ্ঠীগত ইচ্ছা-অনিচ্ছার কাছে জিম্মি হতে পারে না।